রাতে গরম দুধের সঙ্গে মাখনা খেলে চুল পড়া রুখবে, এমন দাবিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সত্যিই কি এতে উপকার পাওয়া যায়? বিশেষজ্ঞদের কী মত, জানুন বিস্তারিত।

এআই দিয়ে তৈরি ছবি
শেষ আপডেট: 27 September 2025 16:23
দ্য ওয়াল ব্যুরো: চুল পড়া আজকের দিনে সবচেয়ে বড় স্বাস্থ্য সমস্যাগুলির মধ্যে একটি। কিশোর থেকে শুরু করে কর্মজীবী মানুষ, বয়স নির্বিশেষে এই সমস্যায় ভুগছেন। এতে অনেকেই মনে করেন যেন নিজেদের পরিচয়েরই এক অংশ হারিয়ে ফেলছেন।
ইন্টারনেট জুড়ে নানা 'ম্যাজিক ফুড'-এর দাবি ভেসে বেড়ায়। সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এমন একটি রিল, যেখানে বলা হচ্ছে রাতে গরম দুধের সঙ্গে মাখনা খেলে নাকি চুল পড়া বন্ধ হয়ে যায়। কিন্তু আদৌ কি তা সম্ভব? খোঁজ নিয়েছে দ্য ওয়াল।
পুষ্টিবিদ নিধি নাহাটা জানাচ্ছেন, কোনও একটি খাবার দিয়ে চুল পড়া আটকানো যায় না। মাখনাও এর ব্যতিক্রম নয়। কারণ চুল পড়ার সমাধান কোনও খাবার হঠাৎ করে দিতে পারে না। চুলের স্বাস্থ্য নির্ভর করে একাধিক বিষয়ের উপর, স্ট্রেস লেভেল, হরমোনের পরিবর্তন, ঘুম, হজমশক্তি এবং জীবনযাত্রা।
তবে রাতে গরম প্ল্যান্ট-বেসড দুধের সঙ্গে মাখনা খাওয়ার অভ্যাস একেবারেই অর্থহীন নয়। বরং এটা চুলের স্বাস্থ্যের জন্য সহায়ক হতে পারে।
একই মত পুষ্টিবিদ বিদ্ধি চাওলারও। তাঁর মতে, গরম দুধের সঙ্গে মাখনা খাওয়া স্বাস্থ্যকর অভ্যাস হলেও একে চুল পড়ার ওষুধ ভাবা উচিত নয়। এটা সঠিক ডায়েটের অংশ হলে দীর্ঘমেয়াদে ইতিবাচক ফল পাওয়া সম্ভব হবে।
কেন দুধ আর মাখনা ভাল অপশন?
১. ঘুম মানেই বিশ্রামের সময়
বিদ্ধি বলছেন, গরম দুধে থাকে ট্রিপটোফ্যান নামে একটি অ্যামিনো অ্যাসিড, যা ঘুম আনতে সাহায্য করে। মাখনার সঙ্গে মিশে এটি হালকা, পুষ্টিকর স্ন্যাক হয়ে ঘুমের মান ভাল করতে পারে।
২. স্ট্রেস আর কর্টিসল: লুকিয়ে ক্ষতি করে
বিজ্ঞান বলছে, 'কর্টিসল' নামে স্ট্রেস হরমোন বেশি হলে সরাসরি চুল পড়ে। মাখনায় আছে প্রোটিন ও ম্যাগনেসিয়াম। প্রোটিন চুলের মূল উপাদান, আর ম্যাগনেসিয়াম শরীর ও স্নায়ুকে শান্ত রাখতে সাহায্য করে। অল্প মাখনা খেলে মানসিক চাপ কমতে পারে।
৩. গাট অ্যাবজর্পশন—চুলের আসল খাবার
নিধি জানাচ্ছেন, শরীর কেমনভাবে পুষ্টি শোষণ করে, তার উপর চুলের বৃদ্ধি নির্ভর করে। মাখনায় আছে অ্যামিনো অ্যাসিড, আর প্ল্যান্ট মিল্কে থাকে ভিটামিন ই, স্বাস্থ্যকর
ফ্যাট, কখনও ভিটামিন বি১২ আর ডি। হজম ভাল হলে এই সব পুষ্টি সহজে পৌঁছয় চুলের গোড়ায়।
৪. প্রদাহ কমানোর ক্ষমতা
নিধি বলছেন, ‘সাইলেন্ট ইনফ্লেমেশন’ বা শরীরের ভেতরে লুকোনো প্রদাহও চুল পড়ার অন্যতম কারণ। মাখনার অ্যান্টিঅক্সিডেন্ট ও দুধের স্বাস্থ্যকর ফ্যাট এই প্রদাহ কমাতে সাহায্য করে, মাথার ত্বককে সুস্থ রাখে।
বিশেষজ্ঞদের মতে, রাতে গরম দুধের সঙ্গে মাখনা খাওয়ার অভ্যাস চুলের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে, কিন্তু এটা কোনও জাদুকরী সমাধান নয়। বরং স্ট্রেস, ঘুম, হজম ও প্রদাহের মতো গভীর সমস্যাগুলিকে সামলে দীর্ঘমেয়াদে চুলের যত্ন নিতে সাহায্য করবে।