এই সিদ্ধান্তকে ওবেসিটি বা স্থূলতা চিকিৎসার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। কারণ এতদিন পর্যন্ত এই শ্রেণির শক্তিশালী ওষুধগুলি মূলত সপ্তাহে একবার ইনজেকশন হিসেবেই নিতে হতো।

শেষ আপডেট: 23 December 2025 09:24
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলে উষা। ওজন কমানোর (Weight loss) চিকিৎসায় এক নতুন অধ্যায়ের সূচনা হল এদিন। ওজন কমানোর জন্য এই প্রথমবার একটি ট্যাবলেট (weight loss tablet) বা পিল (Pill) GLP-1 ওষুধ অনুমোদন করল আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)। ডেনমার্কের ওষুধ প্রস্তুতকারী সংস্থা নোভো নরডিস্ক (Novo Nordisk)-এর জনপ্রিয় ওজন কমানোর ওষুধ ওয়েগোভি (Wegovy) এবার ইনজেকশনের পাশাপাশি ট্যাবলেট হিসেবেও বাজারে আসছে।
এই সিদ্ধান্তকে ওবেসিটি বা স্থূলতা চিকিৎসার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। কারণ এতদিন পর্যন্ত এই শ্রেণির শক্তিশালী ওষুধগুলি মূলত সপ্তাহে একবার ইনজেকশন হিসেবেই নিতে হতো।
কী এই ওয়েগোভি পিল? (What is Wegovy Pill)
নতুন এই ট্যাবলেট সংস্করণেও রয়েছে একই সক্রিয় উপাদান—সেমাগ্লুটাইড (Semaglutide), যা ওয়েগোভি ইনজেকশন ও ডায়াবেটিসের ওষুধ ওজেম্পিক (Ozempic)-এ ব্যবহৃত হয়। সেমাগ্লুটাইড শরীরের GLP-1 হরমোনের মতো কাজ করে, যা ক্ষুধা কমায়, পেট ভরা থাকার অনুভূতি বাড়ায় এবং ধীরে ধীরে ওজন কমাতে সাহায্য করে (how to lose weight)। নোভো নরডিস্কের দাবি, দিনে একবার খাওয়ার এই পিল ওজন কমানোর জন্য ইনজেকশনের সমান কার্যকর।
কতটা কার্যকর? (Is Wegovy effective?)
নোভো নরডিক্সের প্রকাশিত ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য অনুযায়ী—
কারা উপকৃত হবেন?
নোভো নরডিস্কের মার্কিন মেডিক্যাল প্রধান ডা. জেসন ব্রেটের কথায়, “অনেক রোগীই ইনজেকশন নিতে চান না। তাঁদের জন্য এই ট্যাবলেট এক বড় সুযোগ এনে দিল। এতে চিকিৎসার পরিসর আরও বাড়বে।”
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় প্রতি ৮ জন প্রাপ্তবয়স্কের মধ্যে ১ জন ইতিমধ্যেই কোনও না কোনও GLP-1 ওষুধ ব্যবহার করছেন বলে স্বাস্থ্য গবেষণা সংস্থা KFF-এর দাবি।
দাম কত? (Wegovy price)
মার্কিন বাজারে জানুয়ারি ২০২৬ থেকে ওষুধটি প্রেসক্রিপশনের মাধ্যমে পাওয়া যাবে। নিজ খরচে কিনলে শুরুর ডোজের দাম ১৪৯ ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৩ হাজার টাকার সামান্য বেশি। তবে ডোজ বাড়ার সঙ্গে সঙ্গে দামও বাড়বে, যদিও চূড়ান্ত দাম এখনও প্রকাশ করা হয়নি। যাঁদের বিমা রয়েছে এবং ওষুধের দাম কভার করবে, তাঁদের ক্ষেত্রে কো-পে অনেক কম হতে পারে। এই মূল্য কাঠামোটি নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে নোভো নরডিস্কের চুক্তি হয়েছে।
পার্শ্বপ্রতিক্রিয়া কী? (Wegovy side effects)
ইনজেকশনের মতোই পিলের ক্ষেত্রেও কিছু গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা দেখা গেছে—বমি বমি ভাব, বমি, পেটের অস্বস্তি ইত্যাদি। ট্রায়ালে দেখা গেছে, প্রায় ৭ শতাংশ রোগী পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে ওষুধ বন্ধ করেছেন, যা প্লাসিবো গ্রুপের (৬ শতাংশ) কাছাকাছি।
খাওয়ার নিয়মে কড়াকড়ি
এই পিল অল্প জল দিয়ে খালি পেটে খেতে হবে। ওষুধ খাওয়ার পর ৩০ মিনিট পর্যন্ত কিছু খাওয়া, পান করা বা অন্য ওষুধ নেওয়া যাবে না।
এই নিয়মের কারণেই আগে ডায়াবেটিসের পিল রাইবেলসাস (Rybelsus) খুব বেশি জনপ্রিয় হয়নি বলে চিকিৎসকদের একাংশের মত।
বাজারে বাড়ছে প্রতিযোগিতা
ওজন কমানোর বাজারে নোভো নরডিস্কের বড় প্রতিদ্বন্দ্বী এলি লিলি (Eli Lilly) । তাদের খাওয়ার GLP-1 ওষুধ তথা ট্যাবলেট অরফরগ্লিপ্রন (orforglipron) আগামী গ্রীষ্মে FDA অনুমোদন পেতে পারে বলে আশা করা হচ্ছে। লিলির দাবি, তাদের পিল যে কোনও সময়, খাবার-জল ছাড়াই নেওয়া যাবে—যা অনেক রোগীর কাছে বেশি সুবিধাজনক হতে পারে।
বিশেষজ্ঞদের মত
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রিনোলজিস্ট ডা. জুডিথ কর্নারের মতে, “কার্যকারিতা, নিরাপত্তা আর খরচ—এই তিন দিক থেকেই বিচার করতে হয়। ওয়েগোভি পিল খুব বড় পার্থক্য তৈরি করছে কি না, সেটা এখনও দেখার।” তবে তিনি এটাও মানছেন যে, এই ওষুধগুলির লাভ শুধু ওজন কমানোতেই সীমাবদ্ধ নয়— এতে হৃদরোগের ঝুঁকি কমে, স্লিপ অ্যাপনিয়া কমতে পারে, লিভারের কার্যক্ষমতা উন্নত হয়, হার্ট ফেলিওরের ঝুঁকি কমে।
সব মিলিয়ে, এই ট্যাবলেট আকারে ওয়েগোভির বাজারে আসা ওজন কমানোর চিকিৎসায় এক নতুন দিগন্ত খুলে দিল, যা আগামী দিনে ওবেসিটি চিকিৎসার চেহারাই বদলে দিতে পারে।