Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চকোলেটের ক্রেভিং নাকি শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতির ইঙ্গিত! কী বলছেন বিশেষজ্ঞরা?

সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই দেখা যায় এক দাবি, চকোলেট খাওয়ার ক্রেভিং আসলে শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতির ইঙ্গিত দেয়। রয়েছে ‘ক্যাডমিয়াম-ফ্রি’ ডার্ক চকোলেট ও মধু খাওয়ার নিদান।

চকোলেটের ক্রেভিং নাকি শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতির ইঙ্গিত! কী বলছেন বিশেষজ্ঞরা?

প্রতীকী ছবি

শেষ আপডেট: 30 May 2025 19:58

দ্য ওয়াল ব্যুরো: চকোলেট (chocolate) ভালবাসেন না এমন মানুষ কমই আছে। বেশিরভাগই মনে করেন চকোলেট খাওয়ার বিশেষ কোনও উপলক্ষ্য লাগে না। ক্রেভিং (chocolate craving) হলে তো আর কথাই নেই।

সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই দেখা যায় এক দাবি- ‘চকোলেট খাওয়ার ক্রেভিং আসলে শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতির (magnesium deficiency) ইঙ্গিত দেয়।’ ফলে ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট নেওয়ার বা ম্যাগনেশিয়াম ক্লোরাইড জলে মিশিয়ে পা ডুবিয়ে রাখার পরামর্শও পাওয়া যায়। আরও রয়েছে ‘ক্যাডমিয়াম-ফ্রি’ ডার্ক চকোলেট ও মধু খাওয়ার নিদান।

কিন্তু বিজ্ঞানের চোখে এই দাবি কতটা সত্যি?

চকোলেটে ম্যাগনেশিয়াম থাকলেও, সেটার ক্রেভিং মানেই শরীরে ওই মিনারেলের অভাব হচ্ছে- এই দাবির পক্ষে পাকাপোক্ত কোনও প্রমাণ নেই। চিকিৎসক ও বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চকলেট খাওয়ার এই ইচ্ছা আসলে অনেক বেশি জটিল- এটা মানসিক চাপ, আবেগের বশে পাওয়া খিদে, রিওয়ার্ড সিস্টেমের প্রতিক্রিয়া বা অভ্যাস থেকে আসে। চকোলেটের স্বাদ, গন্ধ এবং মুখে গলে যাওয়ার ওই অনুভূতি মস্তিষ্কে একধরনের আনন্দদায়ক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

বিশেষ করে, মেয়েদের পিরিয়ডের আগে বা সেই সময়ের হরমোনজনিত পরিবর্তনের কারণে এই ক্রেভিং হতে পারে। তবে এর মানে এই নয় যে, শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি এর কারণ।

বিশেষজ্ঞরা কী বলছেন?

ডা. রোমা কুমার, সিনিয়র কনসালট্যান্ট সাইকোলজিস্ট (গঙ্গা রাম হাসপাতাল ও ম্যাক্স হাসপাতাল, দিল্লি) জানাচ্ছেন, ‘চকোলেট খাওয়ার ইচ্ছা মূলত মানসিক ও আবেগজনিত। স্ট্রেস বা বিষণ্ণতার সময় কেউ কেউ চকোলেটে শান্তি খোঁজেন। এমনটা বারবার হলে, ব্রেন সেটিকে রিওয়ার্ড হিসেবে ধরে নেয় এবং এর অভ্যাস গড়ে ওঠে। তাই এটা শুধু ম্যাগনেশিয়ামের অভাব বলা ভুল হবে। যদি সত্যিই এমন হতো, তাহলে মানুষ আরও বেশি করে বাদাম, পালং শাক বা ছোলার মতো ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবারের প্রতিও আকৃষ্ট হতেন।’

ড. স্বাতী ডাভে, পুষ্টিবিদ ও গবেষক, ডা. কুমারের কথার ওপরেই জোর দেন। তাঁর কথায়, ‘চকোলেট খাওয়ার ইচ্ছা মানেই শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি, এই দাবি একেবারেই সরলীকরণ।’

স্বাভাবিক অবস্থায় ম্যাগনেশিয়ামের ঘাটতি খুবই কম দেখা যায়। তবে দীর্ঘদিন অ্যালকোহল সেবন, অপুষ্টি, নির্দিষ্ট ওষুধের প্রভাব বা রোগ থাকলে ম্যাগনেশিয়াম কমে যেতে পারে। তখন দেখা দিতে পারে ক্লান্তি, দুর্বলতা, পেশিতে খিঁচুনি, অনিয়মিত হার্টবিট ইত্যাদি।

মধুতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকলেও, তা শরীরে ম্যাগনেশিয়ামের শোষণ বাড়ায় না। চকলেটের সঙ্গে খেলে তেমন কোনও অতিরিক্ত পুষ্টিগুণ পাওয়া যায় না।

ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট চকলেট খাওয়ার ইচ্ছা কমাতে পারে- এর বিজ্ঞানসম্মত প্রমাণ প্রায় নেই বললেই চলে। যদি টেস্ট করে জানা যায় দেহে ম্যাগনেশিয়ামের ঘাটতি রয়েছে, তাহলে সাপ্লিমেন্ট উপকারী হতে পারে। পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও সাপ্লিমেন্ট নেওয়া উচিত নয়।

চকোলেটের ক্রেভিং মানেই শরীরে ম্যাগনেশিয়ামের অভাব- এই দাবির 'অধিকাংশটাই মিথ্যা'। এর পেছনে থাকে মানসিক ও আবেগজনিত কারণ। ম্যাগনেশিয়ামের ঘাটতি এড়াতে বাদাম, বীজ, শাকসবজি ও হোল গ্রেনজাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রয়োজন মনে হলে চিকিৎসকের পরামর্শ নিন। পরিমাণ মেপে চকোলেট খাওয়া হোক আনন্দের জন্য, অভ্যাসের বশে নয়।


```