দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন কার্ডিওলজিস্টের মতে, ''একটা ইসিজি রিপোর্ট নর্মাল আসা মানেই কিন্তু বলা যায় না যে, আপনি হার্টের সমস্যা থেকে সম্পূর্ণ মুক্ত বা কোনও ঝুঁকি নেই।''

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 15 January 2026 14:53
দ্য ওয়াল ব্যুরো: যাঁর বা যাঁদের হার্টের সমস্যা (heart disease) আছে, তাঁদের কাছে বেশ কিছু টার্ম ভীষণ পরিচিত - 'ইসিজি' (ECG) তার মধ্যে একটি। কার্ডিওলজিস্টের (Cardiologist) কাছে সাধারণ চেকআপ হোক বা কোনও গুরুতর সমস্যার সময়, অনেক ক্ষেত্রেই সবচেয়ে আগে যে পরীক্ষাটি করা হয়ে থাকে, সেটা হল এই ইসিজি (Heart health and ECG)।
লম্বা একটা কাগজে উঁচু-নিচু কিছু লাইন-ই বলে দিতে পারে আপনার হার্ট কেমন আছে? এই প্রসঙ্গেই দ্য ওয়াল-কে বিস্তারিত জানালেন পূর্ব ভারতের খ্যাতনামা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং ডিভাইস স্পেশ্যালিস্ট ডক্টর দিলীপ কুমার।
হার্টের সমস্যায় ইসিজি
ইসিজি আর হার্টের পরিস্থিতি নিয়ে বোঝাতে গিয়ে ডাক্তারবাবু একটি বাস্তব উদাহরণ দিয়ে বোঝালেন - একজন প্রচণ্ড বুকে ব্যথা (severe chest pain symptom heart disease) নিয়ে হাসপাতালে এসেছেন। তক্ষুনি তাঁর একটা ইসিজি করে দেখা হল হার্টের কন্ডিশন এখন ঠিক কেমন। ইসিজি নর্মাল আসায় তাকে কিছুক্ষণ সাধারণ কিছু পরিষেবা দিয়ে অপেক্ষা করানো হয়। কিন্তু দুঃখের বিষয় কিছুক্ষণের মধ্যেই তাঁর হার্ট অ্যাটাক (heart attack) হয় এবং ফল, মৃত্যু।
এই উদাহরণের রেশ টেনেই ডাঃ দিলীপ কুমার বলেন, ''বুকে ব্যথা বা হার্ট অ্যাটাকের সময় ইসিজি (heart disease does not indicate in ECG report) সংক্রান্ত এরকম ঘটনা খুব অস্বাভাবিক কিছু নয়। ইসিজি নর্মাল থাকলেও হার্টের সমস্যা থাকতে পারে (heart disease yet normal ECG report)। কখনও অ্যাওর্টিক ডাইসেকশনের মতো গুরুতর সমস্যাও থাকতে পারে।'' তিনি আরও যোগ করেন, ''বুকে প্রচণ্ড ব্যথার উপসর্গ থাকা সত্ত্বেও ইসিজি রিপোর্ট নর্মাল আসতে পারে। কখনও হার্ট অ্যাটাকের সময়ও ইসিজি রিপোর্ট নর্মাল বা রিপোর্টে অল্পবিস্তর সমস্যা আসতে পারে। কিন্তু সেটা থেকেই সমস্যা বাড়াবাড়িতে পৌঁছে যেতে পারে।''
তাই দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন কার্ডিওলজিস্টের মতে, ''একটা ইসিজি রিপোর্ট নর্মাল আসা মানেই কিন্তু বলা যায় না যে আপনি হার্টের সমস্যা থেকে সম্পূর্ণ মুক্ত বা কোনও ঝুঁকি নেই।''
'ইসিজি রিপোর্ট নর্মাল' কিন্তু সুস্থ হার্টের ছাড়পত্র নয়
কার্ডিওলজিস্ট আরও বিস্তারিত বোঝানোর জন্য বলেন, ''একটা বিষয়ে সতর্কতা প্রয়োজন, নর্মাল ইসিজি এটার ছাড়পত্র নয় যে, আমদের হার্ট একদম ঠিক আছে। সিরিয়াল ইসিজি, অ্যাডভান্সড ইকো বা আরও ডিটেলে কিছু পরীক্ষাতেই ধরা পড়া সম্ভব যে আপনার হার্ট কেমন আছে।''
বুকে গুরুতর অস্বস্তিভাব আর ঠিক সেই সময় যদি ইসিজি রিপোর্ট নর্মাল আসে, তার মানেই চিন্তার কোনও কারণ নেই, এটা ভাবা ভুল। বিস্তারিত আরও কিছু টেস্টের মাধ্যমেই হার্টের আসল পরিস্থিতি বোঝা সম্ভব, এটাই বারবার জোর দিয়ে বোঝালেন ডাক্তার দিলীপ কুমার।