সূত্রের খবর আজ বেশ কয়েকটি জরুরি বৈঠক হওয়ার কথা। যার মধ্যে একটি বৈঠক বিভিন্ন চ্যানেলের কতৃপক্ষের সঙ্গে হওয়ার কথা। পাশাপাশি আজ কোনও বিশেষ নির্দেশিকাও জারি হতে পারে।

শেষ আপডেট: 7 April 2026 11:16
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার, সকাল-সকাল জনশূণ্য কলকাতার বিভিন্ন স্টুডিও। শুরু হল শিল্পীদের ডাকে কর্মবিরতি। সিদ্ধান্ত আগেই নেওয়া হয়ে গিয়েছিল, সেকথা জানিয়েও দিয়েছিল আর্টিস্ট ফোরাম। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee News) মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে ৭ এপ্রিল থেকে কর্মবিরতির (Tollywood Shooting stopped from Tuesday) ডাক দেওয়া হয়। ওই দিনটি ‘ওয়ার্কিং ডে’ হিসেবে চিহ্নিত থাকলেও টেকনিশিয়ানস স্টুডিওতে সব ধরনের শুটিং ও কাজ বন্ধ রাখা হবে। সোমবার আর্টিস্ট ফোরামের তরফ থেকে একটি বিবৃতি জারি করে এদিন সকাল ১০টায় সমস্ত সদস্যকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়।
সেই মত একে একে শিল্পীরা হাজির হচ্ছেন টেকনিশিয়ানস স্টুডিওতে। সকাল থেকে সে ছবি ধরা পড়ছে ফ্রেমে। আর একটি SOP স্বাক্ষর হওয়ার কথা, সেই কারণেই সকলকে উপস্থিত থাকতে বলা। সেখানে উপস্থিত রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, একে একে হাজির হয়েছেন বনি সেনগুপ্ত, পার্নো মিত্র, শ্বেতা ভট্টাচার্য, অনিন্দ্য চট্টোপাধ্যায়, রুবেল দাস, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, অনন্যা চক্রবর্তী, পিয়া সেনগুপ্তসহ আরও অনেকে। তবে সত্তরোর্ধ্ব শিল্পী এবং যাঁরা আউটডোর শুটিংয়ে যুক্ত রয়েছেন, তাঁদের ক্ষেত্রে এই নির্দেশ বাধ্যতামূলক নয় বলে স্পষ্ট করেছিল ফোরাম। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই কর্মসূচিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আবশ্যিক হিসেবে বিবেচনা করতে অনুরোধ করা হচ্ছে। সংগঠনের ঐক্য ও সংহতি বজায় রাখতে সকল সদস্যের সহযোগিতা কাম্য বলেও জানানো হয় সেখানে।
সূত্রের খবর আজ বেশ কয়েকটি জরুরি বৈঠক হওয়ার কথা। যার মধ্যে একটি বৈঠক বিভিন্ন চ্যানেলের কতৃপক্ষের সঙ্গে হওয়ার কথা। পাশাপাশি আজ কোনও বিশেষ নির্দেশিকাও জারি হতে পারে। সব মিলিয়ে আজ দিনভর টলিপাড়া থাকবে সরগরম। শুটিং বন্ধের পাশাপাশি এদিন বিভিন্ন বিষয় শিল্পীদের আলোচনার মাধ্যমে কী উঠে আসে, এখন সেটাই দেখার।
মঙ্গলবার থেকে টলিপাড়ায় সমস্ত শ্যুটিং বন্ধ থাকবে তা আগেই জানানো হয়েছিল। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস, চ্যানেলের প্রতিনিধি এবং প্রযোজকদের উপস্থিতিতে এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছিলেন।
শনিবার যখন এফআইআর দায়ের (Rahul Banerjee death FIR) করতে ব্যস্ত ছিলেন আর্টিস্ট ফোরামের সদস্যরা, তখন অন্যদিকে রাহুলের অকালমৃত্যুর (Rahul Arunoday Banerjee death) বিচার চেয়ে পথে নেমেছিলেন বাংলার কলাকুশলীদের একাংশ। সেই মিছিল শুরু হওয়ার আগেই ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছিলেন, তালসারিতে এফআইআর দায়ের করে ফেরার পর রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার এবং আর্টিস্ট ফোরামের সঙ্গে বৈঠক ডাকা হবে। সেই মতো রবিবার বিকেলে ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ একাধিক তারকা। আর সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এককথায়, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর অভিঘাত এবার সরাসরি এসে পড়ল টলিপাড়ার কাজে। শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে মঙ্গলবার থেকে সমস্ত শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিল টলিউডের বিভিন্ন সংগঠন। আর সেই মত বন্ধ থাকল কাজ।