সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন জায়গায় খবর ছড়িয়ে পড়ে ৫০০ টাকা জরিমানা দিতে হয়েছে তাঁকে। হতে পারে অভিনেতার কড়া শাস্তিও। তবে এই খবর নজরে আসতেই তড়িঘড়ি বিষয়টায় ইতি টানলেন দুইপক্ষ।

শেষ আপডেট: 28 January 2026 17:43
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি একটি ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কে জড়ান অভিনেতা বরুণ ধওয়ান (Varun Dhawan)। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, মুম্বই মেট্রোর একটি কোচে যাত্রীদের মাঝেই দাঁড়িয়ে মাথার উপর থাকা ধাতব রড ধরে পুল-আপ করছেন তিনি। ভিডিওটি প্রকাশ্যে আসতেই শুরু হয় তীব্র সমালোচনা।
ঘটনার পর মুম্বই মেট্রো অপারেশন কর্পোরেশন লিমিটেড (MMM OCL) তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ওই ভিডিওটি পুনরায় শেয়ার করে একটি নিরাপত্তা সংক্রান্ত সতর্কবার্তা জারি করে। পোস্টে জানানো হয়, এই ধরনের আচরণ ‘দ্য মেট্রো রেলওয়েজ (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) অ্যাক্ট, ২০০২’-এর আওতায় শাস্তিযোগ্য অপরাধ। আইন অনুযায়ী, জনদুর্ভোগ সৃষ্টি বা সরকারি সম্পত্তির ক্ষতির ক্ষেত্রে জরিমানা এমনকি অপরাধের গুরুত্ব অনুযায়ী কারাদণ্ডও হতে পারে।
এরপরই সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন জায়গায় খবর ছড়িয়ে পড়ে ৫০০ টাকা জরিমানা দিতে হয়েছে তাঁকে। হতে পারে অভিনেতার কড়া শাস্তিও। তবে এই খবর নজরে আসতেই তড়িঘড়ি বিষয়টায় ইতি টানলেন দুইপক্ষ। সাধারণত, মেট্রোর পোস্টে স্পষ্ট ভাষায় লেখা হয়, এই ধরনের কাজ জনদুর্ভোগ ও সম্পত্তির ক্ষতির ধারায় পড়ে এবং সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়। তবে পরে পুরো বিষয়টি নিয়ে বিভ্রান্তির অবসান ঘটে। মুম্বই মেট্রোর তরফে স্পষ্ট করে জানানো হয়, বরুণ ধওয়ানের বিরুদ্ধে কোনও ধরনের জরিমানা আরোপ করা হয়নি। পাশাপাশি, আগের সতর্কতামূলক পোস্টটিও অফিসিয়াল হ্যান্ডেল থেকে মুছে ফেলা হয়। কর্তৃপক্ষ জানায়, এই ঘটনায় আর কোনও আইনি জটিলতা নেই।
বরুণ ধওয়ানের টিমের পক্ষ থেকেও একটি বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়, “মুম্বই মেট্রো সংক্রান্ত সাম্প্রতিক খবর নিয়ে কিছু বিষয় স্পষ্ট করতে চাই। বরুণ ধওয়ানের বিরুদ্ধে কোনও জরিমানা বা শাস্তি আরোপ করা হয়নি। কর্তৃপক্ষের আগের পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে এবং ভুল বোঝাবুঝি দূর করতে তাঁদের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। বরুণ শহরের নিয়মকানুন এবং মেট্রো কর্তৃপক্ষের প্রচেষ্টার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। এই মুহূর্তে কোনও বিষয় বিচারাধীন নয়।”
এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত বরুণ নিজে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানাননি। প্রসঙ্গত, সম্প্রতি ‘বর্ডার ২’ ছবিতে দেখা গিয়েছে বরুণ ধওয়ানকে। ছবিতে তিনি মেজর হোশিয়ার সিং দাহিয়ার চরিত্রে অভিনয় করেছেন। তাঁর সঙ্গে এই ছবিতে রয়েছেন সানি দেওল, দিলজিৎ দোসাঞ্ঝ এবং আহান শেট্টি। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন মোনা সিং, সোনম বাজওয়া, মেধা রানা ও অন্যা সিং।