অনেকদিন ধরেই বলিউডে তাঁকে দেখা যাচ্ছে না। নায়িকা হয়েও যেন একটু আড়ালে চলে গিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে তিনি যে পুরোপুরি হারিয়ে যাননি, তা তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখলেই বোঝা যায়।

প্রিয়াঙ্কা চোপড়া
শেষ আপডেট: 20 June 2025 19:30
দ্য ওয়াল ব্যুরো: অনেকদিন ধরেই বলিউডে তাঁকে দেখা যাচ্ছে না। নায়িকা হয়েও যেন একটু আড়ালে চলে গিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে তিনি যে পুরোপুরি হারিয়ে যাননি, তা তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখলেই বোঝা যায়। মাঝেমধ্যেই মেয়ে মালতীকে নিয়ে ছবি পোস্ট, কখনও আবার ব্যক্তিগত মতামত—প্রিয়াঙ্কা এখনও ভক্তদের হৃদয়ের কাছাকাছিই রয়েছেন।
সম্প্রতি ফের ভাইরাল হয়েছে তাঁর পুরনো একটি সাক্ষাৎকার। যেখানে প্রিয়াঙ্কা আজকের তরুণ প্রজন্মকে দিয়েছেন জীবনসঙ্গী বেছে নেওয়ার টিপস। বিশেষ করে ছেলেদের উদ্দেশে তাঁর বক্তব্য ছিল একেবারে স্পষ্ট।
প্রিয়াঙ্কা বলেছিলেন, “অনেক পুরুষই ভাবেন, তাঁরা যদি কোনও ভার্জিন মেয়েকে বিয়ে করেন, তবেই তাঁদের পুরুষত্ব প্রমাণ হবে। কিন্তু এমন ধারণা একেবারেই ভুল। সতীত্ব একরাতেই চলে যায়, কিন্তু ব্যবহার, মূল্যবোধ, শালীনতা—এসবই থেকে যায় সারাজীবন।”
এই মন্তব্য একসময় নেটমাধ্যমে প্রবল ট্রোলের শিকার হয়েছিল। কেউ বলেছিলেন, প্রিয়াঙ্কা ‘বেপরোয়া’, আবার কেউ ব্যঙ্গ করে বলেছিলেন ‘ভুল শিক্ষা দিচ্ছেন’। তবে প্রিয়াঙ্কা চুপ থাকেননি। বরাবরের মতো তিনি নিজের বক্তব্যে অনড় থেকেছেন।
বলিউড থেকে কিছুটা সরে গেলেও, শোনা যাচ্ছে এস.এস. রাজামৌলির আসন্ন ছবিতে নাকি মুখ্য ভূমিকায় দেখা যাবে তাঁকে। সম্ভবত সেই ছবির শুটিংয়ের জন্যই কিছুদিন আগে ভারতেও এসেছিলেন প্রিয়াঙ্কা। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা এখনও হয়নি।