পরে অবশ্য পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই স্বস্তির খবর মেলে। শুভশ্রীর বাবা দেবপ্রসাদ গাঙ্গুলি জানিয়েছিলেন, মেয়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। ভাল আছে তাঁরা, বলেই আশ্বস্ত করেছেন তিনি। দুবাই থেকে ধীরে ধীরে ফ্লাইট পরিষেবা চালু হওয়ায় খুব শিগগিরই কলকাতায় ফেরার পরিকল্পনা করছেন অভিনেত্রী।

শেষ আপডেট: 4 March 2026 12:24
দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রাচ্যে চলতে থাকা যুদ্ধ পরিস্থিতির প্রভাব গিয়ে পড়েছিল দুবাইয়েও (Dubai)। আন্তর্জাতিক বিমান চলাচলে বিঘ্ন ঘটায় সেখানে সাময়িকভাবে আটকে পড়েন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly) এবং তাঁর ছেলে ইউভান চক্রবর্তী (Yuvaan Chakraborty)। কয়েক দিন তাঁদের সঙ্গে ফোনেই চলতে থাকে যোগাযোগ। দফায় দফায় খোঁজ নেন রাজ চক্রবর্তী, তবুও দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা।
পরে অবশ্য পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই স্বস্তির খবর মেলে। শুভশ্রীর বাবা দেবপ্রসাদ গাঙ্গুলি জানিয়েছিলেন, মেয়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। ভাল আছে তাঁরা, বলেই আশ্বস্ত করেছেন তিনি। দুবাই থেকে ধীরে ধীরে ফ্লাইট পরিষেবা চালু হওয়ায় খুব শিগগিরই কলকাতায় ফেরার পরিকল্পনা করছেন অভিনেত্রী।
কলকাতায় রয়েছেন শুভশ্রীর স্বামী, পরিচালক ও বিধায়ক রাজ চক্রবর্তী এবং তাঁদের কন্যা ইয়ালিনি। পরীক্ষার পর ছেলের ইচ্ছেতেই হঠাৎ করে দুবাই সফরের সিদ্ধান্ত নেন শুভশ্রী। যদিও বিদেশে কাজের সূত্রে বহুবার গিয়েছেন তিনি, কিন্তু সন্তানের সঙ্গে এমন অস্থির পরিস্থিতির মধ্যে পড়া স্বাভাবিকভাবেই বাড়িয়ে দিয়েছিল উদ্বেগ।
পরিবার সূত্রে জানা গেছে, বিস্ফোরণের খবর কাছাকাছি এলাকায় থাকলেও হোটেলের ভিতরে নিরাপদেই ছিলেন মা ও ছেলে। প্রথমে যোগাযোগে সমস্যা হওয়ায় উৎকণ্ঠা বাড়লেও পরে ফোনে কথা বলে নিশ্চিন্ত হন পরিবারের সদস্যরা।
ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার জেরে গোটা অঞ্চলে বিমান চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক ফ্লাইট বাতিল হওয়ায় অনেক যাত্রীই বিপাকে পড়েন। তবে ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হচ্ছে। একে একে দেশে ফিরছেন অনেকেই।
সব কিছু ঠিক থাকলে খুব শিগগিরই অর্থাৎ আজ-কালের মধ্যেই কলকাতায় ফিরবেন শুভশ্রী ও ইউভান। তাঁদের নিরাপদে ফেরার অপেক্ষায় এখন পরিবার ও অনুরাগীরা।