উপস্থিত কয়েকজনের অভিযোগ, নির্দিষ্ট কয়েকজনকে, যাদের মধ্যে অভিনেত্রী সায়নী ঘোষও ছিলেন, ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়, অথচ অন্যদের ক্ষেত্রে কড়াকড়ি করা হয়। এই নিয়েই ক্ষোভ ছড়ায় শ্মশান চত্বরে। যদিও পরিস্থিতি দ্রুত সামাল দেওয়া হয় এবং শেষকৃত্যের প্রক্রিয়ায় কোনও বাধা পড়েনি।

শেষ আপডেট: 30 March 2026 22:08
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে সোমবার বিকেলে শেষ হল অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অন্ত্যেষ্টি (Rahul Arunoday Banerjee last rite)। পরিবারের ইচ্ছেতেই গোটা আয়োজন ছিল সংযত, নিরাভরণ। বাড়ি থেকে সরাসরি শ্মশানে নিয়ে আসা হয় তাঁর দেহ, জনসমাগম বা আনুষ্ঠানিকতা এড়াতেই এই সিদ্ধান্ত— জানিয়েছিল পরিবার (Rahul Arunoday Banerjee news)।
তবে সেই নীরব বিদায়ের মাঝেই তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি। উপস্থিত কয়েকজনের অভিযোগ, নির্দিষ্ট কয়েকজনকে, যাদের মধ্যে অভিনেত্রী সায়নী ঘোষও ছিলেন, ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়, অথচ অন্যদের ক্ষেত্রে কড়াকড়ি করা হয়। এই নিয়েই ক্ষোভ ছড়ায় শ্মশান চত্বরে। যদিও পরিস্থিতি দ্রুত সামাল দেওয়া হয় এবং শেষকৃত্যের প্রক্রিয়ায় কোনও বাধা পড়েনি (Rahul Arunoday Banerjee cremation)।
রাহুলের চলে যাওয়া এখনও অবিশ্বাসের মতোই লাগছে তাঁর ঘনিষ্ঠদের কাছে। বন্ধুবান্ধব, সহকর্মী থেকে পাড়া-প্রতিবেশী— সবাই এক সুরে বলছেন, এমন মানুষকে এভাবে হারানো মানা যায় না। সোমবার সকালে তমলুক থেকে কলকাতায় আনা হয় তাঁর দেহ, বিকেলে সম্পন্ন হয় শেষকৃত্য। টলিউডের একাধিক পরিচিত মুখ এদিন হাজির ছিলেন শেষ শ্রদ্ধা জানাতে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, সুদীপ্তা চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী–সহ বহু শিল্পী চোখের জলে বিদায় জানান তাঁদের প্রিয় ‘বাবিন’-কে।
এই মৃত্যুকে ঘিরে উঠছে একের পর এক প্রশ্নও। ওড়িশার তালসারিতে শ্যুটিং চলাকালীন জলে ডুবে তাঁর মৃত্যু— এই তথ্য সামনে আসতেই নতুন করে আলোচনা শুরু হয়েছে শ্যুটিং ইউনিটের নিরাপত্তা নিয়ে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সমুদ্রে নেমে শ্যুটিংয়ের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। অন্যদিকে, ময়নাতদন্তে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য—দীর্ঘ সময় জলের নিচে থাকার ফলে তাঁর ফুসফুসে বালি জমে তা অস্বাভাবিকভাবে ফুলে ওঠে, যা মৃত্যুর অন্যতম কারণ বলে মনে করছেন চিকিৎসকেরা।
ঘটনার দিন ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ইউনিটের সদস্য, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চলছে। একদিকে প্রিয় শিল্পীর অকালপ্রয়াণের শোক, অন্যদিকে অস্বস্তিকর প্রশ্ন - দুইয়ের মাঝখানেই থমকে আছে টলিউড।