স্ট্রোক বা ব্রেনে রক্তসঞ্চালন বন্ধ হয়ে যাওয়া, এক এমন সমস্যা যা এক মুহূর্তেই জীবনকে ওলটপালট করে দিতে পারে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 7 July 2025 14:22
দ্য ওয়াল ব্যুরো: স্ট্রোক (Stroke) বা ব্রেনে রক্তসঞ্চালন বন্ধ হয়ে যাওয়া, এক এমন সমস্যা যা এক মুহূর্তেই জীবনকে ওলটপালট করে দিতে পারে। কিন্তু সময়মতো চিকিৎসা (Stroke treatment) শুরু করা গেলে, এই বিপদের মোকাবিলা করাও সম্ভব।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে আমেরিকার নিউরোসার্জন ব্রায়ান হোফলিঙ্গার জানালেন, স্ট্রোকের প্রাথমিক লক্ষণগুলো (Stroke symptoms) কী এবং সেই সময় কী করা উচিত।
স্ট্রোক আসলে কী?
ডা. হোফলিঙ্গার জানান, ‘যখন ব্রেনে রক্ত প্রবাহ হঠাৎ বন্ধ হয়ে যায় বা কমে যায়, তখন স্ট্রোক হয়। এর ফলে ব্রেনে বেশ কিছু সময়ের জন্য অক্সিজেন ও পুষ্টির অভাব ঘটে, যা কোশের ক্ষতি করে এবং ব্রেনের কার্যকারিতা কমে যেতে পারে।’
কী লক্ষণ দেখলে সতর্ক হবেন?
তিনি বলেন, ‘’সবচেয়ে সাধারণ লক্ষণ হল হঠাৎ মুখের এক পাশ বেঁকে যাওয়া বা অবশ হয়ে যাওয়া, হাত বা পায়ে আচমকা দুর্বলতা বা অসাড়তা, হঠাৎ কথা বলতে অসুবিধা বা একদমই না বলতে পারা, এমনকী হঠাৎ দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া বা সম্পূর্ণ হারানো। হঠাৎ খুব বিভ্রান্ত বা অজ্ঞান হয়ে পড়ার মতো ঘটনা দেখা দিলে সময় নষ্ট না করে দ্রুত ব্যবস্থা নিন।
বিশেষজ্ঞ নিউরোসার্জনের পরামর্শ, ‘স্ট্রোক শরীরের জন্য একটি জরুরি অবস্থা। যদি কারও মধ্যে এই লক্ষণগুলো দেখতে পান, তাহলে এক মুহূর্ত দেরি না করে সরাসরি অ্যাম্বুল্যান্স ডাকুন বা জরুরি চিকিৎসা পরিষেবার সাহায্য নিন।’
ডা. হোফলিঙ্গার বলেন, ‘সময়ই এখানে সবকিছু। যত দ্রুত চিকিৎসা শুরু করা যায়, তত কম ক্ষতি হয় এবং সেরে ওঠার সম্ভাবনাও বাড়ে। অনেকে অপেক্ষা করেন, ভেবে নেন, ‘দেখি একটু পরে ঠিক হয় কি না’। এই ভুলটি একেবারেই করবেন না।’
ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে কাদের বেশি সতর্কতা প্রয়োজন?
স্ট্রোকের অন্যতম বড় কারণ হল হাইপারটেনশন (উচ্চ রক্তচাপ) ও ডায়াবেটিস। যাঁরা এই দু’টি সমস্যায় ভুগছেন, তাঁদের স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি। তাই সময় থাকতেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান এবং জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনুন—তবেই নিরাপদ থাকা সম্ভব।