বড়দিনে কেক খেতে খেতে কত ক্যালোরি শরীরে ঢুকছে, তা কি আদৌ হিসাব করছেন? অতিরিক্ত কেক ও জাঙ্ক ফুড হার্ট অ্যাটাক, স্ট্রোক ও মেটাবলিজমের বড় বিপদের কারণ হতে পারে।
.jpeg.webp)
প্রতীকী ছবি
শেষ আপডেট: 25 December 2025 12:10
দ্য ওয়াল ব্যুরো: আজ বড়দিন। কেক ছাড়া কি আর চলে! ঘুম ভেঙে ব্রেকফাস্টে কেক, দুপুরে লাঞ্চের পরে কেক, বিকেলে আবার। উৎসবের দিনে ক্যালোরির হিসেব কষতে বসেন আর ক’জন? কিন্তু জানেন কি, এই একদিনেই আপনার শরীরে ঠিক কত ক্যালোরি ঢুকছে? আর সেই বাড়তি ক্যালোরিই কীভাবে নীরবে ডেকে আনতে পারে হার্ট অ্যাটাক (Heart Attack), স্ট্রোকের (Stroke) মতো সমস্যা! বা মেটাবলিজমে (Metabolism) গোলমাল?
এক টুকরো সাধারণ ফ্রুট কেকেই গড়ে থাকে প্রায় ৩০০–৩৫০ ক্যালোরি। চকোলেট কেক বা ক্রিম কেক হলে সেই কাউন্ট বেড়ে হতে পারে ৪৫০–৫০০ ক্যালোরি। বড়দিনে যদি ব্রেকফাস্ট, লাঞ্চ আর স্ন্যাক্স মিলিয়ে ৩-৪ টুকরো কেক খান, তাহলে শুধু কেক থেকেই শরীরে ঢুকছে প্রায় ১২০০–১৫০০ ক্যালোরি। এর সঙ্গে যদি বিস্কুট (Biscuits), চকোলেট (Chocolate), চিপস বা মিষ্টি পানীয় যোগ হয় তাহলে তা পৌঁছতে পারে ২৫০০–৩০০০ ক্যালোরিতে।
সমস্যা এখানেই। গবেষণা বলছে, শরীর যত ক্যালোরি বার্ন করতে পারে তার চেয়ে বেশি ক্যালোরি নিয়মিত ঢুকলে তা সরাসরি ফ্যাট (Fat) হিসেবে জমে যায়। আর এই অতিরিক্ত ফ্যাটই ভবিষ্যতে নানা রোগের রাস্তা খুলে দেয়।
শুধু ওজন নয়, ক্ষতি হয় ভেতরেও
ব্রিটেনের কিংস কলেজ লন্ডন (King’s College London)-এর এক গবেষণায় দেখা গেছে, অনেক মানুষ নিয়মিত ফল, সবজি, বাদাম খেয়েও সুস্থ থাকছেন না। কারণ, সেই ‘হেলদি ডায়েটে’র ফাঁকেই ঢুকে পড়ছে কেক, বিস্কুট আর জাঙ্ক ফুড। ফলাফল—স্বাস্থ্যকর খাবারের সব উপকারিতা একপ্রকার শেষ।
বিশেষ করে সকালে কেক বা বিস্কুট খেলে রক্তে শর্করার মাত্রা (Blood Sugar Level) হু হু করে বাড়ে। এতে ইনসুলিন (Insulin) ঠিকমতো কাজ করতে পারে না, মেটাবলিজম দুর্বল হয়। গবেষণায় দেখা গিয়েছে, যাঁরা ব্রেকফাস্টে কেক, পাই বা বিস্কুট খান, তাঁদের মধ্যে স্থূলতা (Obesity), হার্টের অসুখ এবং স্ট্রোকের ঝুঁকি অনেকটাই বেশি।
হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি
এই ধরনের আল্ট্রা-প্রসেসড খাবারে (Ultra-Processed Food) চিনি, লবণ ও ক্ষতিকর ফ্যাটের মাত্রা অত্যন্ত বেশি। নিয়মিত এমন খাবার খেলে রক্তচাপ বাড়ে, কোলেস্টেরল (Cholesterol) বেড়ে যায়। ধীরে ধীরে রক্তনালিতে ব্লক তৈরি হয়, যা একসময় হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণ হয়ে দাঁড়াতে পারে।
খোদ ব্রিটেন সরকার এই গবেষণার পর কেক, বিস্কুট ও প্রসেসড স্ন্যাক্স সরকারি মেনু থেকে সরানোর পরিকল্পনা করেছে। রিপোর্টটি প্রকাশিত হয়েছে ইউরোপিয়ান জার্নাল অফ নিউট্রিশন (European Journal of Nutrition)-এ।
শুধু ব্যায়াম করলেই হবে না
আরও এক আন্তর্জাতিক গবেষণায় স্পষ্ট বলা হয়েছে, অতিরিক্ত ওজনের মূল কারণ ব্যায়ামের অভাব নয়, বরং অতিরিক্ত ক্যালোরি ইনটেক। গবেষক আমান্ডা ম্যাকগ্রস্কি (Amanda McGrosky) জানাচ্ছেন, মানুষ যতই সক্রিয় থাকুক না কেন, ক্যালোরি ইনটেক নিয়ন্ত্রণে না রাখলে শরীরের ফ্যাট কমানো কঠিন।
তাহলে বড়দিনে কী করবেন?
বড়দিন তো বছরে একবারই আসে, কেক খাবেন না মানে কি কেক ছোঁয়াই যাবে না? একেবারেই না। পুষ্টিবিদদের মতে, পরিমাণটাই আসল। এক টুকরো কেক উপভোগ করুন, কিন্তু সেটাই যেন সারাদিনের খাদ্যাভ্যাস হয়ে না দাঁড়ায়। সঙ্গে পর্যাপ্ত প্রোটিন, ফল ও জল রাখলে শরীর সামাল দিতে পারে।
বড়দিন মানেই আনন্দ। কিন্তু সেই আনন্দ যেন ভবিষ্যতের অসুখ ডেকে না আনে।