কাজ করতে গিয়ে অভিনেতার মৃত্যু। সমুদ্রের তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই টলিউড ঢেকে গেল এক গভীর অন্ধকারে।

শেষ আপডেট: 7 April 2026 14:55
দ্য ওয়াল ব্যুরো: কাজ করতে গিয়ে অভিনেতার মৃত্যু। সমুদ্রের তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই টলিউড ঢেকে গেল এক গভীর অন্ধকারে। শুধু শোক নয়, এই মৃত্যু যেন একসঙ্গে বহু প্রশ্ন তুলে দিল—শিল্পীদের নিরাপত্তা কোথায়? কাজের জায়গায় তাঁদের জীবন কতটা সুরক্ষিত? (Actor rahul banerjee passes away, Rahul banerjee death)
এই ঘটনার অভিঘাতেই ৭ এপ্রিল এক গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক দিয়েছে ফেডারেশন ও আর্টিস্ট ফোরাম। চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রযোজকদের সঙ্গে বসে অবিলম্বে একটি স্পষ্ট এসওপি বা সেফটি প্রোটোকল তৈরির দাবি উঠেছে। এই উদ্যোগে সম্মতি জানিয়েছে ইম্পাও। বৈঠক শুরুর আগে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের কণ্ঠে ধরা পড়ল দীর্ঘদিনের জমে থাকা হতাশা, আবার এক নতুন আশার সুরও।
তিনি জানালেন, বহুদিন ধরেই ফেডারেশন কাজের ক্ষেত্রে নিরাপত্তা বিধি চালু করার চেষ্টা করে আসছে। আলোচনা হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে তার সফল রূপায়ণ হয়নি। নানা বাধা এসে দাঁড়িয়েছে মাঝপথে। তবুও এদিন তাঁর কথায় ছিল এক ধরনের স্বস্তি—অবশেষে আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন একসঙ্গে এই প্রয়াসে এগিয়ে এসেছে। তিনি চ্যানেল এবং প্রযোজকদের কাছে আবেদন করেছেন এই আলোচনায় যোগ দিতে, কারণ কলাকুশলী থেকে শিল্পী—সবাই যদি কাজ করতে গিয়ে বিপদের মুখে পড়েন, তবে তাঁদের জন্য সুরক্ষার ব্যবস্থা থাকা জরুরি।
স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)স্পষ্ট করে বলেন, “নিরাপত্তা ছাড়া কাজ করা সম্ভব নয়। আমরা চাই না কাজ বন্ধ হোক। কিন্তু যদি সুরক্ষা না থাকে, তাহলে কাজ চালিয়ে যাওয়াও কঠিন।” তাঁর কথায় উঠে আসে বাস্তবের নির্মমতা—একদিন কাজ বন্ধ মানেই বহু মানুষের রুজিরুটি থেমে যাওয়া। তবুও এবার তিনি দায়িত্বের প্রশ্নে আপস করতে রাজি নন। তাঁর মতে, এটা কোনও ‘বল পাসিং গেম’ নয়—কে দায়িত্ব নেবে, তা এড়িয়ে যাওয়ার সময় শেষ। শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করা সবার যৌথ দায়িত্ব।
তিনি আরও মনে করিয়ে দেন অতীতের কিছু দুর্ঘটনার কথা—একজন টেকনিশিয়ান শর্টসার্কিটে প্রাণ হারিয়েছেন, আরেকজন পড়ে গিয়ে ফিমার ভেঙে সারা জীবনের জন্য কর্মক্ষমতা হারিয়েছেন। এই ঘটনাগুলো যেন বারবার একই প্রশ্ন তুলেছে—কেন আগে ব্যবস্থা নেওয়া হল না? কেন প্রতিবারই দুর্ঘটনার পরই সচেতনতা?
এই প্রথমবারের মতো একটি লিখিত এসওপি তৈরির ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ ফেডারেশন। ইতিমধ্যেই একটি প্রাথমিক কাঠামো তৈরি করা হয়েছে, যা নিয়ে সকল পক্ষ একসঙ্গে বসে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে চায়। ইম্পার তরফে সভাপতি পিয়া সেনগুপ্ত চিঠির মাধ্যমে এই উদ্যোগে সম্মতি জানিয়েছেন, যা এই প্রচেষ্টাকে আরও শক্তি জোগাচ্ছে। স্বরূপ বিশ্বাসের আশা, চ্যানেল এবং প্রযোজকরাও এগিয়ে আসবেন এই যৌথ দায়িত্ব নিতে।
ঘটনার সূত্রপাত ২৯ মার্চ, তালসারিতে। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন জলে তলিয়ে যান রাহুল। সেই একই ঘটনায় অভিনেত্রী শ্বেতা মিশ্রও জলে পড়ে গিয়েছিলেন, তবে সহকর্মীদের তৎপরতায় তাঁকে উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু রাহুলকে আর ফেরানো যায়নি। সেই মুহূর্ত থেকেই আউটডোর শুটিংয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়ে ওঠে।
এই প্রেক্ষিতেই টেকনিশিয়ান স্টুডিওতে বসছে এই গুরুত্বপূর্ণ বৈঠক। আলোচনার টেবিলে উঠে আসবে নিরাপত্তার প্রতিটি দিক—কীভাবে কাজের সময় ঝুঁকি কমানো যায়, কীভাবে দুর্ঘটনার ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, এবং সবচেয়ে বড় কথা, কীভাবে প্রতিটি মানুষের জীবনের মূল্যকে সবার আগে রাখা যায়।
তবে একটা সতর্কবার্তাও রেখে দিয়েছে ফেডারেশন—যদি এই বৈঠকেও কোনও সুরাহা না মেলে, তাহলে কর্মবিরতি চলবে। কারণ এবার আর শুধু দাবি নয়, এটা অস্তিত্বের প্রশ্ন।