এই সময় অনেকেরই স্ক্যাল্পে ঘাম জমে ফাঙ্গাল ইনফেকশন হয়, ধুলো-ময়লা আটকে গিয়ে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে। যত্ন নিলে এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 18 June 2025 18:32
দ্য ওয়াল ব্যুরো: বর্ষা ঢুকেছে বঙ্গে। আষাঢ়-শ্রাবণ অর্থাৎ বর্ষা মানেই স্যাঁতসেঁতে আবহাওয়া, হঠাৎ ভিজে যাওয়া আর তার সঙ্গে অনিবার্য চুল পড়া। এই সময় অনেকেরই স্ক্যাল্পে ঘাম জমে ফাঙ্গাল ইনফেকশন হয়, ধুলো-ময়লা আটকে গিয়ে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে। তার উপর অল্প বৃষ্টিতেই চুল ভিজে গেলে জৌলুসও নষ্ট হয়। নিয়ম করে যত্ন না নিলে চুল পড়া আটকানো সম্ভব হবে না। কীভাবে যত্ন নেবেন চুলের? রইল টিপস।
১. সঠিক শ্যাম্পু ও কন্ডিশনার বেছে নিন
বর্ষায় মাথার ত্বকে বেশি ঘাম হয় ও ময়লা জমে। তাই সপ্তাহে অন্তত ২-৩ বার হালকা কোনও সালফেট-ফ্রি শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নেওয়া জরুরি। শ্যাম্পু করার পর অবশ্যই ব্যবহার করুন হালকা কন্ডিশনার, যাতে চুল কোমল থাকে এবং সহজে জট পাকিয়ে না যায়।
২. তেল মাসাজে ভুল নয়
অনেকেই মনে করেন বর্ষায় চুলে তেল দেওয়া ঠিক নয়। কিন্তু আদতে হালকা হাতে নারকেল তেল বা আমলা তেল দিয়ে স্ক্যাল্পে মালিশ করলে রক্তসঞ্চালন বাড়ে, গোড়া শক্ত হয়। তবে মাথা ধোয়ার অন্তত ১ ঘণ্টা আগে তেল দিন, আর ভেজা অবস্থায় তেল দেবেন না।

৩. চুল ভিজে গেলে যত তাড়াতাড়ি সম্ভব শুকিয়ে নিন
বৃষ্টিতে ভিজে গেলে অনেকেই ভেজা চুল নিয়ে সারাদিন কাটিয়ে দেন। এর ফলে স্ক্যাল্পে ইনফেকশন হওয়ার আশঙ্কা থাকে। ভিজে গেলে যত দ্রুত সম্ভব টাওয়েল বা হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিন।

৪. খাদ্যতালিকায় রাখুন ভিটামিন বি ও প্রোটিন
শুধু বাইরের যত্ন নয়, ভিতরের দিক থেকেও পুষ্টি দরকার। খাদ্যতালিকায় রাখুন ডিম, দুধ, বাদাম, ডাল, সবুজ শাকসবজি, ওটস, আমলা বা লেবুর মতো ভিটামিন সি যুক্ত খাবার। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে জিঙ্ক বা বায়োটিন সাপ্লিমেন্টও খেতে পারেন।
৫. হিট স্টাইলিং কমান
বর্ষায় চুল এমনিতেই দুর্বল থাকে, তার উপর রোজ রোজ হেয়ার ড্রায়ার বা স্ট্রেটনার ব্যবহার করলে চুলের ক্ষতি হয় আরও বেশি। এই সময়টা যতটা সম্ভব স্বাভাবিক রাখুন। হিট-প্রোটেকশন ছাড়া চুল স্টাইলিং করবেন না।

৬. চুল বাঁধুন ঢিলে করে
বর্ষায় আঁটসাঁট করে চুল বাঁধা একেবারেই ঠিক নয়। এতে স্ক্যাল্পে টান পড়ে, আর ভিজে চুল সহজে ছিঁড়ে যায়। ঢিলে খোঁপা বা আলগা বেণি রাখুন, যাতে হাওয়ায় চুল শুকোতেও পারে।

৭. চুলে মেহেন্দি বা ঘরোয়া হেয়ার প্যাক লাগান
সপ্তাহে এক দিন চুলে মেহেন্দি বা ডিম-দই-মেথির মতো ঘরোয়া প্যাক লাগালে স্ক্যাল্প পরিষ্কার থাকে, খুশকির সমস্যা কমে এবং চুল পড়াও অনেকটা নিয়ন্ত্রণে আসে।
৮. জল খান প্রচুর
ত্বক ও চুল ভাল রাখতে জল খাওয়া অত্যন্ত জরুরি। বর্ষায় জল পিপাসা কম লাগলেও দিনে অন্তত ২.৫ লিটার জল খেতে ভুলবেন না।
বর্ষায় চুল পড়া স্বাভাবিক। নিয়মিত যত্ন করলে ও সঠিক ডায়েট মেনে চললে খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। বেশি সমস্যা হলে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।