মাতৃত্ব ও শিশুস্বাস্থ্যের পরিচর্যায় একনিষ্ঠ ভারতের প্রথম সারির হাসপাতাল নেটওয়ার্ক ‘মাদারহুড হসপিটালস’ এবার পূর্ব ভারতে তাদের যাত্রা শুরু করল।

কলকাতায় 'মাদারহুড হসপিটালস'-এর ২৫তম হাসপাতাল
শেষ আপডেট: 21 May 2025 00:41
দ্য ওয়াল ব্যুরো: মাতৃত্ব ও শিশুস্বাস্থ্যের পরিচর্যায় একনিষ্ঠ ভারতের প্রথম সারির হাসপাতাল নেটওয়ার্ক ‘মাদারহুড হসপিটালস’ এবার পূর্ব ভারতে তাদের যাত্রা শুরু করল। দক্ষিণ কলকাতার রাজডাঙা, কসবা এলাকায় উদ্বোধন হল সংস্থাটির ২৫তম হাসপাতাল, যা অত্যাধুনিক পরিকাঠামো ও প্রযুক্তিতে সুসজ্জিত। দেশের ১২টি শহরে কার্যরত এই নেটওয়ার্ক পূর্ব ভারতের মহিলা ও শিশুস্বাস্থ্যে দয়ার্দ্র, রোগীকেন্দ্রিক ও বিশ্বমানের পরিষেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
এই নতুন হাসপাতালে প্রসবকালীন চিকিৎসা থেকে নবজাতকের জটিল যত্ন, স্ত্রী-রোগ সংক্রান্ত সার্জারি, বন্ধ্যাত্ব নিরসনের চিকিৎসা (IVF), নিওন্যাটোলজি—সহ Level III NICU এবং শিশুচিকিৎসায় সুপার স্পেশ্যালিটি পরিষেবা মিলবে এক ছাদের নিচে। মাদারহুড-এর দর্শন, সহানুভূতিশীল ও পূর্ণাঙ্গ চিকিৎসা। এই কেন্দ্রেও সেটাই সুনিশ্চিত করা হয়েছে, যাতে মা ও শিশু—উভয়ের জন্য জীবনের প্রতিটি পর্যায়ে প্রয়োজনীয় যত্ন মেলে।
মাদারহুড হসপিটালস-এর সিইও বিজয়রত্ন বেঙ্কটরমণ বলেন, ‘আমরা শুধু একটা হাসপাতাল খুলছি না। আমরা সহানুভূতিশীল ও বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবার একটি নতুন মানদণ্ড স্থাপন করছি। কলকাতায় এই কেন্দ্র খোলা আমাদের পূর্ব ভারতে সম্প্রসারণের প্রথম ধাপ। পরবর্তী সময় আরও শহরে আমরা পৌঁছব।’
তিনি জানান, কলকাতা ও আশেপাশের শহরগুলিতে বিশেষ করে মহিলাদের স্বাস্থ্য ও শিশুচিকিৎসার চাহিদা মাথায় রেখে উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এই কেন্দ্র গড়ে তোলা হয়েছে।
হাসপাতালটি উদ্বোধনের দিন একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ড. গীতা গাঙ্গুলি মুখার্জি বলেন, ‘মহিলারা শারীরিক ভাবে ফিট থাকলে কাজেকর্মে আরও বেশি যোগ দিতে পারবেন। রক্তাল্পতা, পিসিওএস, এন্ডোমেট্রিওসিস বা প্রজননতন্ত্রে যক্ষ্মার মতো অসুখের উন্নত চিকিৎসা শুধু একজন নারীর নয়, একটি দেশের ভবিষ্যতের দিকও নির্ধারণ করতে পারে।’
তিনি আরও বলেন, মায়ের ভাল যত্ন শিশুদের সুস্থতা বাড়ায়, যা ভবিষ্যতের মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক NICU-এর মাধ্যমে নবজাতকদের জটিল সমস্যায় উন্নত সেবা জরুরি বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রখ্যাত নৃত্যশিল্পী ও অভিনেত্রী তনুশ্রী শঙ্কর নতুন মায়েদের উদ্দেশে বলেন, ‘মাতৃত্ব চ্যালেঞ্জে ভরা, কিন্তু একইসঙ্গে এটি এক অসাধারণ অনুভব। নিদ্রাহীন রাত, দ্বিগুণ দায়িত্বের মাঝেও আপনার সহানুভূতি এবং লালন-পালন সমাজে প্রকৃত পরিবর্তন আনতে পারে।’