বলিউডের আইটেম গানে নারীদের কীভাবে দেখানো হয়, তা নিয়ে ফের সরব শাবানা আজমি।

বলিউডের আইটেম গান
শেষ আপডেট: 13 March 2026 11:17
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ঝলমলে পর্দায় এখন প্রায় সব বড় ছবিতেই একটি করে ‘আইটেম নম্বর’ থাকে। দর্শকদের আকর্ষণ বাড়ানোর জন্যই এমন গান রাখা হয়। কিন্তু এই প্রবণতা নিয়ে কড়া সমালোচনা করেছেন প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি (Shabana Azmi)। তাঁর মতে, আইটেম গানের নামে আজকাল নারীদেহকে যেভাবে দেখানো হচ্ছে, তা খুবই দুর্ভাগ্যজনক।
শাবানা আজমি সরাসরি পরিচালকদের দিকেই অভিযোগ তুলেছেন। তাঁর কথায়, এই ধরনের গানের দৃশ্য শুট করার ক্যামেরা অনেক সময় অভিনেত্রীর শরীরের নির্দিষ্ট কিছু অংশের ওপরই বেশি ফোকাস করে। বিশেষ করে নাভি বা বুকের দিকে বারবার জুম করা হয়, যা অপ্রয়োজনীয়।
শাবানার মতে, এভাবে নারীদের দেখানো সমাজে ভুল বার্তা দেয়। বিনোদনের নামে নারীর শরীরকে শুধু প্রদর্শনের জিনিস হিসেবে তুলে ধরা হচ্ছে। তিনি আরও বলেন, অনেক সময় নারীরাও এই পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিকে মেনে নেন। অনেকেই ভাবেন, এভাবে নিজেকে তুলে ধরা মানেই ক্ষমতায়ন। কিন্তু বাস্তবে তা পুরুষের চাহিদাকেই গুরুত্ব দেয়।
শাবানা আজমির মতে, নিজের ইচ্ছেমতো পোশাক পরা বা নিজের ব্যক্তিত্ব প্রকাশ করা এক বিষয়। কিন্তু ক্যামেরার সামনে নিজেকে পণ্যের মতো তুলে ধরা সম্পূর্ণ আলাদা বিষয়।
শাবানার মতে, সিনেমা খুবই শক্তিশালী একটি মাধ্যম। তাই এখানে নারীদের মর্যাদা রক্ষা করা জরুরি। তিনি বলেন, গান বা নাচের বিরুদ্ধে তিনি নন। কিন্তু ক্যামেরা যেভাবে অনেক সময় অশালীনভাবে নারীদেহকে তুলে ধরে, তার তিনি তীব্র বিরোধী। তাঁর কথায়, নারী স্বাধীনতা মানে শরীর দেখানো নয়।
বলিউডের আইটেম গান নিয়ে শাবানা আজমি আগেও অনেকবার প্রশ্ন তুলেছেন। ‘ফেভিকল সে’ এবং ‘শীলা কি জওয়ানি’-র মতো জনপ্রিয় গানের উদাহরণ দিয়েও তিনি বলেছেন, গানের কথা বা দৃশ্য এমন হওয়া উচিত নয় যাতে নারীর আত্মসম্মান ক্ষুণ্ণ হয়। তাঁর মতে, বিনোদনের নামে নারীদের মর্যাদা কমিয়ে দেখানো কোনওভাবেই ঠিক নয়।