রাহুলের মৃত্য়ুর প্রতিবাদে কর্মবিরতিতে গিয়েছেন শিল্পীরা। মঙ্গলবার সকাল থেকেই তালা ঝুলছে প্রতিটা স্টুডিওতে। আর্টিস্ট ফোরামের ডাকে এদিন সকাল থেকেই টেকনিশিয়ানস স্টুডিওতে শিল্পীদের ভিড় নজরে পড়ে।

শেষ আপডেট: 7 April 2026 18:31
শুভঙ্কর চক্রবর্তী
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee Death) মৃত্যুকে ঘিরে চলতে থাকা বিতর্কের মাঝেই বারবার খবরের শিরোনামে উঠে আসছে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স (Magic Moments Motion Pictures)। ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের প্রযোজনা সংস্থা এটি। যার ক্রিয়েটিভ হেড লীনা গঙ্গোপাধ্যায়। মঙ্গলবারের আর্টিস্ট ফোরামের ডাকা বৈঠকে দেখা মিলল না তাদের। দ্য ওয়ালের তরফ থেকে লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'এ বিষয় কোনও কথাই আমি বলব না, আমি কিছু জানি না। এখন আমি ল এন্ড অর্ডারের আওতায়'।
রাহুলের মৃত্য়ুর প্রতিবাদে কর্মবিরতিতে গিয়েছেন শিল্পীরা। মঙ্গলবার সকাল থেকেই তালা ঝুলছে প্রতিটা স্টুডিওতে। আর্টিস্ট ফোরামের ডাকে এদিন সকাল থেকেই টেকনিশিয়ানস স্টুডিওতে শিল্পীদের ভিড় নজরে পড়ে। সেখানেই একের পর এক মিটিং-এ কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর সকলের। এরই মাঝে দ্য ওয়ালের হাতে বড় খবর। ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স-এর সঙ্গে আপাতত কাজ নয়। পাশাপাশি লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও আপাতত কাজ করবেন না শিল্পীরা। ইন্ডাস্ট্রির অন্দরমহল সূত্রে খবর এমনটাই।
এ খবর হাতে আসার কিছুক্ষণ পরই সাংবাদিক বৈঠকে শিল্পীরা নিজেদের সিদ্ধান্ত আরও স্পষ্ট করে দেন। পরিচালক হরনাথ চক্রবর্তী বলেন, ‘কাল থেকে স্বাভাবিক হচ্ছে শুটিং। তবে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স (Magic Moments Motion Pictures)-কে আমরা বয়কট করছি। জাতীয় স্তরে কোথাও এই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করব না আমরা।’
ইতিমধ্যেই একাধিক শিল্পী এই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজের চুক্তি থেকে ইস্তফা দিয়েছেন। এবার সকলে মিলে এই সিদ্ধান্ত নিলেন শিল্পীরা। ইন্ডাস্ট্রি থেকে বয়কট করা হল তাদের, যাদের নাম FIR-এ উল্লেখ রয়েছে।
পাশাপাশি এদিন শিল্পীদের সুরক্ষা প্রসঙ্গেও কথা বলা হয়। এদিন মিটিং শেষে স্বরূপ বিশ্বাস (Swarup Biswas) বললেন, ‘আগামী ১৫ দিনের মধ্যে এই সমস্যার সমাধান হবে। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে বিমা অবশ্যই করব আমরা। সেই বিষয় আমরা চ্যানেল ও প্রযোজনা সংস্থার সঙ্গে কথাও বলব। যেটা নিয়ে আমরা চিন্তিত ছিলাম, তার ৮০ শতাংশ নিশ্চিত করা হয়েছে। ২০ শতাংশ টেকনিক্যাল বিষয় আছে, সেটা নিয়ে কথা হচ্ছে। সেটাও হয়ে যাবে আশা করছি।’
ফলে উঠে গেল কর্মবিরতি। রাত পোহালেই শুরু হচ্ছে আবারও শুটিং।