সৌন্দর্যের জন্য নখে অ্যাক্রাইলিক কোট (আর্টিফিশিয়াল বা নকল নখ) - অনেকের কাছেই যেন এক অপরিহার্য ফ্যাশন ট্রেন্ড।

ব্রিটেনের ইয়র্কশায়ারের ৩৫ বছরের লুসি থমাসের এই পরিণতি
শেষ আপডেট: 14 August 2025 17:37
দ্য ওয়াল ব্যুরো: সৌন্দর্যের জন্য নখে অ্যাক্রাইলিক কোট (আর্টিফিশিয়াল বা নকল নখ) - অনেকের কাছেই যেন এক অপরিহার্য ফ্যাশন ট্রেন্ড। কিন্তু সেই নখই যে মৃত্যুফাঁদে পরিণত হতে পারে, তা হয়তো কেউ কল্পনাও করেন না। ব্রিটেনের ইয়র্কশায়ারের বাসিন্দা ৩৫ বছরের লুসি থমাসের এই পরিণতি যেন আরও একবার ফ্যাশন ট্রেন্ডে গা ভাসানোর প্রবণতা নিয়ে সতর্কবার্তা।
নকল নখ নিয়ে অনেক আগে থেকেই চিকিৎসকরা নানারকম সতর্কবার্তা দিয়ে চলেছেন। নকল নখ বসানোর গ্লু বা আঠা যেমন শক্তপোক্তভাবে আটকে রাখে আসল নখে। তা খোলার সময় নখের বেশ ক্ষতি হয়। নখ পাতলা হয়ে আসে। আরও নানা রকম সমস্যা তো আছেই।
আসল নখ অনেক রকম শারীরিক সমস্যার ইঙ্গিত দেয়। এই ক্ষেত্রে আরও এক বড়সড় এক সমস্যা হল, নকল নখের আড়ালে চাপা পড়ে যায় সেই সব ইঙ্গিত। কিছু তেমনই ঘটেছে লুসির সঙ্গে।
দু’বছর আগে, কমলা রঙের নকল অ্যাক্রাইলিক নেইল খুলে ফেলার পর লুসি বাঁ হাতের বুড়ো আঙুলে দেখতে পান সরু কালো একটি দাগ। প্রথমে ভেবেছিলেন, হয়তো নখে আঘাত লেগেছে বা নখ তুলতে গিয়ে ক্ষত হয়েছে। কিন্তু এক বন্ধুর পরামর্শে চিকিৎসকের কাছে গেলে জানা যায়, বিষয়টি মোটেই হালকা নয়। আশঙ্কা করা হচ্ছে, এটি হতে পারে সাবঅ্যাংগুয়াল মেলানোমা - নখের তলায় হওয়া এক বিরল ধরনের ত্বকের ক্যানসার।
প্রথম পরীক্ষায় ফল নিশ্চিত না হলেও দ্বিতীয়বার বায়োপসি করে ধরা পড়ে - নখের তলায় প্রি-ক্যানসারাস সেল রয়েছে, দ্রুত পদক্ষেপ না করলে তা ক্যানসারের রূপ নিতে পারে।
এখন তিনি নিয়মিত নিজের নখ পরীক্ষা করেন, খুব কমই অ্যাক্রাইলিক নেইল পরেন, আর পরলেও এক সপ্তাহের বেশি রাখেন না।
সাবঅ্যাংগুয়াল মেলানোমা কী?
সাবঅ্যাংগুয়াল মেলানোমা বা নখের মেলানোমা হল নখের তলার ত্বকে (নেইল মেট্রিক্স) শুরু হওয়া এক ধরনের ক্যানসার। নেইল মেট্রিক্সে থাকে স্নায়ু, রক্তনালী ও লিম্ফ টিস্যু, এবং মেলানোসাইট নামের কোশ, যা ত্বকের রঙ তৈরি করে। এই কোষ অস্বাভাবিকভাবে সক্রিয় হয়ে গেলে মেলানিন বেশি তৈরি হয়, আর তখনই নখে গাঢ় রঙের লম্বা দাগ দেখা দেয়।
কেন বিপজ্জনক?
প্রথমে দাগটিকে অনেকে আঘাত বা সংক্রমণ ভেবে ভুল করেন। রঙের পরিবর্তন ধীরে ধীরে চওড়া বা লম্বা হয়। দেরিতে ধরা পড়লে চিকিৎসা কঠিন হয়ে যায় তবে সময়মতো শনাক্ত হলে নিরাময় সম্ভব।
সতর্কতার উপসর্গ
নখে কালো বা বাদামি লম্বা দাগ, রঙের অসামঞ্জস্য বা দাগ যদি বাড়তে থাকে তাহলে সতর্ক হোন। নখে ফাটল, ভেঙে যাওয়া বা বিকৃতি, প্রদাহ বা ফোলাভাব লক্ষ্য করা যায়। অনেক সময় রক্তপাত, গুটি বা আলসারও হতে পারে। আশপাশের ত্বকের রঙ বদলে যাওয়া দেখলে ফেলে না রেখে তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিন।