এবার আমার সঙ্গে দিল্লিতে রয়েছেন উত্তমকুমার। যে কারণটা আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।

গ্রাফিক্স দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 15 September 2025 15:59
সুজয়প্রসাদ নামটা যেন সেলিব্রেশনের আর এক নাম। জীবনের শোক,তাপ,দুঃখ সুজয় পার করেন নিজেকে সংস্কৃতির নানা অঙ্গনে ছড়িয়ে দিয়ে। সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় (Sujoyprasad Chatterjee) যেন একই অঙ্গে এত রূপ। বাচিকশিল্প, অভিনয়, পোশাক পরিকল্পনা নানা ধারাতেই তিনি অনন্য। এবার পুজোয় কী করছেন সুজয়প্রসাদ? পুজো বিদেশে বহুবার কাটালেও এবার সুজয় যাচ্ছেন দিল্লিতে অনুষ্ঠান করতে। কেন সুজয়প্রসাদের কাছে এবার পুজোয় (Pujo) দিল্লি যাওয়া স্পেশাল? এক্সক্লুসিভলি সেই সুখবর তিনি প্রথম জানালেন দ্য ওয়াল-কে।
সুজয়প্রসাদ বললেন 'এই প্রথম এই খবর আমি দ্য ওয়ালকে জানাচ্ছি। আমি প্রথমবার পুজোর সময় দিল্লিতে (Delhi) অনুষ্ঠান করতে যাচ্ছি। আমার তো অ্যাজেন্ট নেই কেউ। যখন এ বছর লন্ডন গিয়েছিলাম তখনই দিল্লির এই অনুষ্ঠানগুলি নিয়ে কথাবার্তা শুরু হয়। আমার দুই বন্ধু পার্বতী ভট্টাচার্য ও রমিত গুহর সূত্রে আমি প্রথম দিল্লিতে অনুষ্ঠান করতে আসছি। আমি দিল্লি চলে এসেছি আজ। আমাকে নিয়ে এসেছে 'প্রান্তিক কালচারাল সোসাইটি'। এবার আমার সঙ্গে দিল্লিতে রয়েছেন উত্তমকুমার। যে কারণটা আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।'
কী ভাবে উত্তমকুমারকে সঙ্গে নিয়ে দিল্লি চলেছেন সুজয়প্রসাদ?

তিনি বললেন 'তিনটে খুব বড় অনুষ্ঠান করছি ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতে। ষষ্ঠীর দিন গ্রেটার কৈলাশ দুর্গোৎসব সমিতিতে আমার একক পাঠের অনুষ্ঠান। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু, ঋতুপর্ণ ঘোষের লেখা পাঠ করব। পুজোর সময় একক পাঠের অনুষ্ঠান তো পুজোর সময় খুব একটা কেউ করে না। এই অনুষ্ঠান সেদিক থেকে নজির। সপ্তমীর দিন 'প্রান্তিক কালচারাল সোসাইটি'র উদ্যোগে ইন্দিরাপুরমে উত্তমকুমারকে নিয়ে একটি অনুষ্ঠান করব। উত্তমকুমারের প্রাকশতবর্ষে আমার এই অনুষ্ঠানের নাম 'গুরু'। উত্তমকুমারের জীবন যৌবনের নানা গল্প, ওঁর আত্মজীবনীর থেকে একটু পাঠ এবং এখানকার কমিউনিটির সঙ্গীতশিল্পীরা উত্তমকুমারের ছায়াছবির নানা গান গাইবে। আমি গানের মাঝখানে মহানায়কের গল্পগুলো বলব।

অষ্টমীর দিন ডিসিডিপিতে থাকছি। কলকাতার নামী শিল্পী নীপবীথি ঘোষ ও আমি করব হলি-বলি-টলির নায়িকাদের জীবনযাপনের গল্প এবং তাঁদের ছবির গান। সেই গানগুলো নীপবীথি গাইবেন এবং গল্পগুলো আমি বলব। কানন দেবী থেকে কাজল অবধি। এবার পুজোর সমস্ত অনুষ্ঠান দিল্লিতে।'
কেন সুজয়প্রসাদের কাছে দিল্লি সফর এতখানি গুরুত্বপূর্ণ? আসলে সুজয়ের বেড়ে ওঠায় দিল্লি জড়িয়ে। আর সেখানে অতিথি রূপে আমন্ত্রিত হওয়া বড় ব্যাপার তাঁর কাছে।

সুজয়প্রসাদ বললেন 'আমার মা-বাবা দিল্লিতে তাঁদের জীবন শুরু করেছিলেন। গ্রিনপার্কে থাকতেন। দিল্লি যাওয়া কোথাও গিয়ে আমার শিকড়ে ফেরা। আর আমার স্নাতকোত্তর পড়াশোনা দিল্লিতে করেছি। চাকরি করাও এখানে। দিল্লি আমার কাছে ভীষণ ব্যক্তিগত আবেগ।'