মঙ্গলবার অর্থাৎ ৭ এপ্রিল থেকে শিল্পীরা ন্যায় বিচার ও নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন। সকলে একযোগে নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্নও তুলছেন। তবে টলিপাড়ায় শিল্পীদের নিরাপত্তা নেই, একথা মানতে নারাজ রাজ চক্রবর্তী।
.jpeg.webp)
শেষ আপডেট: 6 April 2026 21:44
শুভঙ্কর চক্রবর্তী
‘নিরাপত্তার অভাবে’ বাংলা হারাল এক অভিনেতাকে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee News) এই অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না কেউ। ২৯ মার্চ সন্ধ্যায় এই মর্মান্তিক খবর সামনে আসার পর থেকেই একটাই প্রশ্নে তোলপাড় গোটা বাংলা, নিরাপত্তা কোথায় ছিল? প্রযোজনা সংস্থার কাছে অনুমতি ছিল না ছিল না? যার উত্তর এখনও অধরা। প্রযোজনা সংস্থাকে জবাব চেয়ে আইনি নোটিস ধরালেও মেলেনি সঠিক উত্তর। ফলে নিজেদের নিরাপত্তার কথা মাথায় রেখে, রাহুলের মৃত্যুর (Rahul Arunoday Banerjee Death) বিচার চেয়ে শিল্পীরা দিয়েছেন কর্মবিরতির ডাক। নেমেছেন পথে। তবে সেই মিছিলে দেখা মেলেনি পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty)। কেন? তার উত্তর দিলেন দ্য ওয়ালে। তিনি বর্তমানে প্রচারে ব্যস্ত।
তবে তিনি জানেন, মঙ্গলবার অর্থাৎ ৭ এপ্রিল থেকে শিল্পীরা ন্যায় বিচার ও নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন। সকলে একযোগে নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্নও তুলছেন। তবে টলিপাড়ায় শিল্পীদের নিরাপত্তা নেই, একথা মানতে নারাজ রাজ চক্রবর্তী। পাল্টা তুললেন প্রশ্ন, ‘নিরাপত্তা কি তবে এতদিন ধরে দিচ্ছিলাম না আমরা?’
সোমবার প্রচার মাঝেই শিল্পীদের কর্মবিরতি প্রসঙ্গে দ্য ওয়ালকে রাজ চক্রবর্তী বললেন, ‘আমি বাইরে আছি, প্রচারে ব্যস্ত। ফলে যেটুকু আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি, যেটুকু আমার কাছে খবর আসছে, নিরাপত্তা নিয়ে কথা হচ্ছে। আমার এখানে একটা কথা বলার আছে, নিরাপত্তা কি তবে এতদিন ধরে দিচ্ছিলাম না আমরা? এটা হতে পারে? আমরা যখন কাজ করছিলাম, তখন কি কেউ নিরাপদ ছিল না? একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। সেটা থেকে আমাদের আরও চোখ খুলে গিয়েছে। আমাদের আরও বেশি নিরাপত্তা নিয়ে ভাবতে হবে। কিন্তু আমরা সেফটি সিকিউরিটি নিয়েই কাজ করেছি। এতবছর ধরে কাজ করেছি। অবশ্যই নিরাপত্তার কথা মাথায় রেখেই কাজ করেছি। হতে পারে আরও কিছু আপগ্রেডেশনের প্রয়োজন রয়েছে। যেগুলো করলে মনে হয় ভাল হবে, সেগুলো নিশ্চয়ই হবে। কিন্তু সেফটি সিকিউরিটি ছিল না-- এটা আমি মানতে নারাজ।’
দ্য ওয়াল পরিচালককে পাল্টা প্রশ্ন করে, ‘আউটডোরেও নিরাপত্তা ব্যবস্থা সঠিক থাকত?’ উত্তরে আত্মবিশ্বাসের সঙ্গে রাজ চক্রবর্তী বললেন, ‘নিশ্চয়ই ছিল। আমরা অনুমতি নিয়ে কাজ করি। সবকিছু একটা নিয়ম আছে। শুধু নিয়ম নয়, নিয়মের বাইরে আমি একজন মানুষ। মনে রাখতে হবে, এতগুলো মানুষের দায়িত্ব নিয়ে আমি বাইরে যাচ্ছি। নিরাপত্তা ছিল। যদি আরও প্রয়োজন হয়, সেটা আলোচ্য বিষয়। কিন্তু আমি এটা মানতে নারাজ, নিরাপত্তা ছিল না।’
একদিকে যখন পথমিছিলে পা মিলিয়ে শিল্পীদের একাংশ দাবি করলেন, ‘আমরা কাঁচের গাড়িতে ফিরতে চাই না’, ঠিক সেই মুহূর্তেই রাজ চক্রবর্তী পাল্টা প্রশ্ন তুললেন, ইন্ডাস্ট্রিতে কি তবে এতদিন নিরাপত্তা ছিল না? তিনি নিজের টিম প্রসঙ্গে এক বাক্যে রাজ জানান, তিনি নিজে এই বিষয়টি কখনও অবহেলা করেননি। সবক্ষেত্রে নিরাপত্তার কথা মাথায় রেখেই কাজ করেছেন।