অভিনেত্রী রবিনা টন্ডন শেয়ার করলেন নিজের ভাইকে ঘিরে চলা তিক্ত গুঞ্জন ও মানসিক চাপের ঘটনা।

রবিনা টন্ডন
শেষ আপডেট: 25 January 2026 10:55
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকের কৌতূহল বরাবরই প্রবল। তাঁদের জীবনের সামান্য ঘটনাও যে কী ভাবে আলোচনার কেন্দ্রে উঠে আসে, সে অভিজ্ঞতার কথাই এবার ভাগ করে নিলেন অভিনেত্রী রবিনা টন্ডন (Raveena Tandon)।
বেশ কয়েক বছর আগের এক তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে রবিনা জানান, এক সময় টানা বহু রাত তিনি ঘুমোতে পারেননি। মানসিক চাপে শুধু ঘুম নয়, খাওয়াদাওয়াও বন্ধ হয়ে গিয়েছিল তাঁর। অভিনেত্রীর কথায়, হঠাৎ একদিন একটি ম্যাগাজিনে তিনি পড়েন, সেখানে লেখা হয়েছে, এক জন ফর্সা দেখতে যুবক নাকি প্রতিদিন তাঁকে শুটিংয়ে পৌঁছে দিয়ে যেত। অথচ এই বিষয়ে কখনও কেউ তাঁর কাছে কিছু জানতে চায়নি, এমনকি প্রশ্নও করা হয়নি কে সেই ব্যক্তি। পরে বুঝতে পারেন, যাঁকে ঘিরে এত চর্চা, তিনি আসলে তাঁর নিজের ভাই।
এই ধরনের গুঞ্জনে ভীষণভাবে অপমানিত বোধ করেছিলেন রবিনা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, বাবা-মায়ের সামনে দাঁড়াতেও তাঁর লজ্জা লাগত। অভিনেত্রী জানান, এই ঘটনায় তাঁর বাবা-মাও গভীরভাবে ভেঙে পড়েছিলেন। তাঁদের এতটাই কষ্ট হয়েছিল যে, তাঁরা কেউই স্বাভাবিক ভাবে কথা বলার অবস্থায় ছিলেন না, এমনকি খাওয়াদাওয়াও বন্ধ করে দিয়েছিলেন।
এই ঘটনার পর রবিনাকে ঘিরে সমালোচনার ঝড়ও ওঠে। এক সময় অজয় দেবগনের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ছিল চর্চার শীর্ষে। একসঙ্গে একাধিক ছবিতে কাজ করার জেরেই সেই আলোচনা আরও তীব্র হয়। পরে শোনা যায়, করিশ্মা কাপুরের জীবনে প্রবেশের পরই নাকি রবিনা ও অজয়ের সম্পর্ক ভেঙে যায়, এমনই নানা জল্পনা চলতে থাকে দীর্ঘদিন ধরে।