চায়ের কাপে চুমুক দিতে দিতে বিস্কুটের বদলে যদি অন্য কোনও খাবার থাকে, তাহলে মন্দ হয় কি? বর্ষা স্পেশাল তিন স্ন্যাক্স বানিয়ে ফেলুন এখনই।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 18 June 2025 18:34
দ্য ওয়াল ব্যুরো: একনাগারে বৃষ্টি হচ্ছে মঙ্গলবার রাত থেকে। বর্ষা ঢুকেছে বাংলায়। তাপমাত্রাও নেমেছে অনেকটা। তীব্র গরমের পর এই ওয়েদার সেলিব্রেট করার মতোই। চায়ের কাপে চুমুক দিতে দিতে বিস্কুটের বদলে যদি অন্য কোনও খাবার থাকে, তাহলে মন্দ হয় কি? বর্ষা স্পেশাল তিন স্ন্যাক্সের হদিশ রইল দ্য ওয়ালে।
স্পাইসি চিকেন স্ট্রিপস (Spicy Chicken Strips)

উপকরণ
চিকেন ফিঙ্গার বা বোনলেস চিকেন স্ট্রিপস ৩০০ গ্রাম
লেবুর রস ১ টেবিলচামচ
রসুন বাটা ১ চামচ
চিলি ফ্লেক্স ১ চামচ
কাঁচা লঙ্কা কুচি ১ চামচ
টক দই ২ টেবিলচামচ
কর্নফ্লাওয়ার ২ টেবিলচামচ
ব্রেডক্রাম্ব ১ কাপ
ডিম ১টা
নুন, তেল- পরিমাণমতো

রেসিপি
চিকেনের টুকরোগুলোকে টক দই, রসুন বাটা, চিলি ফ্লেক্স, লেবুর রস ও নুন দিয়ে ম্যারিনেট করে রাখুন অন্তত ৩০ মিনিট। তারপর কর্নফ্লাওয়ারে কোট করে, ডিমে চুবিয়ে ব্রেডক্রাম্বে মেখে নিন। এবার গরম তেলে ডিপ ফ্রাই করুন। খুব বেশি কড়কড়ে চাইলে ডিমে ডোবানোর পর আরেকটা কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আবার ডিমে ডোবাতে পারেন।
ফিশ স্টাফড সিঙারা (Fish-stuffed Samosa)

উপকরণ
সেদ্ধ করা ও চটকে নেওয়া মাছ (রুই/ভেটকি) – ১ কাপ
পেঁয়াজ কুচি ২ টেবিলচামচ
আদা ও রসুন বাটা ১ চা চামচ
কাঁচা লঙ্কা কুচি ১ চা চামচ
সেদ্ধ আলু ১টা (ম্যাশ করে)
সামান্য ধনেপাতা কুচি
গরম মশলা এক চিমটি
সিঙারার খোল তৈরি করার জন্য ময়দা ও জল
স্বাদমতো তেল, নুন

রেসিপি
একটা কড়াইয়ে একটু তেল দিয়ে পেঁয়াজ, আদা-রসুন কুচি ভেজে নিন। তারপর মাছ, আলু, ধনেপাতা, লঙ্কা, গরম মশলা মিশিয়ে দিন। ঠান্ডা হলে ময়দার তৈরি খোলে পুর ভরে সিঙারার আকারে গড়ে নিন। গরম তেলে ভাল করে ভেজে নিলেই তৈরি ফিশ স্টাফড সিঙারা।
চিজি কর্ন বল (Cheesy Corn Balls)

উপকরণ
ভুট্টার দানা ১ কাপ
গ্রেট করা মোজারেলা চিজ ১/২ কাপ
সেদ্ধ আলু ১টা
কাঁচা লঙ্কা ও ক্যাপসিকাম কুচি ১ টেবিলচামচ
ব্রেডক্রাম্ব ১ কাপ
কর্নফ্লাওয়ার ২ টেবিলচামচ
স্বাদমতো চাট মশলা ও নুন
তেল

রেসিপি
ভুট্টা, চিজ, আলু, লঙ্কা-ক্যাপসিকাম কুচি, কর্নফ্লাওয়ার, চাট মশলা মিশিয়ে ছোট ছোট বল বানান। তার ভিতরে দিন চিজ। এবার বলগুলোতে ব্রেডক্রাম্ব লাগিয়ে তেলে ভেজে নিন। সস বা মিন্ট চাটনির সঙ্গে পরিবেশন করুন। অপূর্ব লাগবে।