সম্প্রতি দেবের তরফে ‘টনিক ২’-এর আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই টলিপাড়ায় শুরু হয়েছে জোর জল্পনা। প্রথম ছবির সাফল্যের অন্যতম স্তম্ভ ছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর চরিত্র ছাড়া ‘টনিক’-এর গল্প যেন অসম্পূর্ণ বলেই মনে করেন সিনেপ্রেমিকরা।

শেষ আপডেট: 2 January 2026 18:57
দ্য ওয়াল ব্যুরো: দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায়—এই দু’জনের অনবদ্য রসায়নই ‘টনিক’ ছবিকে দর্শকমনে আলাদা জায়গা করে দিয়েছিল। পরিচালক অভিজিৎ সেনের ফ্রেমে যে চিত্রনাট্য় প্রাণ পেয়েছিল, তা বাংলা ছবির দর্শকদের বেশ মনের কাছে জায়গা করে নেয়। উল্লাস, আবেগ আর জীবনের প্রতি এক গভীর চেতনাবোধের গল্পে পরাণ বন্দ্যোপাধ্যায়ের অভিনয় আজও দর্শকের স্মৃতিতে উজ্জ্বল। তাই ‘টনিক ২’-এর ঘোষণা হতেই সবার প্রথম যে প্রশ্নটা উঠে এসেছে, তা হল—সিক্যুয়েলেও কি দেখা যাবে প্রবীণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে?
সম্প্রতি দেবের তরফে ‘টনিক ২’-এর আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই টলিপাড়ায় শুরু হয়েছে জোর জল্পনা। প্রথম ছবির সাফল্যের অন্যতম স্তম্ভ ছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর চরিত্র ছাড়া ‘টনিক’-এর গল্প যেন অসম্পূর্ণ বলেই মনে করেন সিনেপ্রেমিকরা। সেই কারণেই সিক্যুয়েলেও তাঁর উপস্থিতি নিয়ে দর্শক মনে প্রত্যাশা তুঙ্গে।
যদিও ছবির কাস্ট নিয়ে এখনও ধোঁয়াশা বর্তমান । তবু ইন্ডাস্ট্রির অন্দরমহলে খবর, ‘টনিক ২’-এর গল্পে পরাণ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেই পারে। দর্শকের আবেগ এবং প্রথম ছবির জনপ্রিয়তাকে মাথায় রেখেই নির্মাতারা এই চরিত্রটিকে ধরে রাখতে চাইছেন—এমনটাই ছিল জল্পনা। এবার সত্যির খোঁজে সেই পরাণ বন্দ্যোপাধ্য়ায়ের কাছেই পৌঁছে গেল 'দ্য় ওয়াল'.
কাছের ফাঁকে সুযোগ বুঝেই প্রশ্ন ছুড়ে দেওয়া হল প্রবীণ অভিনেতাকে, "আপনি কি থাকছেন ছবিতে?"
পরাণ বন্দ্যোপাধ্যায়: কী করব বুঝতে পারছি না তো এখন। হ্যাঁ-ও বলিনি, না-ও বলিনি। প্রস্তাব এসেছে। সে আজকে নাকি! এই ছবির কাজ যখন চলছে তখনই। সেটে এই নিয়ে কত হই-হই। দেখা যাক কী হয়।
অর্থাৎ ছবিতে থাকার সম্ভাবনাকে উড়িয়ে দিলেন না একেবারেই। সব মিলিয়ে, পরাণ বন্দ্যোপাধ্যায় যদি সত্যিই ‘টনিক ২’-এ ফেরেন, তবে তা নিঃসন্দেহে ছবির প্রতি দর্শকের আগ্রহ আরও কয়েকগুণ বাড়িয়ে দেবে, তা বলাই বাহুল্য়। আপাতত আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় টলিপাড়া ও সিনেমাপ্রেমীরা—পুরনো সেই প্রিয় জুটিকে আবার বড় পর্দায় দেখার আশায় দিন গুনছেন সকলে।