‘কল্কি ২’ ঘিরে নতুন চর্চা। এক দিনের শুটিংয়ের জন্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন কমল হাসান?

‘কল্কি ২’র শুটিংয়ে অমিতাভ বচ্চন, কমল হাসান
শেষ আপডেট: 10 March 2026 23:45
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের বহু তারকাই এখন ক্রমশ দক্ষিণী সিনেমার দিকে ঝুঁকছেন। এর অন্যতম কারণ, বক্স অফিসের নিরিখে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তুলনায় দক্ষিণী ছবির বাজার এখন অনেকটাই শক্তিশালী। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক শোবিজেও মেগাবাজেট দক্ষিণী সিনেমার চাহিদা দ্রুত বেড়েছে। সেই সঙ্গে দুই ইন্ডাস্ট্রির তারকাদের পারিশ্রমিকের ফারাকও ক্রমশ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে।
সেই প্রেক্ষিতেই নতুন করে চর্চায় উঠে এসেছে কমল হাসান এবং অমিতাভ বচ্চন-কে ঘিরে একটি খবর। শোনা যাচ্ছে, ‘কল্কি’ ফ্র্যাঞ্চাইজির সিক্যুয়েলের জন্য পারিশ্রমিকের অঙ্কে নাকি ‘সিনিয়র’ অমিতাভকেও অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন কমল হাসান (Kamal Haasan)।
গত প্রায় এক বছর ধরেই ‘কল্কি ২’ ঘিরে বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির মধ্যে এক ধরনের টানাপোড়েনের কথা শোনা গিয়েছে। ছবির কাস্টিং নিয়ে কম বিতর্ক হয়নি। কখনও দক্ষিণী নির্মাতাদের তরফে দীপিকা পাড়ুকোন-এর বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ উঠেছে, আবার কখনও প্রিয়াঙ্কা চোপড়া-র অভিনয়ের প্রস্তাব নাকচ করার গুঞ্জনও শিরোনামে এসেছে।
সব বিতর্কের মাঝেই অবশেষে ফেব্রুয়ারি মাসের শেষদিকে হায়দরাবাদে সিক্যুয়েলের শুটিং শুরু করেছেন পরিচালক নাগ অশ্বীন। সেট থেকে ছবি শেয়ার করে সেই খবর নিজেই জানান অমিতাভ বচ্চন। উল্লেখযোগ্য বিষয় হল, এই ছবির সুবাদেই প্রায় চার দশক পরে শুটিংয়ে মুখোমুখি হয়েছেন অমিতাভ বচ্চন ও কমল হাসান। ফলে বলিউড এবং দক্ষিণী সিনেমার এই দুই কিংবদন্তিকে একসঙ্গে পর্দায় দেখার জন্য দর্শকদের কৌতূহল স্বাভাবিকভাবেই তুঙ্গে।
স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ছবির তারকাদের পারিশ্রমিকও। জানা গিয়েছে, ‘সুপ্রিম ইয়াসকিন’-এর চরিত্রে অভিনয়ের জন্য কমল হাসান নাকি রেকর্ড অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন।
এই তথ্য সামনে এনেছেন দক্ষিণী পরিচালক-অভিনেতা যুগী সেতু। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন,
“কমল হাসান স্যার আমাদের কাছে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি। ২০২৪ সালে ‘কল্কি ২৮৯৮ এডি’-তে মাত্র ১০ দিনের শুটিংয়ের জন্য তিনি প্রায় দেড়শো কোটি টাকা নিয়েছিলেন। সেই কারণেই ওঁর জন্মদিনে মজা করে বলেছিলাম—ভারতের সবথেকে ধনী অভিনেতা কমল হাসান। যিনি এক দিনের শুটিংয়ের জন্য ১ মিলিয়ন ডলার পারিশ্রমিক নেন।”
যুগী সেতুর সঙ্গে কমল হাসানের বন্ধুত্ব প্রায় দু’দশকের। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই নতুন করে জল্পনা শুরু হয়েছে। কারণ ‘কল্কি ২৮৯৮ এডি’-র প্রথম ভাগে মাত্র কয়েক মিনিটের উপস্থিতির জন্য যদি কমল হাসান ১৫০ কোটি টাকা নিয়ে থাকেন, তাহলে সিক্যুয়েল ‘কল্কি ২’-তে তাঁর পারিশ্রমিক স্বাভাবিকভাবেই আরও বেশি হতে পারে বলেই মনে করা হচ্ছে।
পরিচালক নাগ অশ্বীনের পরিকল্পনা অনুযায়ী, গল্পের পটভূমি তৈরি হয়েছে কুরুক্ষেত্র যুদ্ধের প্রায় ছয় হাজার বছর পর। সেখানে দেখা যাবে, সুপ্রিম ইয়াসকিনের ষড়যন্ত্র থেকে কীভাবে কল্কিকে রক্ষা করবেন অশ্বত্থামা—যার ভূমিকায় রয়েছেন অমিতাভ বচ্চন। মূলত সেই সংঘাতই ‘কল্কি ২’-এর কেন্দ্রে থাকবে।
বিনোদন জগতের অন্দরে এখন কানাঘুষো, সিক্যুয়েলে এক দিনের শুটিংয়ের জন্য নাকি প্রায় ১৮ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন কমল হাসান। তুলনায় অমিতাভ বচ্চনের পারিশ্রমিক অনেকটাই কম বলে শোনা যাচ্ছে, যদিও সেই অঙ্ক এখনও প্রকাশ্যে আসেনি।
যদি সত্যিই এমন গগনচুম্বী পারিশ্রমিক নিয়ে থাকেন কমল হাসান, তবে ভারতীয় সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের তালিকায় নতুন রেকর্ড গড়তে পারেন তিনি।