জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে একটি অনুষ্ঠান শেষ করে নিজের গাড়িতে বাড়ি ফিরছিলেন শ্রীজাত। সেই সময় সাঁতরাগাছি এলাকায় পিছন দিক থেকে একটি দ্রুতগামী গাড়ি এসে তাঁর গাড়িতে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জোর এতটাই ছিল যে কবির গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়।

শেষ আপডেট: 10 March 2026 19:36
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার বিকেলে পথ দুর্ঘটনায় আহত জনপ্রিয় কবি, গীতিকার শ্রীজাত (Srijato Bandyopadhyay)। একটি শো সেরে বাড়ি ফেরার পথে হাওড়ার সাঁতরাগাছি (Santragachi) এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। খবর ছড়িয়ে পড়তেই তাঁর অনুরাগী ও সাহিত্য মহলে উদ্বেগের সৃষ্টি হয়। সূত্রের খবর, ধর্না মঞ্চ থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে খোঁজ নিয়েছেন শ্রীজাতর শারীরিক অবস্থার।
জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে একটি অনুষ্ঠান শেষ করে নিজের গাড়িতে বাড়ি ফিরছিলেন শ্রীজাত। সেই সময় সাঁতরাগাছি এলাকায় পিছন দিক থেকে একটি দ্রুতগামী গাড়ি এসে তাঁর গাড়িতে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জোর এতটাই ছিল যে, কবির গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। আকস্মিক সেই ধাক্কায় পেশিতে চোট পান তিনি। দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর আপাতত তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এই ঘটনার পর রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা যায়। এদিন ধর্না মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, শ্রীজাতের গাড়ির দুর্ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের দ্রুত গ্রেফতার করা হবে।
দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। পরে জানা যায়, তিনি আপাতত বিপন্মুক্ত। সংবাদমাধ্যমকে শ্রীজাতের স্ত্রী দূর্বা বন্দ্যোপাধ্যায় (Durba Bandyopadhyay) জানান, দুর্ঘটনার ফলে তাঁর পেশিতে আঘাত লেগেছে এবং চিকিৎসা চলছে। চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন। তবে অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলেই জানিয়েছেন পরিবারের সদস্যরা। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।