আজ যাঁকে আমরা বলিউডের শাহেনশা বলে ডাকি, সেই অমিতাভ বচ্চনের শুরুটা কিন্তু একেবারেই সহজ ছিল না। পরপর একাধিক ছবি ফ্লপ—কখনও দর্শকের মন টানেনি, কখনও আবার সিনেমা হলে পৌঁছতেই পারেনি ঠিকভাবে।

অমিতাভ বচ্চন
শেষ আপডেট: 20 June 2025 19:37
দ্য ওয়াল ব্যুরো: আজ যাঁকে আমরা বলিউডের শাহেনশা বলে ডাকি, সেই অমিতাভ বচ্চনের শুরুটা কিন্তু একেবারেই সহজ ছিল না। পরপর একাধিক ছবি ফ্লপ—কখনও দর্শকের মন টানেনি, কখনও আবার সিনেমা হলে পৌঁছতেই পারেনি ঠিকভাবে। কিন্তু তিনি থেমে থাকেননি। আর ১৯৭৮ সাল, সেই লড়াকু অভিনেতার জীবনে এনে দেয় এক ঐতিহাসিক মোড়।
সেই বছর একের পর এক হিট ছবি—‘ডন’, ‘ত্রিশূল’, আর সবচেয়ে বড় ঝড় তুলেছিল ‘মুকাদ্দার কা সিকান্দার’। ২৭ অক্টোবর মুক্তি পাওয়া এই ছবিটি শুধু বক্স অফিসে সাফল্য পায়নি, বরং অমিতাভের জনপ্রিয়তাকে পৌঁছে দিয়েছিল অন্য উচ্চতায়।
প্রকাশ মেহরা পরিচালিত ও কাদের খানের লেখা এই ছবিতে অমিতাভের সঙ্গে জুটি বেঁধেছিলেন রেখা। তাঁদের রসায়ন তখনকার দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। ছবির গানগুলিও রাতারাতি হিট হয়ে যায়। IMDb-তে ছবির রেটিং ৭.৪—এখনও তা বলিউড ক্লাসিক হিসেবে স্বীকৃত।
সবচেয়ে চমকপ্রদ তথ্য? মাত্র এক কোটি টাকা বাজেটের ছবিটি আয় করেছিল ২৬ কোটি টাকারও বেশি! ‘মুকাদ্দার কা সিকান্দার’ সেই বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টার ছিল। এমন নয় যে সে বছরে প্রতিযোগিতা কম ছিল। ধর্মেন্দ্র-হেমার ‘আজাদ’ বা বিনোদ খান্নার ‘ম্যায় তুলসী তেরে আঙ্গন কি’—দু'টোই সুপারহিট। কিন্তু অমিতাভের ঝলকে সেই ছবিগুলিও পিছনে পড়ে যায়।
১৯৭৮ সালটা যেন অমিতাভের কেরিয়ারে এক জয়গাথার মতো—যেখানে ‘ফ্লপ’ কথাটা ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে তাঁর নামের পাশ থেকে। আর ‘মুকাদ্দার কা সিকান্দার’ হয়ে ওঠে সেই মুহূর্ত, যেখান থেকে শুরু হয় শাহেনশাহ হয়ে ওঠার যাত্রা।