বিনোদন জগতে শোকের ছায়া। কিংবদন্তি রামানন্দ সাগরের পুত্র আনন্দ সাগর চোপড়া ৮৪ বছর বয়সে প্রয়াত।

আনন্দ রামানন্দ সাগর চোপড়া
শেষ আপডেট: 14 February 2026 11:35
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় টেলিভিশনের ইতিহাসে কিংবদন্তি নির্মাতা রামানন্দ সাগর-এর পরিবারে নেমে এল শোকের ছায়া। তাঁর পুত্র আনন্দ রামানন্দ সাগর চোপড়া (Anand Ramanand Sagar Chopra) আর নেই। শুক্রবার ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন আনন্দ। জানা গিয়েছে, তিনি পারকিনসনস রোগে আক্রান্ত ছিলেন।
শুক্রবার বিকেল ৪টে ৩০ মিনিটে মুম্বইয়ে সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য। পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানানো হয়েছে, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের বাবা আনন্দ রামানন্দ সাগর চোপড়া আর আমাদের মধ্যে নেই। শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, বিকেল ৪টে ৩০ মিনিটে হিন্দু শ্মশান ভূমি (পবন হংস)-এ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।”
পরিবারের তরফে আরও জানানো হয়েছে, তাঁর আত্মার শান্তির জন্য সকলের কাছে প্রার্থনা কামনা করা হচ্ছে। আনন্দ রামানন্দ সাগর চোপড়ার প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ পরিবার, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ মহল। তাঁর মৃত্যুতে বিনোদন জগতের এক পরিচিত অধ্যায়ের অবসান ঘটল।