ওয়েব দুনিয়ায় আবার একবার নতুন হাওয়া বইতে চলেছে। নৈহাটির বড় মায়ের আশীর্বাদ নিয়ে চলতি মাসেই রাজ চক্রবর্তী শুরু করেছেন তাঁর একেবারে নতুন ওয়েব সিরিজের কাজ। শুটিংও জোরকদমে শুরু হয়ে গিয়েছে।

মধুপ্রিয়া।
শেষ আপডেট: 27 November 2025 15:58
দ্য ওয়াল ব্যুরো: ওয়েব দুনিয়ায় আবার একবার নতুন হাওয়া বইতে চলেছে। নৈহাটির বড় মায়ের আশীর্বাদ নিয়ে চলতি মাসেই রাজ চক্রবর্তী শুরু করেছেন তাঁর একেবারে নতুন ওয়েব সিরিজের কাজ। শুটিংও জোরকদমে শুরু হয়ে গিয়েছে। আর সেই সঙ্গেই ফিরছেন শাশ্বত চট্টোপাধ্যায়ের বহুদিনের সেই চেনা রূপ—যে চরিত্রে তাঁকে দেখার অপেক্ষায় ছিল অসংখ্য দর্শক।
শাশ্বতর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন জুন মালিয়া। দীর্ঘ বিরতির পর আবার ক্যামেরার সামনে ফিরছেন তিনি। তবে এই সিরিজে দর্শক নতুন গল্প পাবেন, নাকি পুরনো অধ্যায়ই এগিয়ে নিয়ে যাওয়া হবে—তা নিয়ে রাজ এখনও মুখ খোলেননি। রহস্যই থাকছে রহস্যের মতোই।
এই সিরিজেই থাকছেন টেলিভিশনের পরিচিত মুখ মধুপ্রিয়া চৌধুরী। ‘তিতলি’, ‘অনুরাগের ছোঁয়া’, ‘তোমাদের রাণী’—একাধিক ধারাবাহিকে কাজ করে যিনি ইতিমধ্যেই ছোটপর্দায় নিজের জায়গা পাকাপাকি করেছেন। কিন্তু স্বপ্ন ছিল বড়, একদিন বড় পরিচালকের সঙ্গে কাজ করার। এবার সেই স্বপ্নই সত্যি হতে চলেছে। কোনও ছবি নয়, বরং রাজ চক্রবর্তীর আগামী ওয়েব সিরিজেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।
সোশ্যাল মিডিয়ায় ‘প্রলয় ২’র স্ক্রিপ্টের ছবি পোস্ট করে মধুপ্রিয়া লিখেছেন, “ফিঙ্গার ক্রস। এটা সত্যিই সম্ভব হত না আপনাকে ছাড়া। আমার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। কতটা কৃতজ্ঞতা আছে, বলে বোঝাতে পারব না। আরও অনেক মাইলস্টোন ছুঁতে যেন পাই।” স্ক্রিপ্টে স্পষ্ট করে লেখা রাজ চক্রবর্তীর নাম এবং চিত্রনাট্যকারের নাম—অভিনেত্রীর কেরিয়ারের পথে যে এটি বড় মোড় ঘুরিয়ে দিতে পারে তা একবাক্যে মানছেন বহুজনই।
শাশ্বত–জুন–মধুপ্রিয়ার পাশাপাশি সিরিজে থাকছেন ওম সাহানি, অনুজয় ভট্টাচার্য এবং আরও অনেকে। শুটিং তো শুরু হয়ে গিয়েছে, কিন্তু মুক্তির তারিখ এখনই জানায়নি টিম। যদিও একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—নতুন গল্পের রহস্যে চমকে উঠবে দর্শক, নাকি আবারও অনিমেষ দত্তর সেই পুরনো আগুনই ফিরে আসবে? অপেক্ষা কিন্তু বাড়ছে প্রতিটি দিনেই...