একদিনের ঘোরার প্ল্যান? কলকাতা থেকে মাত্র তিন ঘণ্টায় পৌঁছে যান এই জায়গায়। শীত পড়তেই হাজারো পরিযায়ী পাখির ভিড়ে ভরে ওঠে এই অভয়ারণ্য।

চুপি পাখিরালয়
শেষ আপডেট: 8 December 2025 15:29
দ্য ওয়াল ব্যুরো: শীত পড়তেই শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির (Nature) খোঁজে বেরিয়ে পড়েন বহু মানুষ। ঠান্ডা হাওয়ার আমেজে ঘুরতে যাওয়া তো মাস্ট। সেই তালিকায় প্রতি বছরই প্রথম সারিতে থাকে, পূর্ব বর্ধমানের চুপি পাখিরালয় (Chupi Bird Sanctuary)। রাজ্যের অন্যতম সুন্দর পর্যটনস্থান (Bird Sanctuary), শীতকালে এখন পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।
চুপি পাখিরালয়ের বিস্তীর্ণ জলাভূমি (Wetland), ঘন জঙ্গল (Greenery) এবং আশপাশের নৈঃশব্দ্য শীতের ভোরকে আরও মায়াবী করে তুলবে। প্রতিবছর নভেম্বরের শেষ দিক থেকেই এই জলাভূমিতে ভিড় জমাতে শুরু করে কয়েক হাজার পরিযায়ী পাখি (Migratory Birds)। সাইবেরিয়া, লাদাখ, তিব্বত ও উত্তর এশিয়ার বিভিন্ন দেশ থেকে নানা প্রজাতির পাখি এখানে আসে। বেণুবগলা, রাজহাঁস, পানকৌড়ি, খেয়াল, গাঙচিল, বাউই, ল্যাপউইং-সহ আরও বহু পাখির দেখা মেলে এই সময়।
শীতের সকালে জলকেলি, দুপুরের রোদে নিশ্চিন্তে ভাসা আর বিকেলের দিকে দল বেঁধে উড়ে যাওয়া পাখির ঝাঁক-সব মিলিয়ে চুপি পাখিরালয় তৈরি করে এক মনভোলানো প্রাকৃতিক পরিবেশ (Natural Habitat)। নীরবতা আর পাখির কলতানে ভরা এই জায়গা পাখিপ্রেমী, ফটোগ্রাফার, প্রকৃতিপ্রেমী কিংবা ভ্রমণপিপাসুদের কাছে স্বর্গ।
পর্যটন বাড়তে থাকায় সম্প্রতি স্থানীয় প্রশাসন বোটিং (Boating) পরিষেবা চালু করেছে। থাকার জায়গা, দর্শনীয় স্থান ঘুরে দেখানোর জন্য বিশেষ গাইড সার্ভিস এবং অন্যান্য মৌলিক পরিকাঠামোও উন্নত করা হয়েছে। ফলে পর্যটকদের সুবিধা আগের তুলনায় অনেক বেড়েছে।
কলকাতা থেকে এই পাখিরালয়ের দূরত্ব প্রায় ১৫০ কিলোমিটার। গাড়িতে গেলে তিন থেকে সাড়ে তিন ঘণ্টায় পৌঁছনো যায়। নৈহাটি–বর্ধমান লাইনের ট্রেনে বর্ধমান পৌঁছে সেখান থেকে গাড়িতে করেও সহজেই যাওয়া যায়। মূলত একদিনের ঘোরাফেরা (One Day Trip) বা উইকএন্ড গেটওয়ে (Weekend Getaway) হিসেবে এখন চুপি জনপ্রিয়তা পাচ্ছে সবচেয়ে বেশি।
শীতের সকালে পাখিদের কলতান, আর সন্ধ্যার নরম আলোয় বিস্তীর্ণ জলাভূমির অপরূপ শোভা-সব মিলিয়ে চুপি পাখিরালয় রাজ্যের শীতকালীন পর্যটনের (Winter Tourism) এক অনন্য রত্ন। ব্যস্ততা থেকে দূরে শান্ত পরিবেশে কিছুটা সময় কাটাতে চাইলে কিংবা প্রকৃতির সঙ্গে নিরিবিলিতে দিনের অল্প বিশ্রাম নিতে চাইলে এই শীতে চুপি পাখিরালয়ই নিঃসন্দেহে সেরা পছন্দ।