৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি মঞ্চে দেখা গেল মহুয়া মৈত্র ও স্বামী পিনাকী মিশ্রকে।

মমতা বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র ও পিনাকী মিশ্র
শেষ আপডেট: 13 November 2025 18:24
দ্য ওয়াল ব্যুরো: ৭ দিন ব্যাপি কলকাতা চলচ্চিত্র উৎসব (KIFF 2025) চলার পর, আজ তার শেষ দিন। প্রথম থেকেই টলিপাড়ায় চলছে কানাঘুষো। বলা হচ্ছে, এই বছরও নাকি রাজনীতির ছোঁয়া লেগেছে সিনেমার এই মহোৎসবে। এদিকে আজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), দেব, অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, শান্তনু মৈত্র, গৌতম ঘোষ, মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং মন্ত্রী অরূপ বিশ্বাস। সঙ্গে স্বামী তথা প্রাক্তন বিজু জনতা দল বা বিজেডি সাংসদ পিনাকী মিশ্রর (Pinaki Mishra) সঙ্গে দেখা গেল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকেও (Mahua Moitra)।
চলতি বছরের জুন মাসে বিয়ের পর নভেম্বরে তাঁর সংসদীয় এলাকায় রিসেপশন পার্টিও দিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ। তারপরেই এবার দু'জনকে পাশাপাশি বসে থাকতে দেখা গেল চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠান মঞ্চে। এবছরের জুনে একেবারে নিভৃতে জার্মানির বার্লিনে বিয়ে সারেন মহুয়া-পিনাকী। খবরটা গোপনই ছিল, পরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ের ছবি সামনে আসতেই প্রকাশ পায় সুখবর। মহুয়া ও পিনাকী উভয়েরই এটা দ্বিতীয় বিয়ে।
আজ অর্থাৎ ১৩ নভেম্বর উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আজ আমার এখানে আমার আসার কথা ছিল না। অন্য একটা জায়গায় যাওয়ার আছে, তার মধ্যে সারপ্রাইজ ভিজিট করতে এসেছি। পরের বছর আরও বড় করে চলচ্চিত্র উৎসব হবে।
টলিউডের সিনেমার ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, বিশ্বের সেরা ছবি বানাতে পারে টলিউড। এখানে সেই ক্যাপাসিটি রয়েছে। পরিচালক থেকে অভিনেতা, অভিনেত্রীরা সকলেই যথেষ্ট দক্ষ এবং পরিশ্রমী।
এদিকে, উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পরমব্রতর পাশে মঞ্চে ছিলেন অভিনেত্রী ও সাংসদ জুন মালিয়া। তবে আজ পরমব্রতকে দেখা যায়নি মঞ্চে। যে জুটি দিয়ে উৎসবের পর্দা উঠেছিল, শেষ অধ্যায়ে সেখানে একাই দাঁড়িয়ে রইলেন জুন। অনুষ্ঠানের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই খুঁজলেন পরমব্রত চট্টোপাধ্যায়কে! উদ্বোধনী অনুষ্ঠানে যিনি ছিলেন মুখ্য সঞ্চালক, সেই পরমব্রতর অনুপস্থিতিই যেন জমজমাট সন্ধ্যায় খানিক ব্যতিক্রম। ইতিমধ্যেই টলিপাড়ায় জল্পনা, এটা কি আগেভাগে নেওয়া পরিকল্পিত সিদ্ধান্ত, নাকি শেষ মুহূর্তের কোনও ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট’?