যুদ্ধের আতঙ্ক! দুবাইয়ে আটকে পড়েছিলেন লারা দত্ত ও তাঁর ১৪ বছরের মেয়ে সাইরা।

লারা দত্ত ও তাঁর মেয়ে সাইরা
শেষ আপডেট: 13 March 2026 12:16
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম এশিয়ায় যুদ্ধের আগুন ক্রমেই ছড়িয়ে পড়ছে। ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলার জবাবে পালটা আঘাত হেনেছে ইরান। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে। এই যুদ্ধ পরিস্থিতির জেরে বারবার ব্যাহত হচ্ছে বিমান পরিষেবা। বিশ্ববাজারে জ্বালানি সংকটের কারণে উড়ানের ভাড়াও বেড়েছে অনেকটাই। এতে নিত্যদিন সমস্যায় পড়ছেন সাধারণ যাত্রী থেকে শুরু করে বহু সেলেব্রিটিও। এমন পরিস্থিতিতেই দুবাইয়ে আটকে পড়েছিলেন বলিউড অভিনেত্রী লারা দত্ত (Lara Dutta)। তাঁর সঙ্গে ছিলেন ১৪ বছরের মেয়ে সাইরা। অবশেষে ভারতে ফিরতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেললেন অভিনেত্রী।
কয়েক দিন আগেই যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্য থেকে একটি ভিডিও শেয়ার করে সেখানকার ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরেছিলেন লারা দত্ত। তিনি দেখিয়েছিলেন, ইজরায়েল-আমেরিকা ও ইরানের হামলার জেরে কীভাবে মুহুর্মুহু বোমাবর্ষণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেই ভিডিও প্রকাশের পরই উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি।
দুবাইয়ে কয়েক দিন আটকে থাকার পর অবশেষে নিরাপদে ভারতে ফিরেছেন লারা এবং তাঁর মেয়ে সাইরা। দেশে ফিরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রী জানান, যুদ্ধ শুরু হওয়ার সময় তিনি এবং তাঁর মেয়ে দুবাইয়েই ছিলেন। অন্যদিকে তাঁর স্বামী মহেশ ভূপতি কাজের সূত্রে ছিলেন লন্ডনে।
লারা মূলত মেয়ে সাইরার টেনিস প্রশিক্ষণের জন্য দুবাইয়ে গিয়েছিলেন। সেখানে একজন দক্ষ কোচের কাছে প্রশিক্ষণ নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে তাঁরা সমস্যায় পড়েন। তবে এই কঠিন সময়ে সংযুক্ত আরব আমিরশাহির প্রশাসন যেভাবে সকলের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছে, তার প্রশংসাও করেন অভিনেত্রী।
লারা জানান, তাঁরা তখন জেবেল আলি বন্দর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে ছিলেন। তাঁর কথায়, “আমরা জেবেল আলি বন্দর থেকে খুব কাছেই থাকছিলাম। আর সেখান থেকে খুব অল্প দূরেই বোমাবর্ষণ হচ্ছিল। তাই কিছুটা ঝুঁকি নিয়েই স্বামী ও পরিবারের কাছে ফেরার সিদ্ধান্ত নিই।”
এরপর সেই বিপজ্জনক এলাকা থেকে প্রায় দুই ঘণ্টা গাড়ি চালিয়ে তিনি পৌঁছন ফুজাইরাহ শহরে। কিন্তু সেখানেও পরিস্থিতি সহজ ছিল না। লারা জানান, তার আগের দিনই ফুজাইরাহ বন্দর এবং সেখানকার তেল শোধনাগারে বোমা হামলা হয়েছিল।
এই পরিস্থিতির মধ্যেই তাঁর খোঁজ নেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। লারা বলেন, “পরিস্থিতি এতটাই অদ্ভুত ছিল যে অক্ষয় ফোন করে খোঁজ নিলে আমি মজা করে বলেছিলাম, মনে হচ্ছে যেন আমি ‘এয়ারলিফট ২’ সিনেমায় অভিনয় করছি।” শেষ পর্যন্ত ফুজাইরাহ থেকে বিমানে চেপে নিরাপদে ভারতে ফিরেছেন লারা দত্ত এবং তাঁর মেয়ে সাইরা।