আগামী বছর ঘুরুঘুরু করে বেড়ানোর ফর্দ তৈরিতে এই সেরা ১০ পর্যটনস্থল আপনার মনেও নাড়া দিয়ে যেতে পারে।

এই পুরস্কার হল পর্যটন ও আতিথেয়তার সুদীর্ঘ মাপকাঠি পূরণ করেছে যারা, তাদের জন্যই।
শেষ আপডেট: 29 November 2025 10:58
দ্য ওয়াল ব্যুরো: ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ড ২০২৫ ঘোষিত হয়েছে। যেখানে বিশ্ব পর্যটন মানচিত্রের সবথেকে সেরাদের তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী বছর ঘুরুঘুরু করে বেড়ানোর ফর্দ তৈরিতে এই সেরা ১০ পর্যটনস্থল আপনার মনেও নাড়া দিয়ে যেতে পারে। শান্ত-নির্জন দ্বীপের জলতরঙ্গ থেকে এমন শহর যেখানকার সাংস্কৃতিক পরিছায়া আপনাকে মনকে বিশ্রাম দিতে পারে। এই পুরস্কার হল পর্যটন ও আতিথেয়তার সুদীর্ঘ মাপকাঠি পূরণ করেছে যারা, তাদের জন্যই।
বিজেতা ঘোষিত হয়েছে অনলাইন ভোটের মাধ্যমে। যেখানে ভোটদান করেছেন শিল্পপতি থেকে বড় বড় কর্পোরেট অফিসার থেকে পর্যটকরা। আপনি যদি রৌদ্রকরোজ্জ্বল সৈকতে গা ঘামাতে চান, কিংবা জঙ্গল সাফারিতে আনন্দ খুঁজে পান অথবা একেবারে অনাঘ্রাতা সৌন্দর্যের স্বাদ নিতে চান, তাহলে জেনে নিন বিশ্বের সকলের প্রিয় সেরা ১০টি পর্যটন স্থান কোনগুলো।
প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সমৃদ্ধ ভিয়েতনাম। পর্যটকরা সারা বছর ভিয়েতনামে শহরের গলিগলি, ঐতিহাসিক স্থান এবং সিনেমার মতো প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে যান ভিয়েতনামে। হ্যানয় এবং হো চি মিন শহরে রয়েছে বহু সাংস্কৃতিক হটস্পট। অন্যদিকে হোই আন জিতে নিয়েছে হেরিটেজ শহরের তকমা। একদিকে হালং উপসাগরের সবুজ ছায়া ঘেরা জলসরণি অন্যদিকে ফোং নাহ্-কি বাং জাতীয় উদ্যানের লাইমস্টোন গুহা পর্যটকদের মন জিতে নিয়েছে।
ইউরোপের সর্বোৎকৃষ্ট পর্যটন কেন্দ্রের তালিকায় পর্তুগাল এবারেও জায়গা করে নিয়েছে। উপকূলীয় তটভূমি, ঐতিহাসিক শহর, প্রাচীন ঐতিহ্য-পরম্পরার সমৃদ্ধি সব পাবেন এদেশে। লিসবন এবং পোর্তো বিখ্যাত নদীর ধারে প্রাকৃতিক শান্তির জন্য। অ্যালগ্রেভ রিজওন এবছরেও বালুকাবেলায় ছুটি কাটানোর জন্য সকলের মন জিতেছে। দৌরো উপত্যকা এবং মাদেরিয়ার দ্বীপপুঞ্জ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। পর্তুগালের পর্যটন বিভাগ অত্যন্ত অতিথি পরায়ণ এবং সবসময় পর্যটন বান্ধব ব্যবহার ও সুবিধা দিয়ে থাকে।

আরব দুনিয়ার প্রতিনিধি হিসেবে দুবাই এবারেও এই তালিকায় রয়েছে। বিশ্বমানের আকর্ষণ ঘেরা, ভবিষ্যতের স্থাপত্য নৈপুণ্যের একটির থেকে বড় একটি নির্দশন দুবাই চোখ ধাঁধিয়ে দেয় সকলের। বিশেষত দুবাইয়ের রাজকীয় আভিজাত্যের মোড়ক দেওয়া অতিথি পরায়ণতা দামি হলেও জীবনের একটি বিরাট অভিজ্ঞতা। পর্যটকদের প্রিয় জায়গাগুলি হল- বুর্জ খলিফা, পাম জুমেইরাহ এবং দুবাই ক্রিক হারবার। কেনাকাটা থেকে খাওয়াদাওয়ার রাজসিক চাল দেখে হতভম্ব হবেন না, এমন কোনও বাঙালি নেই।

উত্তর আমেরিকার মধ্যে পর্যটক প্রিয় দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র। যে দেশ সম্পর্কে অনেকেই কমবেশি জানেন। ইয়েলোস্টোনের প্রাকৃতিক নিসর্গ থেকে গ্রান্ড ক্যানিয়ন ও পার্বত্য তরাই এলাকা থেকে ঘন বনাঞ্চল ও তৃণভূমি। তেমনই জাঁকিয়ে রয়েছে নিউইয়র্ক, লস এঞ্জেলস ও শিকাগো শহর। আমেরিকায় মেলে সব দেশের, সব স্বাদের খাবারদাবার।
দক্ষিণ আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ স্থান হল পেরু। এর মধ্যে মাচু পিচু, কুসকো, আরেকুইপার আগ্নেয়গিরির তৈরি স্থাপত্য। লিমা বিখ্যাত খাবারের জন্য। আমাজন বেসিন, লেক টিটিকাকা ও রেনবো মাউন্টেনকে অনেকেই সিনেমার মাধ্যমে চেনেন।
তানজানিয়ার বিখ্যাত হল তার সাভানা অর্থাৎ শুষ্ক তৃণভূমি যা দিগন্তকে ছুঁয়ে থাকে। এছাড়াও রয়েছে ট্রপিক্যাল বিচ এবং বন্যপ্রাণ। সেরেঙ্গেটির জঙ্গল ও গোরোঙ্গোরো সাফারির তালিকায় অবশ্যই যেন থাকে। সুবিখ্যাত মাউন্ট কিলিমাঞ্জারোর আকর্ষণ ট্রেকারদের জন্য। জাঞ্জিবিরের সৈকতে গা ভেজালে মনে হবে এটাই তো স্বর্গের সরোবর।
স্ফটিক স্বচ্ছ জল এবং আতিথেয়তার উষ্ণতায় মন ভরে উঠবে। এর সঙ্গে রূপসী সন্ধ্যায় জামাইকান ডান্সের তালবাদ্য। মন্টেোগো বে, নেগ্রিল ও ওখো রিও ভূ-পর্যটকদের মানচিত্র তালিকায় অবশ্যই রয়েছে। রয়েছে প্রচুর জলপ্রপাত। জামাইকার বিশেষত্ব হল এখানকার বিশেষ ধরনের খাওয়াদাওয়া।

দক্ষিণ-পূর্ব এশিয়ার পর্যটনের মুকুট ধরে রেখেছে মালদ্বীপ। জলের উপর ভিলা, লেগুন, বিশ্বমানের জলের অতল রহস্যের খোঁজ নবদম্পতিদের কাছে এক অসামান্য আকর্ষণ। হানিমুন ও বিলাস পর্যটকদের কাছে এখানকার নিজস্ব রিসর্ট, স্থানীয় দ্বীপ পর্যটন এবং সমুদ্র সংরক্ষণ কার্যকলাপ দেখলে চোখ ছানাবড়া হতে বাধ্য।

অস্ট্রেলিয়া ও মেক্সিকোও বিশ্বের সেরা পর্যটন কেন্দ্রের তালিকায় নবম ও দশম স্থান পেয়েছে। অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্নের মতো আধুনিক শহরের পাশাপাশি রয়েছে পলিনেশিয়ান স্থাপত্য-ভাস্কর্য ও সাংস্কৃতিক ঐতিহ্য। অন্যদিকে মেক্সিকো সিটির অসাধারণ মিউজিয়ম, ঐতিহাসিক স্থাপত্যশৈলী এবং অসাধারণ খাওয়াদাওয়া জিভে জল আনবেই।