I-PAC ডিরেক্টর ভিনেশ চান্ডেলের গ্রেফতারি নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচন আগে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন।

ছবি: দ্য ওয়াল
শেষ আপডেট: 13 April 2026 23:44
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) ঠিক দশ দিন আগে আইপ্যাক (I-PAC) ডিরেক্টর ভিনেশ চান্ডেলের গ্রেফতারিতে (I-PAC Director Arrest) তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নিজের এক্স (X) হ্যান্ডেলে একটি লম্বা পোস্ট করে তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।
অভিষেক প্রশ্ন তুলেছেন, যখন রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ থাকা উচিত, তখন এই ধরনের পদক্ষেপ কী বার্তা দিচ্ছে? তাঁর মতে, বিরোধীদের সঙ্গে কাজ করলেই গ্রেফতার হতে হবে—এমন ভয় দেখিয়ে আসলে গণতন্ত্রকে ধমক দেওয়া হচ্ছে। এতে নির্বাচনের সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নষ্ট হচ্ছে বলে তিনি দাবি করেন।
তৃণমূল সাংসদ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনে বলেন, যাদের বিরুদ্ধে বড় বড় দুর্নীতির অভিযোগ আছে, তারা শাসক শিবিরে যোগ দিলেই সুরক্ষা পেয়ে যাচ্ছে। অথচ অন্যদের রাজনৈতিক স্বার্থে বেছে বেছে নিশানা করা হচ্ছে। সাধারণ মানুষ এখন এই সবটাই বুঝতে পারছে।
The arrest of Vinesh Chandel, co-founder of I-PAC, barely 10 days before the Bengal elections, is not just alarming- It shakes the very idea of a level playing field.
At a time when WB should be moving toward free and fair elections, this kind of action sends a chilling message:…— Abhishek Banerjee (@abhishekaitc) April 13, 2026
অভিষেক উদ্বেগ প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশন হোক বা ইডি, এনআইএ এবং সিবিআই—গণতন্ত্র রক্ষার প্রতিষ্ঠানগুলো যখন চাপের হাতিয়ার হয়ে দাঁড়ায়, তখন মানুষের ভরসা উঠে যায়। তাঁর মতে, স্পর্শকাতর সময়ে এই এজেন্সিগুলোর অতি-সক্রিয়তা আদতে ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা।
সরাসরি আক্রমণ করে অভিষেক লিখেছেন, ভয় দেখিয়ে স্বাধীনতা কেড়ে নিলে গণতন্ত্র কেবল নামেই অবশিষ্ট থাকে। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির শীর্ষ নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, আগামী ৪ ও ৫ মে যেন তাঁরা বাংলায় থাকেন। সব এজেন্সি দিয়েও বাংলাকে দমিয়ে রাখা বা চুপ করানো যাবে না। তাঁর কথায়, “বাংলা চাপের মুখে মাথা নত করে না, বরং লড়াই করে জবাব দেয়।”