যাঁরা পুজোর সাজে চাইছেন উজ্জ্বল ত্বক, তাঁদের জন্য ভাজা হলুদের এই ঘরোয়া ফেস প্যাক হতে পারে দারুণ সমাধান- সহজ, সস্তা এবং কার্যকর।

ছবি- এআই নির্মিত
শেষ আপডেট: 22 September 2025 16:30
দ্য ওয়াল ব্যুরো: পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। চারদিকজুড়ে সাজসজ্জা আর ব্যস্ততা। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই সময় শুধু শহর নয়, নিজেকেও ঝলমলে করে তুলতে চান সবাই (Durga Puja Glowing Tips)। কিন্তু ব্যস্ত জীবনে পার্লারে গিয়ে সময় কাটানো অনেকের পক্ষেই সম্ভব হয় না। তাই ঘরোয়া যত্নই হয়ে উঠছে ভরসা। এই সময়েই জনপ্রিয় হয়েছে রোস্টেড টারমেরিক বা ভাজা হলুদের ফেসপ্যাক।
হলুদ রান্নার ঘরের অন্যতম উপাদান হলেও ত্বকের যত্নে এর আলাদা গুরুত্ব রয়েছে। বিশেষ করে ভাজা (রোস্টেড) হলুদে থাকে অনেক বেশি অ্যান্টিঅক্সিড্যান্ট, যা মুখের জ্বালাভাব কমায় এবং ব্রণ ও লালচেভাবও কমাতে সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে রোদে পোড়া দাগ বা কালচে ছোপও হালকা হয়। মুখে ফিরে আসে স্বাভাবিক উজ্জ্বলতা।
এই ফেসপ্যাক তৈরি করাও সহজ। ভাজা হলুদের গুঁড়ো নিয়ে তাতে মধু, দই বা গোলাপ জল মিশিয়ে নিতে পারেন। ভালোভাবে পেস্ট তৈরি করে মুখে লাগান। ১৫ মিনিট রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক বা দু'বার করলেই কয়েকদিনের মধ্যে ফল মিলতে শুরু করে।
তবে সাবধানতাও জরুরি। হলুদ ত্বকে হালকা দাগ ফেলেতে পারে, যা ক্ষতিকর না হলেও পুজোর ঠিক আগে বিরক্তির কারণ হতে পারে। আবার সংবেদনশীল ত্বকে চুলকানি বা জ্বালা ভাব দেখা দিতে পারে। তাই ব্যবহার করার আগে ছোট্ট প্যাচ টেস্ট করে নেওয়া বুদ্ধিমানের কাজ। নিম্নমানের হলুদে ভেজাল থাকলে উল্টে ত্বকের ক্ষতি হতে পারে।
যাঁরা পুজোর সাজে চাইছেন উজ্জ্বল ত্বক, তাঁদের জন্য ভাজা হলুদের এই ঘরোয়া ফেস প্যাক হতে পারে দারুণ সমাধান- সহজ, সস্তা এবং কার্যকর।