দিল্লি–দেরাদুন হাইওয়েতে দুর্ঘটনার পর আইসিইউতে ভর্তি ছিলেন ইউটিউবার অনুরাগ ডোভাল।

ফাইল চিত্র
শেষ আপডেট: 13 March 2026 11:58
দ্য ওয়াল ব্যুরো: ‘বিগ বস ১৭’-এর প্রাক্তন প্রতিযোগী এবং জনপ্রিয় ইউটিউবার অনুরাগ ডোভাল (Anurag Dobhal), যিনি ‘ইউকে০৭ রাইডার’ নামেই বেশি পরিচিত, সম্প্রতি এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার মুখে পড়েন। জানা গিয়েছে, দিল্লি–দেরাদুন হাইওয়েতে ইনস্টাগ্রাম লাইভ করার সময় তাঁর গাড়ির দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তবে এখন তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁর ম্যানেজার জানিয়েছেন, অনুরাগকে আইসিইউ থেকে বের করে আনা হয়েছে।
অনুরাগের ম্যানেজার রোহিত পান্ডে ইনস্টাগ্রাম স্টোরিতে ভক্তদের উদ্দেশ্যে একটি বার্তায় জানান, “অনুরাগ ভাই আইসিইউ থেকে বেরিয়ে এসেছেন। আমরা ২৪ ঘণ্টা তাঁর পাশে রয়েছি। সবাই তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করুন।”
দুর্ঘটনার কয়েকদিন আগেই অনুরাগ একটি ইউটিউব ভিডিও প্রকাশ করেছিলেন, যেখানে তিনি তাঁর পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন। সেই ভিডিও ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছিল।
এদিকে অনুরাগের স্ত্রী রিতিকা চৌহান সোশ্যাল মিডিয়ায় একাধিক আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। একটি লম্বা বার্তায় তিনি সোশ্যাল মিডিয়ার বাস্তবতা নিয়ে নিজের মতামত প্রকাশ করেন। তাঁর কথায়, “সোশ্যাল মিডিয়ায় আমরা যা দেখি, তা সবসময় সত্য নয়। এখানে কেউ কিছু পোস্ট করে, অন্যরা প্রতিক্রিয়া জানায়, আর বিষয়টি এক-দু’দিনের মধ্যেই অন্য দিকে চলে যায়।”
তিনি আরও লেখেন, “আসলে গুরুত্বপূর্ণ হলো সোশ্যাল মিডিয়ার বাইরে তুমি কীভাবে জীবনযাপন করছ। তুমি কী মূল্যবোধে বিশ্বাস করো এবং মানুষ কীভাবে আচরণ করে—এসবই একজন মানুষের প্রকৃত পরিচয় তৈরি করে। নিজের হৃদয়কে পবিত্র রাখো, ভাল কাজ করো, আর তোমার আচরণের মাধ্যমে মানুষকে তোমাকে চিনতে দাও।”
আরও একটি পোস্টে রিতিকা জীবনের অগ্রাধিকার নিয়ে লিখেছেন, “আমার কাছে অর্থ, খ্যাতি বা নিরাপদ জীবনযাপন, এসবই ক্ষণস্থায়ী। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধর্ম ও কর্ম। আমি পৃথিবীর স্বীকৃতির জন্য অপেক্ষা করি না; আমি নিজের আত্মা এবং মহাবিশ্বের উপর বিশ্বাস রাখি।”
এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার জন্য তিনি নিজের মায়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। হাসপাতাল থেকে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “বাড়ির সবকিছু সামলানো থেকে শুরু করে মন্দিরে আমাদের জন্য প্রার্থনা করা এবং এখন হাসপাতালে আমার পাশে থাকা, আপনি সবসময় নিঃস্বার্থভাবে আমাদের সমর্থন করেছেন।”
অন্যদিকে, অনুরাগের ভাই কালাম ইঙ্ক (আতুল ডোভাল) সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ভিডিও প্রকাশ করে নিজের অবস্থান তুলে ধরেছেন। তিনি দাবি করেছেন, অনুরাগের সমর্থকদের কাছ থেকে তাঁদের পরিবার মৃত্যুর হুমকিও পেয়েছে। কালাম ইঙ্ক বলেন, “যদি প্রমাণ হয় যে আমি মিথ্যা অভিযোগ করেছি বা তার সম্পত্তি থেকে একটুও নিয়েছি, তাহলে আমার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু দুর্ঘটনার পর সবাই সত্যের বদলে আমাদের ট্রোল করতেই ব্যস্ত।”
তাঁর অভিযোগ, অনুরাগ লাইভে বলেছিলেন যে যদি তাঁর কিছু হয়, তবে তার ভাই ও পরিবার দায়ী থাকবে। এর জেরেই তাঁদের বাড়ির বাইরে ভিড় জমেছিল এবং পরিবারের সদস্যদের হুমকির মুখে পড়তে হয়েছে।