মাত্র ৯ বছর বয়সেই বাবাকে কঠিন প্রশ্ন! “আর কতদিন অভিনয় করবে বাবা?”— তৈমুরের এমন প্রশ্নে অবাক সইফ আলি খান। ছেলেকে কী উত্তর দিলেন?

তৈমুর আলি খান, সইফ আলি খান
শেষ আপডেট: 13 March 2026 11:05
দ্য ওয়াল ব্যুরো: মাত্র নয় বছর বয়সেই কথা বলার ভঙ্গি আর ভাবনা বড়দের মতোই। সইফ আলি খান (Saif Ali Khan) ও করিনা কাপুর খানের বড় ছেলে তৈমুর আলি খান (Taimur Ali Khan) জন্মের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সইফ জানিয়েছেন, তাঁর অভিনয় জীবন নিয়ে খুদে তৈমুর এমন এক প্রশ্ন করে বসেছে, যা শুনে তিনি নিজেও বেশ অবাক হয়েছিলেন।
সইফের কথায়, একদিন বাড়িতে আড্ডা দেওয়ার সময় হঠাৎই তৈমুর তাঁকে জিজ্ঞেস করে বসে, “বাবা, তুমি আর কতদিন অভিনেতা হিসেবে কাজ করবে?” মাত্র নয় বছরের ছেলের মুখে এমন প্রশ্ন শুনে প্রথমে কিছুটা থমকে গিয়েছিলেন সইফ। পরে তিনি বুঝতে পারেন, তৈমুর এখন ধীরে ধীরে কাজটা বোঝার চেষ্টা করছে। সইফের মতে, “ও হয়তো এখন বুঝতে শিখছে যে কাজ মানে বাড়ির বাইরেই বেশিরভাগ সময়টা দেওয়া। তাই হয়তো ভাবছিল, আমি আর কতদিন এই পেশার সঙ্গে যুক্ত থাকব।”
ছেলের প্রশ্নের উত্তরে সইফ অবশ্য তাকে নিরাশ করেননি। বরং মজা করেই, আবার খানিকটা সিরিয়াসভাবেই তিনি তৈমুরকে নিজের অনুভূতির কথা বোঝান। সইফ বলেন, “আমি ওকে বুঝিয়েছি যে অভিনয় আমার কাছে শুধু পেশা নয়, নেশাও। যতদিন আমি এই কাজ করে আনন্দ পাব এবং দর্শক আমাকে দেখতে চাইবেন, ততদিন আমি ক্যামেরার সামনে কাজ করে যাব।”
সইফ আরও জানান, এই মুহূর্তে তৈমুরের জীবন মূলত পড়াশোনা এবং ফুটবলকে ঘিরেই। তবে বাবার কাজ নিয়ে ছেলের এই কৌতূহল তাঁকে বেশ আনন্দ দিয়েছে। বলিপাড়ার অনেকেই মজা করে বলছেন, ভবিষ্যতে তৈমুরও কি বাবার মতো সিনেমা জগতের প্রতি আগ্রহী হবে? সেই উত্তর অবশ্য সময়ই দেবে।
সইফ আলি খান ও করিনা কাপুর খানের প্রেমের সূত্রপাত ২০০৮ সালে ‘টশন’ ছবির শুটিং চলাকালীন। যদিও এর আগে তাঁরা ‘এলওসি কার্গিল’ এবং ‘ওমকারা’ ছবিতেও একসঙ্গে কাজ করেছিলেন। তবে লাদাখের মনোরম পরিবেশেই তাঁদের বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। করিনা একবার জানিয়েছিলেন, সইফ তাঁকে দু’বার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এবং দ্বিতীয়বার তিনি ‘হ্যাঁ’ বলেন।
দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের পর ২০১২ সালের ১৬ অক্টোবর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কোনও জাঁকজমকপূর্ণ মিডিয়া আয়োজন নয়, বরং অত্যন্ত ব্যক্তিগতভাবে সইফের বান্দ্রার বাসভবনে আইনি বিয়ে করেন দু’জনে। পরে তাজমহল প্যালেসে একটি রাজকীয় রিসেপশন আয়োজিত হয়। সইফের সঙ্গে অমৃতা সিংয়ের বিচ্ছেদের পর এই বিয়ে নিয়ে অনেক আলোচনা হলেও, আজ তাঁরা বলিউডের অন্যতম পাওয়ার কাপল হিসেবে পরিচিত।
বিয়ের চার বছর পর, ২০১৬ সালের ২০ ডিসেম্বর জন্ম হয় তাঁদের প্রথম সন্তান তৈমুর আলি খানের। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁর জন্মের খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। জন্মের পর থেকেই তৈমুর হয়ে ওঠে ভারতের অন্যতম জনপ্রিয় স্টার কিড।