অভিনেতার সেই মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ সকলেই। এই শোক সহ্য করতে না পেরেই টানা আটদিন চুপ থেকেছেন অম্বরীশ। দ্য ওয়ালকে জানান, প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের অনুরোধে তিনি প্রকাশ্যে মুখ খোলেন।

শেষ আপডেট: 7 April 2026 16:11
দ্য ওয়াল ব্যুরো: শ্বেত মিশ্র (Sweta Mishra) ও অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacherjee), দুই অভিনেতাই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee Death) প্রয়াণে আটদিনের মাথায় প্রতিক্রিয়া জানান। অভিশপ্ত ২৯ মার্চে রাহুলের সঙ্গে শুটিং সেটে ছিলেন আরও অনেকের সঙ্গে তাঁরাও। তবে দুপুর পৌনে তিনটে নাগাদ প্যাক আপ হয়ে যায় অম্বরীশের অংশ। ফলে তিনি কলকাতার পথে রওনা দিয়ে দেন। শেষ মুহূর্তে রাহুলের সবচেয়ে কাছে ছিলেন শ্বেতা মিশ্র। শোনা যায় তাঁরা একসঙ্গেই জলে তলিয়ে গিয়েছিলেন। তবে রাহুলের আর ফেরা হল না।
অভিনেতার সেই মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ সকলেই। এই শোক সহ্য করতে না পেরেই টানা আটদিন চুপ থেকেছেন অম্বরীশ। দ্য ওয়ালকে জানান, প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের অনুরোধে তিনি প্রকাশ্যে মুখ খোলেন। অভিযুক্ত প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস-এর দুটি ধারাবাহিক থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন। স্থির করেছেন আগামীতেও তাঁদের সঙ্গে কাজ করবেন না তিনি। সোমবার তা স্পষ্ট করে জানিয়ে দেন অম্বরীশ।
রাহুলের মৃত্যুর প্রতিবাদে ও শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্মবিরতিতে সামিল হয়েছেন তিনি। মঙ্গলবার সকাল থেকে টেকনিশিয়ানস স্টুডিও-তে শিল্পীরা জমায়েত হয়েছেন। এদিন একের পর এক মিটিং। বৈঠকে নিশ্চিত করা হবে শিল্পীদের নিরাপত্তা নিয়ে বিশেষ গাইডলাইন। সেখানেই হাজির হন অম্বরীশ।
শ্বেতার সঙ্গে তাঁর কথা হয়েছে কি না, প্রশ্ন করায়, তিনি বলেন, ‘শ্বেতা যেহেতু আমার খুব পরিচিত নয়, এই ধারাবাহিকটা করতে গিয়ে আলাপ। অনেক জুনিয়ার আমার থেকে। এই ঘটনার পর আমি আর যোগাযোগ করে উঠতে পারিনি। আর যোগাযোগ করে কী বলব? ও হয়তো আরও শকের মধ্যে রয়েছে। যেহেতু ওই সময়, ওই মুহূর্তে ছবি রাহুলের সঙ্গে বলে শোনা যাচ্ছে, ফলে ওর শক কত বেশি হবে, সে সম্পর্কে আমার কোনও ধারণাই নেই। আমি সকলের উদ্দেশে অনুরোধ করব, ওকে একটু সময় দিন। ও নিশ্চয়ই বলবে। তদন্তের স্বার্থে ওকে বলতে হবে। আপাতত ওকে চাপ না দেওয়াই ভাল।’