মেথি নানা রকম ভাবে সুস্বাস্থ্যের সঙ্গে যুক্ত। স্বাদে তেতো হলেও এর উপকারিতার শেষ নেই। এই সংক্রান্ত অনেক তথ্য সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়।

গ্রাফিক্স- শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 20 January 2026 12:58
দ্য ওয়াল ব্যুরো: মেথি বীজ, শাক, বীজ ভেজানো জল- নানা রকম ভাবে এই উপাদান সুস্বাস্থ্যের সঙ্গে যুক্ত। স্বাদে তেতো হলেও এর উপকারিতার শেষ নেই। এই সংক্রান্ত অনেক তথ্য সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়।
তেমনই সোশ্যাল মিডিয়া পিনটারেস্টে (Pinterest)-এ একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে মেথি বীজ (fenugree seeds) খাওয়ার নানা স্বাস্থ্যগত সুবিধার কথা বলা হয়েছে।তার মধ্যে রয়েছে এমন একটি স্পষ্ট দাবি- মেথি খেলে ডায়াবেটিস (diabetes) এবং কিডনি স্টোনের (kidney stone) সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
এই তেতো স্বাদের ছোট ছোট বীজ বিভিন্ন রান্নায় তেলে ফোড়ন হিসেবে ব্যবহৃতহয়। মেথি শাক খাওয়ারও প্রচলন রয়েছে। আয়ুর্বেদ ও প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে মেথি ব্যবহার করা হয়ে থাকে।
মেথিতে থাকা কিছু উপাদান রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে, এই বিষয়ে কিছু গবেষণা হয়েছে। তবে এটি শুধু নিয়ন্ত্রণেই সাহায্য করতে পারে, এর ব্যবহারে ডায়াবেটিস থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব, তা বলা ভুল।
বিশেষজ্ঞদের মতামত-
ডা. গণেশ শ্রীনিবাস প্রসাদ (নেফ্রোলজিস্ট, নারায়ণা হেলথ সিটি, বেঙ্গালুরু) বলেন, ‘ডায়াবেটিস একেক জনের ক্ষেত্রে একেক রকম, তাই একটি নির্দিষ্ট উপাদান সবার জন্য কাজ করবে- এটা ভাবা ভুল। মেথির কিছু উপকারিতা থাকলেও, এটিকে চিকিৎসার বিকল্প ভাবা উচিত নয়। কিডনিতে পাথরও বিভিন্ন কারণে হতে পারে- হরমোন, সংক্রমণ, খাদ্যাভ্যাস, ইত্যাদি। একবার পাথর হলে সেটি গলানো খুব কঠিন। তাইচিকিৎসা, ডায়েট ও জীবনযাত্রার পরিবর্তনই হলো আসল পথ।’
ডায়াবেটিস বা কিডনিতে স্টোন- দুই ক্ষেত্রেই অবশ্যই অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। নিয়মিত ওষুধ খাওয়া, ডায়েটে স্বাস্থ্যকর পরিবর্তন, ব্যায়াম- সর্বোপরি জীবনযাত্রার পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অতএব, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই তথ্যের কোনও বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নেই। ডায়াবেটিস থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া এবং কিডনি স্টোন সেরে যাওয়া সম্পূর্ণ ভুল তথ্য। তাই শুধুমাত্র প্রাকৃতিক উপাদানে নয়, বরং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত চিকিৎসা ও বিশেষজ্ঞের পরামর্শ মেনে চলাই বেশি গুরুত্বপূর্ণ।