করিশ্মার বিস্ফোরক অভিযোগ—সঞ্জয় কাপুরের উইলে উল্লেখ থাকা অ্যাকাউন্টের সব টাকা গায়েব! ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি মামলায় হাইকোর্টে নয়া মোড়।

সঞ্জয়ের সম্পত্তি মামলা
শেষ আপডেট: 25 September 2025 17:44
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুর-এর বিপুল অঙ্কের (আনুমানিক ৩০,০০০ কোটি টাকা) সম্পত্তির অধিকার নিয়ে পারিবারিক বিবাদ লেগেই আছে। বৃহস্পতিবার দিল্লির হাইকোর্ট এই মামলার শুনানিতে সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব কাপুর-এর একটি দাবি নিয়ে প্রশ্ন তোলে। প্রিয়া তাঁর প্রয়াত স্বামীর ব্যক্তিগত সম্পত্তির জন্য একটি 'নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট' (NDA) বা গোপনীয়তা চুক্তি স্বাক্ষরের দাবি জানিয়েছেন।
প্রিয়া তার আবেদনে বলেন, তিনি সঞ্জয়ের প্রথম স্ত্রী এবং অভিনেত্রী করিশ্মা কাপুর-এর দুই সন্তান ও সঞ্জয়ের মা রানী কাপুর-এর সঙ্গে NDA চুক্তি সই করতে চান। প্রিয়া যুক্তি দেন যে, আর্থিক তথ্যের সংবেদনশীলতার কারণে এই পদক্ষেপ জরুরি, কারণ তথ্য ফাঁস হলে 'সাইবার সিকিউরিটি' সংক্রান্ত সমস্যা হতে পারে। এর আগে গত ১২ সেপ্টেম্বর, হাইকোর্ট প্রিয়াকে নির্দেশ দিয়েছিল যে, তিনি যেন সঞ্জয়ের মৃত্যুর দিন (১২ জুন) পর্যন্ত তাঁর সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ প্রকাশ করেন।
আদালতের বিচারপতি জ্যোতি সিং প্রিয়ার এই দাবির প্রেক্ষিতে প্রশ্ন করে বলেন, "কতটা তথ্য গোপন রাখা যায়? আদালতের কার্যপ্রণালীর একটা সীমা আছে। আপনি আমাকে এমন কোনও রায় দেখান, যেখানে গোপনীয়তা চাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।"
অন্যদিকে, করিশ্মার সন্তানদের আইনজীবী অভিযোগ করেন যে, সঞ্জয়ের কথিত উইল-এ যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা উল্লেখ করা হয়েছে, সেই অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা সরিয়ে ফেলা হয়েছে। তারা NDA চুক্তিরও বিরোধিতা করে বলেন যে, এই ধরনের চুক্তি সই করলে উইলটি নিয়ে প্রশ্ন তোলা কঠিন হবে।
বিচারপতি এরপর প্রিয়াকে উইল জমা দেওয়ার নির্দেশ দেন এবং বলেন, "যদি সবকিছু গোপন করা হয়, তাহলে আপনারা কীভাবে মামলার জবাব দেবেন? উইলটি যদি জমা দেওয়া না হয়, তাহলে তারা কীভাবে আদালতে জবাব দেবে?"
প্রসঙ্গত, গত ১২ জুন একটি পোলো ম্যাচের সময় ইংল্যান্ডে অসুস্থ হয়ে পড়েন সঞ্জয় কাপুর এবং তার মৃত্যু হয়। করিশ্মার সন্তানরা মার্চ মাসের ২১ তারিখের সেই উইলটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন, যেখানে বলা হয়েছে সঞ্জয়ের সমস্ত সম্পত্তি তার তৃতীয় স্ত্রী প্রিয়াকে দেওয়া হয়েছে।