টানা এক সপ্তাহ ভেজানো মেথির জল খেলে শরীরে কী কী পরিবর্তন দেখা দিতে পারে? হজম থেকে রক্তে শর্করা নিয়ন্ত্রণ, উপকার পেতে পারেন একাধিক।
.jpeg.webp)
মেথি
শেষ আপডেট: 2 January 2026 16:45
দ্য ওয়াল ব্যুরো: ভোরবেলায় খালি পেটে মেথি ভেজানো জল এখন সোশাল মিডিয়া থেকে শুরু করে স্বাস্থ্যচর্চার আলোচনায় প্রায় নিয়মিত উপস্থিত। হাজার হাজার বছর ধরে ভারতীয় রান্নাঘরে পরিচিত মেথি (Fenugreek Seeds), যার ইতিহাস বহু প্রাচীন। শুধু স্বাদ বা গন্ধ বাড়ানোর উপকরণ হিসেবে নয়, শরীরচর্চা ও আয়ুর্বেদের দুনিয়ায় মেথির গুরুত্ব বরাবরই আলাদা। সাম্প্রতিক গবেষণা ও আয়ুর্বেদীয় ব্যাখ্যা মিলিয়ে বলা হচ্ছে, রাতে ভিজিয়ে রাখা মেথি বীজ সকালে খেলে শরীরের একাধিক কার্যপ্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব পড়তে পারে, তবে সবার ক্ষেত্রে কি একই রকম উপকার হয়?
আয়ুর্বেদ (Ayurveda) মতে, মেথি ভিজিয়ে রাখলে তার হজমক্ষমতা বাড়ে। এতে শরীর সহজে মেথির পুষ্টিগুণ শোষণ করতে পারে। প্রাকৃতিকভাবে মেথিতে রয়েছে ফাইবার, প্রোটিন, আয়রন, ম্যাগনেশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট। জলেতে ভিজিয়ে রাখলে মেথির দ্রবণীয় শর্করার পরিমাণ কমে, ফাইবার বাড়ে। ফলে প্রোটিন ও স্টার্চ সহজে হজম হয়, খনিজ উপাদান শরীরে বেশি মাত্রায় পৌঁছয়, তেতো ভাব কমে এবং সামগ্রিক পুষ্টি গ্রহণের ক্ষমতা বাড়ে।
মেটাবলিজম উন্নত করে
গবেষণা বলছে, নিয়মিত ভেজানো মেথি খেলে ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। ইন্টারন্যাশনাল জার্নাল ফর ভিটামিন অ্যান্ড নিউট্রিশন রিসার্চে (International Journal for Vitamin and Nutrition Research) প্রকাশিত একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে, ভেজানো মেথি গ্লুকোজ মেটাবলিজম উন্নত করতে সাহায্য করে। এতে অ্যাডিপোনেকটিনের মতো উপকারী প্রোটিনের মাত্রা বাড়ে, যা বিশেষ করে টাইপ ২ ডায়াবেটিসে উপকারী। ফলে সামগ্রিক বিপাকক্রিয়া ঠিক থাকলে ওজন নিয়ন্ত্রণেও সুবিধা হতে পারে।
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও মেথির ভূমিকা গুরুত্বপূর্ণ। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন (National Library of Medicine)-এর তথ্য অনুযায়ী, ভেজানো মেথি খেলে রক্তে গ্লুকোজের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমতে পারে। এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নিঃসরণে সাহায্য করে। প্রি-ডায়াবেটিক বা ডায়াবেটিসে আক্রান্তদের ক্ষেত্রে এটি বিশেষভাবে উপকারী বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।
হজম ভাল হয়
হজমের সমস্যায় ভুগছেন এমন মানুষের কাছেও মেথি কার্যকর প্রাকৃতিক উপায়। কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি বা পেট ফাঁপার মতো সমস্যা কমাতে ভেজানো মেথি গ্যাস্ট্রিক স্টিমুল্যান্ট হিসেবে কাজ করে। পাকস্থলীর অভ্যন্তরীণ আস্তরণ ভালো রাখে, হজমের প্রয়োজনীয় এনজাইম নিঃসরণে সাহায্য করে এবং গ্যাস্ট্রিক আলসারের উন্নতিতেও ভূমিকা নেয়।
হার্ট ভাল রাখে
হার্টের স্বাস্থ্যের ক্ষেত্রেও মেথির গুরুত্ব রয়েছে। ডায়াবেটিস, মেটাবলিক সিনড্রোম অ্যান্ড ওবেসিটি (Diabetes, Metabolic Syndrome and Obesity) জার্নালে প্রকাশিত গবেষণা অনুযায়ী, মেথিতে থাকা ডায়োজেনিন (Diosgenin) নামের উপাদান শরীরে চর্বি প্রক্রিয়াকরণে ইতিবাচক প্রভাব ফেলে।
চুল ও ত্বক ভাল রাখে
ত্বক ও চুলের যত্নেও মেথি বহুদিনের পরীক্ষিত উপাদান। এতে থাকা ফ্ল্যাভোনয়েড ও পলিফেনলের মতো অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের টক্সিন কমায়, অক্সিডেটিভ স্ট্রেস রুখে দেয় এবং প্রদাহজনিত ত্বকের সমস্যা কমাতে সাহায্য করে। গবেষণায় দেখা গিয়েছে, মেথির নির্যাস ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও কার্যকর।
হরমোনের ভারসাম্য বজায় রাখে
হরমোনের ভারসাম্য বজায় রাখতেও মেথির ভূমিকা রয়েছে। জার্নাল অফ মেডিক্যাল সায়েন্সেসের (Journal of Medical Sciences) মতে, মেথি বীজের নির্যাস টেস্টোস্টেরন ও প্রজনন স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। এতে থাকা ফাইটোইস্ট্রোজেন (Phytoestrogens) নারীদের হরমোনজনিত সমস্যাতেও সহায়ক।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, সব ভাল জিনিসই পরিমিত হওয়া দরকার। বেশি মেথি খেলে পেটের সমস্যা হতে পারে। গর্ভবতী মহিলা বা ডায়াবেটিসের ওষুধ খেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নিয়ম মেনে, সীমিত মাত্রায় ভেজানো মেথি খেলে উপকার মিলতে পারে, কিন্তু অযথা অতিরিক্ত গ্রহণে সমস্যা বাড়ার ঝুঁকিও রয়েছে।