ময়নাতদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য—ফুসফুসে বালি, শরীরে নোনা জল। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে ঘিরে বাড়ছে প্রশ্ন।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 30 March 2026 13:56
চিকিৎসক মহলের একাংশের মতে, এই ধরনের শারীরিক অবস্থা ইঙ্গিত দেয় যে, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার সম্ভব হয়নি। দীর্ঘ সময় জলের নিচে থাকার ফলেই শরীরের বিভিন্ন অংশে নোনাজল প্রবেশ করে এমন পরিস্থিতির হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
এই তথ্যটাই এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে। কারণ, ঘটনাস্থলের একাধিক বয়ান বলছে, দুর্ঘটনার পর খুব দ্রুত উদ্ধার করা হয়েছিল তাঁকে। কিন্তু ময়নাতদন্ত যেন সেই দাবি নিয়ে সরাসরি প্রশ্ন তুলে দিচ্ছে। যদি সত্যিই দ্রুত উদ্ধার করা হয়ে থাকে, তবে শরীরে এত বিপুল পরিমাণ জল ও বালি এল কীভাবে?
এখানেই খুলছে নতুন প্রশ্নের দরজা। উদ্ধার করতে দেরি হয়েছিল? নাকি তাঁকে খুঁজে পেতেই অনেকটা সময় লেগে যায়? প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, দীর্ঘ সময় তাঁকে দেখা যায়নি। আবার প্রোডাকশন টিমের বক্তব্য সম্পূর্ণ আলাদা। এই দ্বন্দ্বই এখন তদন্তকারীদের কাছে সবচেয়ে বড় ধাঁধা।
আরও একটি গুরুত্বপূর্ণ দিক, রাহুলের শরীর থেকে ভিসেরা সংগ্রহ করা হয়েছে। তা পাঠানো হয়েছে ফরেনসিক পরীক্ষার জন্য। তাঁর শরীরে অ্যালকোহলের উপস্থিতি ছিল কি না, সেটাও এখন পরীক্ষাধীন। যদিও প্রাথমিক রিপোর্টে সেই বিষয়ে নিশ্চিত কিছু বলা হয়নি, তবু তদন্তকারীরা কোনও সম্ভাবনাকেই এখনই উড়িয়ে দিচ্ছেন না।
সব মিলিয়ে, রাহুলের এই মৃত্যুর ঘটনা কেবল একটি দুর্ঘটনার গল্প নয়। এটা সময়ের হিসাব মেলানোর, উদ্ধার প্রক্রিয়ার প্রশ্নের গল্প, আর একের পর এক অসঙ্গতির জটিল সমীকরণ। যতই তথ্য সামনে আসছে, ততই পরিষ্কার হচ্ছে, ঘটনাটা যতটা সরল মনে হয়েছিল, বাস্তবে তা নয়।
ময়নাতদন্তের পরই শববাহী গাড়িতে করে রওনা দেয় অভিনেতার নিথর দেহ, গন্তব্য তাঁর প্রিয় বিজয়গড়ের বাড়ি। জীবনের শেষ দিন পর্যন্ত যেই ঠিকানার সঙ্গে জড়িয়ে ছিল তাঁর আবেগ, সেই বাড়িতেই ফিরবেন তিনি। তবে আর জীবিত নয়, নিঃশব্দে, শেষবারের মতো।