রাতে হঠাৎ বুকে ব্যথা শুরু হলে গ্যাসের ওষুধ খেয়ে বসে থাকবেন না। প্রথম ১৫ মিনিটে কী করবেন, জানুন।
.jpeg.webp)
ছবিটি এআই দিয়ে তৈরি
শেষ আপডেট: 18 October 2025 19:01
দ্য ওয়াল ব্যুরো: কার্ডিয়্যাক অ্যারেস্টের আজকাল কোনও বয়স নেই। ৮ থেকে ৮০ যে কারও হতে পারে। সেনিয়ে সচেতনতার শেষ নেই বিভিন্ন শ্রেণির মধ্যে। খাওয়া দাওয়া থেকে শুরু করে লাইফস্টাইল নিয়ে কথা কম-বেশি সকলেই বলে থাকেন।
কার্ডিয়্যাক অ্যারেস্ট, হার্ট অ্যাটাক আটকাতে বা হলে কী কী করতে হবে সেনিয়েও বিভিন্ন ভিডিও-রিল পাওয়া যায় আজকাল। কিন্তু উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে কী করতে হবে, তা এতকিছুর পরও অনেকের অজানা।
অনেকেই বলে থাকেন, হঠাৎ বুকে ব্যথা হচ্ছিল, বুঝতেই পারিনি। চিকিৎসকরা বলছেন, গ্যাস হয়েছে ভেবে অর্ধেক বাঙালি একটা প্যানডি জাতীয় ওষুধ খেয়ে অপেক্ষা করতে থাকেন ব্যথা কমার। এতে উল্টে বিপদ বাড়ে। তাহলে ব্যথা হলেই অর্থাৎ প্রথম ১০ থেকে ১৫ মিনিটে কী করবেন? সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডঃ নারায়ণ ব্যানার্জি। বলে দিলেন প্রথম ১০-১৫ মিনিটে পদক্ষেপ করা কতোটা গুরুত্বপূর্ণ।
নিজের অভিজ্ঞতা শেয়ার করেন ডঃ ব্যানার্জি বলেন, 'মাঝরাতে হঠাৎ কারও বুকের মাঝখানটা চেপে ধরল। মনে হতে পারে বুকের মধ্যে একটা পাথর বসেছে। ব্যথাটা পিঠের দিকে চলে যাচ্ছে, গলার দিকে বা চোয়ালের দিকে আসছে। সেসময় বেশিরভাগ লোক গ্যাস ভেবে একটা গ্যাসের ওষুধ খেল, ওয়েট করল, কমছে কি না দেখতে থাকল।'
তাঁর পরামর্শ, কখনও এমন করা যাবে না। বুকে কিছু একটা আটকে আছে মনে হলেই বাড়ির কাছে যে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে চলে যান। চিকিৎসককে দ্রুত পুরোটা জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করুন।
এক্ষেত্রে চিকিৎসকরা ঠিক দেখেন প্রথমেই?
ডঃ ব্যানার্জির কথায়, 'আমরা প্রথম যেটা করতে পারব, হার্টে যে রক্ত চলাচল করছে কি না দেখব ইসিজি করে। যদি সত্যিই রক্ত চলাচল কম হয়, যেকোনও হেলথ সেন্টারে প্রয়োজনীয় ওষুধ আছে, সেটা খাইয়ে দেওয়া হবে। কিছু কিছু ক্ষেত্রে ক্লট গলানোর ওষুধও দেওয়া হতে পারে।'
প্রয়োজনীয় পদক্ষেপ না করলে কী হতে পারে?
বার বার চিকিৎসক মনে করিয়ে দেন, প্রথম পদক্ষেপই সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলে বাড়িতে ফেলে রাখা বা নিজের হলে, বসে অপেক্ষা করা নৈব নৈব চ! ঘরের কাছে বা যেখানে আছেন, তার আশপাশে যে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র আছে পৌঁছে যান।