ক্রিসমাস মানেই প্লাম কেক। মাখন-চিনির বাইরে বেরিয়ে এবার বাড়িতেই বানান। ভেগান, গ্লুটেন-ফ্রি থেকে লো সুগার- রইল নানা সহজ স্বাস্থ্যকর রেসিপির খোঁজ।

কেক
শেষ আপডেট: 24 December 2025 15:33
দ্য ওয়াল ব্যুরো: শীত এলেই কেকের গন্ধে ভরে ওঠে বাঙালির রান্নাঘর। আর দুদিন পরই বড়দিন। প্লাম কেক ছাড়া উদযাপন অসম্পূর্ণ (Plum Cake)। বছরের এই সময়টায় উৎসব, আড্ডা, খাওয়াদাওয়ার সঙ্গে কেক মিলেমিশে থাকে। এবার কেক মানেই ক্যালোরি প্রচুর। খাওয়া কম ভয় বেশি। মুশকিল আসান থাকবে না তা হয়! স্বাস্থ্যসচেতন বাঙালির জন্য একাধিক হেলদি প্লাম কেক রেসিপি (Healthy Plum Cake Recipes) নিয়ে হাজির হল দ্য ওয়াল। খেতে ভাল, স্বাস্থ্যেরও কোনও ক্ষতির সম্ভাবনা নেই।
কী এই প্লাম কেক?
নামের মধ্যে ‘প্লাম’ থাকলেও এই কেকে আদতে তাজা প্লাম থাকে না বললেই চলে। মূল উপকরণ শুকনো ফল- কিশমিশ, প্রুনস, অ্যাপ্রিকট, সঙ্গে বাদাম। বহুদিনের রেওয়াজ অনুযায়ী এই শুকনো ফল ভিজিয়ে রাখা হয় রাম বা ব্র্যান্ডিতে, কখনও বা ফলের রসে। শীতের উৎসবে এই কেক জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ এর ঘন টেক্সচার আর দারচিনি (Cinnamon), জায়ফল (Nutmeg), লবঙ্গর (Cloves) মতো মশলার ব্যবহার।
ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট সুস্মিতা এন (Susmita N) জানাচ্ছেন, “এই কেক শীতে জনপ্রিয় কারণ এতে থাকা মশলা শরীর গরম রাখতে সাহায্য করে। তবে এখন অনেকেই অ্যালকোহল ছাড়া বা স্বাস্থ্যকর বিকল্প খুঁজছেন।”
প্লাম কেক বানাতে কেন লাগে আগাম প্রস্তুতি?
বেশির ভাগ প্লাম কেক রেসিপিতেই একটা নিয়ম মেনে চলতে হয়- শুকনো ফল আগে ভিজিয়ে রাখা। এতে কেকের স্বাদ গভীর হয়, টেক্সচার নরম থাকে। অনেকেই এক রাত আগেই ফল ভিজিয়ে রাখেন।
কীভাবে প্লাম কেক হবে স্বাস্থ্যকর?
আজকালকার প্লাম কেক মানেই শুধুই ময়দা আর চিনি নয়। স্বাস্থ্যকর উপকরণে কেক বানানোর চল বেড়েছে।
গমের আটা (Whole Wheat Flour):
ফাইবারে ভরপুর, হজমে সাহায্য করে। আমেরিকার ইউএস এফডিএ (US FDA)-র তথ্য অনুযায়ী ১০০ গ্রাম গমের আটায় রয়েছে ভাল পরিমাণ প্রোটিন, আয়রন আর পটাশিয়াম।
বাদামের গুঁড়ো (Almond Flour):
গ্লুটেন-ফ্রি, গুড ফ্যাট আর ভিটামিন ই-র উৎস।
তিসি বীজ (Flaxseeds):
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে ভরপুর। ২০২২ সালের একটি গবেষণায় দেখা গিয়েছে, তিসির ফাইবার খিদে কমাতে সাহায্য করে।
নারকেল চিনি (Coconut Sugar):
সাধারণ চিনির তুলনায় গ্লাইসেমিক ইনডেক্স কম।
অ্যাপেল সস (Unsweetened Applesauce):
তেল বা মাখনের বিকল্প হিসেবে ব্যবহার করলে ফ্যাট কমে।
মধু (Honey):
অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, পরিশোধিত চিনির তুলনায় স্বাস্থ্যকর।
প্ল্যান্ট-বেসড মিল্ক (Plant-based Milk):
বাদাম দুধ বা নারকেল দুধ-ল্যাকটোজ যাদের সহ্য হয় না, তাদের জন্য আদর্শ।
ঐতিহ্যবাহী প্লাম কেকের রেসিপি
শুকনো ফল, বাদাম, মাখন, ব্রাউন সুগার, ডিম, দুধ আর মশলার মিশেলে তৈরি হয় ক্লাসিক প্লাম কেক। ফল ভিজিয়ে রাখা থেকে শুরু করে ৩৫০ ডিগ্রি ফারেনহাইটে বেক- পুরো প্রক্রিয়াই সময়সাপেক্ষ, কিন্তু স্বাদে অতুলনীয়।
যাঁদের জন্য আলাদা প্লাম কেক
সবাই তো আর একরকম খেতে পারেন না। তাই এসেছে নানা বিকল্প—
কোথাও ডিম নেই, কোথাও চিনি কম, কোথাও আবার বাদামের বদলে কুমড়োর বীজ (Pumpkin Seeds)। অর্থাৎ শিশু থেকে বয়স্ক সবাই নিজের মতো করে প্লাম কেক খেতে পারেন।