মহাকুম্ভে ভাইরাল হওয়া মোনালিসা ভোঁসলে জানান, পরিবার তাঁর মাসির ছেলের সঙ্গে জোর করে বিয়ে দিতে চাইছিল। শেষ পর্যন্ত প্রেমিক ফরমান খানকে বিয়ে করেন তিনি।

ফাইল চিত্র
শেষ আপডেট: 13 March 2026 10:39
দ্য ওয়াল ব্যুরো: মহাকুম্ভে রুদ্রাক্ষ বিক্রি করতে গিয়ে ভাইরাল (Kumbh Viral Girl) হয়ে ওঠা মনালিসা ভোঁসলে (Monalisa Bhosle) এবার আবারও খবরের শিরোনামে। এক মুসলিম যুবক ফরমান খানকে বিয়ে করার পর তাঁদের সম্পর্ক ঘিরে নানা বিতর্ক শুরু হয়েছে। সেই পরিস্থিতিতেই সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে নিজেদের সম্পর্ক এবং বিয়ে নিয়ে খোলাখুলি কথা বললেন মনালিসা ও ফরমান।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মনালিসা জানান, ফরমান প্রথমে তাঁকে বিয়ে করতে চাননি। কিন্তু শেষ পর্যন্ত তিনিই জোর করে এই বিয়ে করিয়েছেন। তাঁর কথায়, “আমাদের বিয়ে হিন্দু রীতিনীতি মেনেই হয়েছে। ফরমান প্রথমে রাজি ছিল না, আমিই ওকে জোর করে বিয়ে করেছি।”
মনালিসা আরও জানান, তাঁর পরিবার অন্য একজনের সঙ্গে তাঁর বিয়ে দিতে চেয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত তিনি মেনে নিতে পারেননি। তিনি বলেন, “আমার বাবা-মা আমাকে অন্য একজনকে বিয়ে করতে বাধ্য করতে চেয়েছিলেন। কিন্তু আমি সেই ছেলেটিকে পছন্দ করতাম না। সে আমার কাকার ছেলে ছিল। আমি যদি তাকে বিয়ে করতাম, তাহলে সে আমার কাছে ভাইয়ের মতোই লাগত। তাই আমি ঠিক করি আমি ফরমানকেই বিয়ে করব।”
বিয়ের সময় তাঁর বাবা তাঁর সঙ্গে এসেছিলেন বলেও জানান মনালিসা। তবে তিনি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। মনালিসার কথায়, “আমার বাবা আমার সঙ্গে এসেছিলেন এবং তিনি বিয়ের ব্যাপারটা জানেন। তবে এখনও তিনি রেগে আছেন। গতকাল আমাদের দেখা হয়েছিল।”
এদিকে তাঁদের বিয়ে নিয়ে ‘লাভ জিহাদ’ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা একেবারেই উড়িয়ে দিয়েছেন ফরমান খান। তাঁর বক্তব্য, “সবাই লাভ জিহাদ বলছে, কিন্তু বিষয়টা সেরকম নয়। আমরা শিল্পী, আমাদের কাছে সব ধর্মই সমান।”
মনালিসাও একই সুরে বলেন, তিনি মনে করেন সব ধর্মই এক। তার জবাবে ফরমান বলেন, “মনালিসা একজন হিন্দু, আর আমি এখনও একজন মুসলিম। আমরা কেউই ধর্ম পরিবর্তন করিনি। আমাদের মধ্যে কেউ ধর্মান্তরিত হয়নি।”
ফরমান আরও জানান, তিনি বর্তমানে মালায়ালাম চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এবং কিছুটা হিন্দি ও তামিল ভাষাতেও কাজ করেন। খুব শিগগিরই তাঁর একটি নতুন মালায়ালাম ছবি মুক্তি পেতে চলেছে বলেও জানান তিনি।
ফরমান বলেন, “আমি হিন্দু রীতিনীতি মেনে বিয়ে করেছি। কারণ আমি মনালিসাকে ভালোবাসি এবং ওর সুখ চাই। প্রেম করার জন্য আমাকে হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে না, বা মনালিসাকেও ইসলাম গ্রহণ করতে হবে না।”
সাংবাদিকদের সামনে ফরমান মনালিসার আধার কার্ডও দেখান এবং বলেন, তিনি একজন প্রাপ্তবয়স্ক। পাশাপাশি তিনি জানান, সরকার এবং পুলিশ তাঁদের যথেষ্ট সাহায্য করেছে। নথিপত্রেও তাঁর নাম এখনও মনালিসাই রয়েছে।