নতুন সিজনের জন্য দারুণ প্রস্তুতি নিচ্ছেন আলি ফজল। ‘মির্জাপুর’-এর গুড্ডু ভাই এবার কুস্তিগীর, ঘি-দুধ-শাকসবজিতে ভর করে শরীর গড়ছেন অভিনেতা।

আলি ফজল
শেষ আপডেট: 18 September 2025 13:49
দ্য ওয়াল ব্যুরো: ‘মির্জাপুর’-এর গুড্ডু ভাইকে মনে আছে? এবার সেই চরিত্রের নতুন রূপ আনতে মরিয়া আলি ফজল। হঠাৎই নিয়ম করে কুস্তির প্রশিক্ষণ নিচ্ছেন অভিনেতা। আসলে, সিরিজের আসন্ন অধ্যায়ে নিজের চরিত্রকে আরও বাস্তবসম্মত করে তুলতেই এই প্রস্তুতি শুরু করেছেন তিনি।
আলির পরিবারের সঙ্গেও জড়িয়ে রয়েছে কুস্তির ইতিহাস। সেই শিকড়েই এবার ফিরে যাচ্ছেন তিনি। সংবাদমাধ্যমে অভিনেতা জানান, “আমাদের পরিবারে ‘পহেলওয়ানি’র ঐতিহ্য রয়েছে। এই ছবির জন্য প্রস্তুতি আমাকে সেই অতীতের কথাই মনে করিয়ে দিচ্ছে। তাই প্রোটিন শেক বা কৃত্রিম খাবার নয়, শরীর গড়ছি ঠিক যেভাবে আমার পূর্বপুরুষেরা করতেন।”
শরীরচর্চার পাশাপাশি আলি নজর দিচ্ছেন খাদ্যাভ্যাসেও। ফাস্ট ফুড বা কেমিক্যাল-ভিত্তিক সাপ্লিমেন্ট নয়, তাঁর ভরসা ঘি, দুধ, মরশুমি শাকসবজি আর প্রাকৃতিক প্রোটিনে। জুলাইয়ের শেষ থেকে এই বিশেষ ডায়েট ও প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন অভিনেতা।
শুধু ক্যামেরার সামনে পেশি দেখানোর জন্য নয়, গুড্ডুর মতো চরিত্রে সত্যিই শক্তি আর লড়াইয়ের স্পিরিট দেখাতে চান আলি। তাঁর কথায়, “কুস্তি করে সুগঠিত শরীর তৈরি করা মানে শুধু লোকদেখানো নয়। আসলেই যেন লড়াইয়ে কাজে লাগে। এভাবেই আমি গুড্ডুকে নিজের মধ্যে লালন করছি। দর্শকদের আলাদা কিছু উপহার দিতে চাই।”