পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 26 September 2025 10:52
দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগেই বিষাদ নেমে এল পুরুলিয়ার বান্দোয়ান লতাপাড়ায়। চতুর্থীর রাতে একই পরিবারের চার সদস্যের রহস্যমৃত্যুতে গোটা এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মা ও তাঁর তিন মেয়ের মৃত্যুতে উজাড় হয়ে গিয়েছে গোটা পরিবারটাই।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন - পিয়া গড়াই (৩০) এবং তাঁর তিন মেয়ে বৈশাখী (১৩), পল্লবী (১০) ও সৌরভি গড়াই (৬)।
স্থানীয়রা জানিয়েছেন, মৃত পিয়ার স্বামী আনন্দ গড়াই বৃহস্পতিবার ঝাড়খণ্ডের হাটে কিছু কাজের জন্য যান। ফিরে এসে দেখেন স্ত্রী ও সন্তানরা অচৈতন্য অবস্থায় পড়ে আছে। তড়িঘড়ি চারজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
মৃতার শ্বশুর রঘুনাথ গড়াই বলেন, “রাত ৮টার দিকে রাতের খাবারের কথা বলে বউমা। আমি খাইনি। ছেলে ১০টার পর ফিরলে দরজা খুলে দিই। ওরা ঘরে ছিল। তখন বউমার ঘরের আলো জ্বলছিল। দরজা খুলে ভিতরে ঢুকতেই দেখা যায় চারজনের শরীর ফ্যাকাসে হয়ে গিয়েছে।”
মৃতরা রাতের খাবার খাওয়ার পরই শুতে চলে যান। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, খাবারে বিষক্রিয়ার ফলে এই দুঃখজনক ঘটনা ঘটতে পারে। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
এ ঘটনায় পরিবারের প্রিয়জন এবং প্রতিবেশীরা শোকস্তব্ধ। পুজোর আগেই এমন ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।