ভিডিওতে তিনি আরও একটি ঘটনাও তুলে ধরেন, যা পরিস্থিতির গভীরতা বুঝিয়ে দেয়। ধারাবাহিকের এক প্রবীণ টেকনিশিয়ান নাকি তাঁকে ফোন করে চরম হতাশার কথা জানিয়েছেন। সেই কথোপকথনই রাজাকে নাড়িয়ে দিয়েছে।

শেষ আপডেট: 8 April 2026 16:02
দ্য ওয়াল ব্যুরো: রাহুল অরুণোদয় বন্দ্য়োপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee Death) অকাল মৃত্যুকে ঘিরে টলিউডের অন্দরে শোরগোল বর্তমান। প্রত্যেকেই বর্তমানে প্রতিবাদে সরব। চাইছেন ন্যায় বিচার। চাইছেন নিরাপত্তা। সেই মর্মে মঙ্গলবার কর্মবিরতির দিন এক দীর্ঘ বৈঠকের পর শিল্পীদের এদিকে যেমন বিমার বিষয়টা নিশ্চিত করা হয়েছে, ঠিক তেমনই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, অভিযুক্তদের সঙ্গে এই মুহূর্তে কোনও কাজ নয়। অর্থাৎ FIR-এ যাদের নাম রয়েছে, তাদের সঙ্গে আপাতত কোনও কাজ নয়।
এর সরাসরি প্রভাব পরে দুই ধারাবাহিকে। চিরসখা ও কনে দেখা আলো বন্ধ হয়ে যাচ্ছে। ফলে স্পষ্টভাবে এর প্রভাব পড়তে শুরু করেছে ছোট পর্দার দুনিয়াতেও। এই সিদ্ধান্তের পরই একপ্রকার থমকে যায় ম্যাজিক মোমেন্টসের অধীনে থাকা ধারাবাহিকগুলির ভবিষ্যৎ। তার মধ্যে প্রথম ধাক্কা আসে চিরসখা-তে। চলতি শুটিং হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়ায় এক ঝটকায় কাজ চলে যায় বহু মানুষের। এর আগে চ্যানেল কর্তৃপক্ষ ভোলে বাবা পার কারেগা-র একটি পর্ব সম্প্রচার বন্ধ করলেও, চিরসখা-র ক্ষেত্রে পরিস্থিতি অনেকটাই আলাদা—এখানে সরাসরি প্রযোজনা সংস্থার উপর নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে।
এই আকস্মিক সিদ্ধান্তে মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেতা রাজা গোস্বামী। সোশ্যাল মিডিয়ায় স্ত্রী মধুবনী গোস্বামী-কে পাশে নিয়ে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, একটি ধারাবাহিক স্বাভাবিক নিয়মে শেষ হওয়া আর আচমকা বন্ধ করে দেওয়া—দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। তাঁর মতে, এইভাবে হঠাৎ কাজ থেমে গেলে একসঙ্গে বহু মানুষের রুজি-রোজগার বন্ধ হয়ে যায়, যা ভীষণভাবে উদ্বেগজনক।
ভিডিওতে তিনি আরও একটি ঘটনাও তুলে ধরেন, যা পরিস্থিতির গভীরতা বুঝিয়ে দেয়। ধারাবাহিকের এক প্রবীণ টেকনিশিয়ান নাকি তাঁকে ফোন করে চরম হতাশার কথা জানিয়েছেন। সেই কথোপকথনই রাজাকে নাড়িয়ে দিয়েছে। তাঁর বক্তব্য, শুধু অভিনেতা নয়, এই ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ভরসা টেকনিশিয়ানরা—আর তাঁদের উপরই এই সিদ্ধান্তের সবচেয়ে বেশি প্রভাব পড়ছে। রাজার কথায়, সেই প্রবীণ ব্যক্তির দুই সন্তান রয়েছে, এই পরিস্থিতিতে মৃত্যু ছাড়া আর কোনও উপায় থাকে কি?
তবে নিজের অবস্থান স্পষ্ট রেখে রাজা জানান, ব্যক্তিগতভাবে তিনি হয়তো এই পরিস্থিতি সামাল দিতে পারবেন। কিন্তু যাঁদের একমাত্র আয়ের উৎস এই ধারাবাহিক, তাঁদের জন্য পরিস্থিতি কঠিন। সেই কারণেই তিনি প্রশ্ন তুলেছেন—ন্যায়বিচারের দাবি অবশ্যই জরুরি, কিন্তু তার জন্য কি এইভাবে চলতি কাজ বন্ধ করে দেওয়া একমাত্র পথ?
এদিকে, এই সিদ্ধান্তের ছায়া পড়েছে আরও একটি জনপ্রিয় ধারাবাহিক কনে দেখা আলো-র উপরেও। কারণ, এই সিরিয়ালের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। ফলে দর্শকমহলে জল্পনা, এই ধারাবাহিকও কি একই অনিশ্চয়তার মুখে পড়তে চলেছে?
সব মিলিয়ে, একদিকে ন্যায়বিচারের লড়াই, অন্যদিকে বহু মানুষের জীবিকার প্রশ্ন—এই দ্বন্দ্বেই আজ টলিউড। রাহুল অরুণোদয়ের মৃত্যুর তদন্ত কোন দিকে মোড় নেয়, আর তার সঙ্গে ইন্ডাস্ট্রি কীভাবে এই সঙ্কট কাটিয়ে ওঠে, এখন সেদিকেই নজর সবার।