শুধু স্মৃতি ক্ষয় নয়, এটি চিন্তাভাবনা, আবেগ ও দৈনন্দিন জীবনের ওপর গভীর প্রভাব ফেলে। বিশ্ব অ্যালজাইমার দিবসে (World Alzheimer's Day 2025) জেনে নিন রোগটির প্রাথমিক লক্ষণ।

ছবিটি এআই দিয়ে তৈরি
শেষ আপডেট: 21 September 2025 14:09
দ্য ওয়াল ব্যুরো: প্রতি বছর ২১ সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব অ্যালজাইমার দিবস (World Alzheimer's Day 2025), যা আমাদের স্মরণ করিয়ে দেয় অ্যালজাইমার রোগের বহুমাত্রিক প্রভাব এবং আক্রান্ত ব্যক্তিদের জন্য সচেতনতা ও সহায়তার প্রয়োজন।
অ্যালজাইমার শুধুমাত্র স্মৃতি ক্ষয়ের রোগ নয়। এটি একটি প্রগতিশীল স্নায়ুবিক অসুস্থতা, যা মানসিক ক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণ, ভাষাগত বোঝাপড়া ও মনোযোগের উপর গভীর প্রভাব ফেলে এবং আক্রান্ত ব্যক্তির জীবন রাতারাতি বদলে দিতে পারে।
রোগটি শুধু মানসিক প্রভাবই ফেলে না, বরং আবেগ ও আচরণেও পরিবর্তন আনে। উদ্বেগ, বিষণ্ণতা, মেজাজের ওঠানামা, জড়তা এবং কখনও কখনও সন্দেহ বা প্যারানয়াও দেখা দিতে পারে। এসব আচরণগত পরিবর্তন পরিবারকে মানসিকভাবে ক্লান্ত ও ভারাক্রান্ত করে তোলে খুব স্বাভাবিকভাবেই। পাশাপাশি অ্যালইজামার রোগীদের শারীরিক স্বাস্থ্যের ওপরও গুরুতর প্রভাব ফেলে।
রোগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঘুমের ব্যাঘাত, চলাফেরায় অসুবিধা, বিভ্রান্তি এবং দৈনন্দিন কাজ যেমন স্নান, পোশাক পরা বা খাদ্য গ্রহণে বিরক্তি আসতে শুরু করে।
এই রোগ নিয়ে একাধিক সিনেমা, সিরিয়াল বা নাটক হয়েছে,বাইরে থেকে এসব দেখে আহা উহু করা ছাড়া কোনও উপায় থাকে না। কারও অ্যালজাইমার হলে তার পরিবার সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়ে। যত্ন যাঁরা করেন, তাঁরা প্রায়শই মানসিক চাপ, আর্থিক বোঝা এবং শারীরিক ক্লান্তি সহ্য করতে করতে বিরক্ত হয়ে যান। ব্যক্তির আচরণ ও পরিচয় পরিবর্তনের ফলে পুরো পরিবারের জীবনযাত্রা ও মানসিকতা প্রভাবিত হয়।
অ্যালজাইমার রোগের সূচনা প্রায়শই শুধু নাম ভুলে যাওয়া বা কোনও নির্দিষ্ট দিনের ঘটনা ভুলে যাওয়া দিয়ে হয় না। সঠিক শব্দ খুঁজে পেতে সমস্যা, জিনিসপত্র হারানো, কাজ পরিকল্পনায় অসুবিধা বা সামাজিক সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়া, এসবই প্রাথমিক সতর্কতার সংকেত হতে পারে।
প্রতিটি ক্ষেত্রে অ্যালজাইমার শুধু স্মৃতি ক্ষয় নয়, এটি চিন্তাভাবনা, আবেগ, আচরণ ও ভাষার ওপর গভীর প্রভাব ফেলে। প্রাথমিক শনাক্তকরণ, সমন্বিত সহায়ক চিকিৎসা এবং স্বাস্থ্যকর জীবনধারার উদ্যোগ রোগের গতি ধীর করতে সাহায্য করতে পারে এবং আক্রান্ত ব্যক্তির ও পরিবারের জীবনমান উন্নত করতে পারে।