অনিয়মিত পিরিয়ড ও ব্রণের মতো লক্ষণ দেখলেই সতর্ক হোন, এটি পিসিওএসের ইঙ্গিত হতে পারে। আয়ুর্বেদ বলছে ধীরে ধীরে জীবনযাত্রার পরিবর্তনেই মিলতে পারে সমাধান।

পিসিওএস ও আয়ুর্বেদ
শেষ আপডেট: 24 March 2026 11:40
দ্য ওয়াল ব্যুরো: পিসিওএস (PCOS) মানে কি শুধু অনিয়মিত পিরিয়ড, ব্রণ বা ওজন বেড়ে যাওয়া? বাস্তবে ছবিটা অনেক জটিল। বহু মহিলার কাছেই এটি ধীর, বিভ্রান্তিকর এবং হতাশাজনক এক অভিজ্ঞতা। আধুনিক চিকিৎসা যেখানে এটিকে মূলত হরমোনজনিত (hormonal disorder) সমস্যা হিসেবে দেখে, আয়ুর্বেদ (Ayurveda) সেখানে বিষয়টিকে অনেক বড় পরিসরে বিচার করে।
আয়ুর্বেদের মতে, পিসিওএস কোনও একক অসুখ নয় বরং শরীরের ছন্দপতনের (imbalance) লক্ষণ। আয়ুর্বেদ বিশেষজ্ঞ স্তুতি অশোক গুপ্ত (Stuti Ashok Gupta) বলছেন, “এটি শুধু প্রজনন সমস্যা নয়, হজম (digestion), মেটাবলিজম (metabolism), স্ট্রেস (stress) ও জীবনযাত্রার (lifestyle) অসামঞ্জস্যের প্রতিফলন।” অর্থাৎ সমস্যা শুধু ডিম্বাশয়ে (ovaries) নয়, গোটা শরীরের কার্যপ্রণালীতেই।
আয়ুর্বেদে প্রজনন স্বাস্থ্য জড়িত ‘আরতব’ (Artava) এবং ‘শুক্র ধাতু’র (Shukra dhatu) সঙ্গে, যা শরীরের সামগ্রিক ভারসাম্যের উপর নির্ভরশীল। অনিয়মিত জীবনযাপন, দুর্বল হজম বা দীর্ঘস্থায়ী চাপ এই ভারসাম্য নষ্ট করে। ফলে অনিয়মিত ঋতুচক্র, ব্রণ বা চুল পড়া—এসব উপসর্গ হঠাৎ নয়, শরীরেরই সংকেত। “এই সংকেতগুলোকে চাপা না দিয়ে বোঝার চেষ্টা করাই আয়ুর্বেদের মূল কথা,” বলছেন গুপ্ত।
চিকিৎসার শুরুতেই গুরুত্ব পায় ‘অগ্নি’ (Agni), অর্থাৎ হজমশক্তি। হজম দুর্বল হলে শরীর পুষ্টি শোষণ ও বর্জ্য নির্গমনে ব্যর্থ হয়, যা দীর্ঘমেয়াদে হরমোনের ভারসাম্যেও প্রভাব ফেলে। তাই হজম ঠিক করা মানেই শরীরকে ভিতর থেকে পুনর্গঠন করা।
এখানেই বড় ভূমিকা নেয় দৈনন্দিন অভ্যাস। নিয়মিত খাওয়া, ঘুম ও শরীরচর্চা শরীরের জৈবিক ঘড়িকে স্থিতিশীল করে। প্রসেসড খাবার (processed food) কমানো বা নির্দিষ্ট সময়ে খাওয়ার মতো ছোট পরিবর্তনেও সময়ের সঙ্গে ইতিবাচক ফল মিলতে পারে। পাশাপাশি ‘অভ্যঙ্গ’ (Abhyanga) বা গরম তেলে মালিশ স্নায়ুকে শান্ত করে, স্ট্রেস কমাতে সাহায্য করে।
ভেষজ (herbs) উপাদান যেমন লোধ্রা (Lodhra), শতপুষ্পা (Shatapushpa), গুডুচি (Guduchi) ব্যবহার করা হলেও, এগুলো একমাত্র সমাধান নয়। জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে মিলিয়েই কাজ করে।
আয়ুর্বেদের পথ ধীর, কিন্তু অনেকসময় ভাল কাজ করে। পিসিওএস তাই রাতারাতি ‘সারানোর’ রোগ নয়—বরং শরীরকে বোঝার এবং সঠিক পথে ফেরানোর একটি দীর্ঘ প্রক্রিয়া।