স্বরার মুখে কঙ্গনার প্রশংসা, কিন্তু স্বামী ফাহাদের কটাক্ষ— মান্ডি বন্যা প্রসঙ্গে কঙ্গনাকে ‘খারাপ রাজনীতিবিদ’ আখ্যা দিলেন তিনি।

কঙ্গনা রানাউত
শেষ আপডেট: 18 September 2025 13:10
দ্য ওয়াল ব্যুরো: কঙ্গনা রানাউত আর স্বরা ভাস্করের মধ্যে তিক্ততা নতুন কিছু নয়। বহুবার একে অপরকে খোঁচা দিয়েছেন তাঁরা। তবে এবার খোদ স্বরার মুখে কঙ্গনাকে নিয়ে শোনা গেল অবাক করা মন্তব্য। অভিনেত্রী বললেন, কঙ্গনা আসলে ‘খুব ভাল একজন সন্তান’। এক সাক্ষাৎকারে কঙ্গনার জন্য একটি হ্যাশট্যাগ বাছতে বলা হলে স্বরা মজা করে বলেন, ‘ডেস্টিনিস বেবি’। তিনি আরও যোগ করেন, “কঙ্গনার যাত্রাপথ সত্যিই প্রশংসনীয়। ও কখনও হাল ছাড়েনি। তাই আমার হ্যাশট্যাগ হবে #NeverGiveUp”
তবে পাশে বসা স্বামীর মুখে শোনা গেল একেবারেই অন্য সুর। সমাজকর্মী ফাহাদ আহমেদ মন্তব্য করেন, “কঙ্গনা একজন খারাপ রাজনীতিবিদ। তাই আমার হ্যাশট্যাগ হবে #BadPolitician” মান্ডি বন্যা প্রসঙ্গে কঙ্গনার ভূমিকা নিয়েই তাঁর এই মন্তব্য।
ফাহাদের বক্তব্য, “ওঁর উচিত ছিল বিশেষ তহবিল নিয়ে লড়াই করা। অভিনেত্রী হিসেবে কঙ্গনা দুর্দান্ত, আমিও তাঁকে পছন্দ করি, কিন্তু রাজনীতিতে তিনি ব্যর্থ।” স্বাভাবিকভাবেই ফাহাদের এই মন্তব্যে স্বরা খানিকটা চমকে যান। মজা করে তিনি স্বামীকে ধমকও দেন, “৫০ বার যেন আর এটা না বলো!”
তবে রাজনৈতিক মতভেদ থাকলেও ব্যক্তিগত সম্পর্কে কঙ্গনা মানবিকতা দেখিয়েছেন বলেও জানান ফাহাদ। তিনি বলেন, তাঁদের বিয়ের সময় কঙ্গনা অভিনন্দন জানিয়েছিলেন। বর্তমানে স্বরা-ফাহাদকে দেখা যাচ্ছে রিয়্যালিটি শো ‘পতি, পত্নী অউর পাঙ্গা’-য়। তাঁদের দম্পতি রসায়ন দর্শকদেরও বেশ ভাল লেগেছে।