বর্ষায় জামা-কাপড় পরিষ্কার রাখা একটা চ্যালেঞ্জ। এই উপায়ে তা হতে পারে অনেকটা সহজ।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 18 June 2025 17:40
দ্য ওয়াল ব্যুরো: বর্ষা মানেই হাজির হয় একগুচ্ছ ঝামেলা। তার মধ্যে সবচেয়ে যন্ত্রণার, জামাকাপড় শুকোতে না চাওয়া আর তা থেকে বেরনো পচা গন্ধ। জামা শুকোচ্ছে না ঠিক মতো, আবার কিছুটা স্যাঁতসেঁতে অবস্থাতেই আলমারিতে তুলে রাখলে শুরু হয় দুর্গন্ধের উৎপাত। বহু সময় সুগন্ধীও কাজে আসে না। কীভাবে বর্ষার ভিজে আবহাওয়াতেও জামাকাপড় থাকবে ঝকঝকে, আর দুর্গন্ধমুক্ত? রইল টিপস।
জামা-কাপড় ভাল করে শুকিয়ে নিতে হবে
বর্ষায় রোদ পাওয়া যেন লটারির ব্যাপার। তবে যতটা সম্ভব জামাকাপড় বাইরে হাওয়ায় শুকোতে দিন। কাচার পর বাড়ির বারান্দায় ঝুলিয়ে দিন এমন জায়গায়, যেখানে হাওয়া চলাচল ভাল হয়। প্রয়োজনে ফ্যানের নীচে মেলে দিন। হালকা স্যাঁতস্যাঁত করলে আয়রন করে নিতে পারেন। তাহলেই শুকিয়ে যাবে আবার টানটানও হবে জামা-কাপড়।

ভিনিগার ও বেকিং সোডা ব্যবহার করুন
জামা থেকে যদি দুর্গন্ধ গন্ধ না যায়, কাচার সময় জলে এক কাপ সাদা ভিনিগার বা এক চামচ বেকিং সোডা মেশান। এটি জীবাণু ও গন্ধ, দুটোই দূর করে। তবে বেশি পরিমাণ দেবেন না, নরম কাপড় নষ্ট হয়ে যেতে পারে।
লিকুইড ডিটারজেন্ট বেছে নিন
বর্ষাকালে কাপড় পুরোপুরি ধুয়ে যাওয়া খুব জরুরি। গুঁড়ো ডিটারজেন্টে অনেকসময় ধুতে বেশি সময় ও জল লাগে। ডিটারজেন্ট জামা-কাপড়ে জমে দুর্গন্ধ তৈরি হয়। তাই এই সময়ে ব্যবহার করুন লিকুইড ডিটারজেন্ট, বিশেষ করে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান আছে এমন লিকুইড ডিটার্জেন্ট বেছে নিন।

জামা শুকোলেই তুলে রাখবেন
কোনও অবস্থাতেই অর্ধেক শুকনো জামা আলমারিতে তুলে রাখবেন না। এতে ছত্রাক ও দুর্গন্ধ দুটোই বাড়ে। হাত দিয়ে জামা ধরে নিশ্চিত হন, একদম শুকনো হয়েছে কি না। সন্দেহ থাকলে একরাত ফ্যানের নীচে রেখে তবেই গুছিয়ে রাখুন।
আলমারিতে রাখুন সুগন্ধির পুঁটলি বা নিমপাতা
আলমারির ভিতর বর্ষায় আদ্রতা জমে, সঙ্গে গন্ধও। ছোট কাপড়ে বা থলিতে শুকনো নিমপাতা, লবঙ্গ, এলাচ বা ল্যাভেন্ডার ড্রায়ার শিট রেখে দিন। চাইলে কফির দানাও রাখতে পারেন। এগুলো কাপড়ের মধ্যে গন্ধ জমতে দেয় না।

বারবার ব্যবহার হওয়া জামা আলাদা রাখুন
যে জামা রোজ পরছেন, সেটি অন্য কাপড়ের সঙ্গে গুছিয়ে রাখবেন না। আলাদা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন, যাতে হাওয়া চলাচল হয়। ঘাম মিশে থাকা জামা আলমারিতে রাখলেই দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
ধূপ বা সুগন্ধী স্প্রে নয়, ব্যবহার করুন ফ্যাব্রিক ফ্রেশনর
অনেকেই ভাবেন, ধূপ বা পারফিউম স্প্রে করলে গন্ধ যাবে। কিন্তু এতে অনেক সময় গন্ধ ঢাকা পড়ে না উল্টে কাপড়ে দাগ বা রাসায়নিক জমে যেতে পারে। ব্যবহার করুন ফ্যাব্রিক স্পেশাল ফ্রেশনর স্প্রে।